মানসিক চাপে চোখ পিটপিট
চোখের পাতা বারবার পিটপিট করা কোনো রোগের লক্ষণ নাও হতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে উদ্বেগ, দুশ্চিন্তা, ক্লান্তি, নির্ঘুমতা বা মানসিক চাপ এ জন্য দায়ী।
চোখের পাতার পেশি, বিশেষ করে ওপরের পাতার পেশির ইচ্ছের বিরুদ্ধে সংকুচিত হওয়ার কারণেই এমনটা ঘটে। উদ্বেগ ও মানসিক চাপ ছাড়াও অ্যালকোহল, ক্যাফেইন, ধূমপান অনেক সময় এ জন্য দায়ী। কিছু ওষুধ যেমন মানসিক রোগের ও খিঁচুনির ওষুধের প্রতিক্রিয়ায়ও এমন হয়। চোখের পাতায় ও কনজাংটিভায় প্রদাহ, শুষ্ক চোখ বা আলোক সংবেদনশীলতায় চোখের পাতা পিটপিট করে। এসব কারণ বেশির ভাগই সাময়িক এবং এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে কোনো কোনো ব্যক্তির প্রায়ই বা সর্বদাই এই সমস্যা হয়। এই সংখ্যা প্রতি ৫০ হাজারে একজনের এবং দেখা যায়, নারীরাই বেশি আক্রান্ত হন। একে বলা হয় বিনাইন এসেনশিয়াল ব্লেফারোস্পাজম। বিজ্ঞানীরা বলছেন, জিনগত ও পরিবেশগত কারণে এ সমস্যা হয়। মানসিক চাপ ও উদ্বেগ অনেকটাই ভূমিকা রাখে এতে। এ জন্য তেমন কোনো চিকিৎসা নেই। তবে মানসিক চাপ কমাতে চিকিৎসকের সাহায্য নেওয়া যায়। খুবই সীমিত কিছু ক্ষেত্রে স্নায়ু বা মস্তিষ্কের কোনো সমস্যা যেমন বেলস পালসি, পারকিনসনস ডিজিজ বা ডিসটোনিয়া ইত্যাদি রোগে চোখের পাতার পেশিতে সমস্যা হয়। সূত্র: ওয়েবমেড|