মানসিক নির্যাতনে শিশুর ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানসিক নির্যাতনের ফলে শিশুরা বিষন্নতায় ভোগে
মানসিক নির্যাতনের ফলে শিশুরা বিষন্নতায় ভোগে

মিশকাত আক্তার সপ্তম শ্রেণীতে পড়ে। কিন্তু বীজগণিত একটুও বুঝতে পারে না। তাই শিক্ষক প্রায়ই ওকে অপমান করে। অভিযোগের সুরে মিশকাত বলে, ‘শিক্ষক প্রায়ই বলেন তুমি এত গাধা কেন? দেখো তো, তোমার বন্ধুরা তো ঠিকই পারে।’ তারপর মিশকাত ওর এক দিনের অভিজ্ঞতা বলে। ও নতুন অঙ্কের নিয়ম শিখতে পারছিল না। কিন্তু অনেকেই করেছে অঙ্কটা। অঙ্কের শিক্ষক মিশকাতকে ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড় করিয়ে যে মেয়েটি অঙ্ক পেরেছে তাকে ডেকে এনে মিশকাতের কান ধরতে বলেন। মেয়েটি ধরেছিল। তখন শ্রেণীকক্ষের সবাই হাসতে শুরু করেছিল। মিশকাত কেঁদেছিল খুব। পরদিন ওর খুব জ্বর হয়। এর পর থেকে নিয়মিত ক্লাসে গেলেও কারও সঙ্গে তেমন একটা কথা বলে না। আর অঙ্কের শিক্ষককেও খুব ভয় পায়। যদি আবার কোনো শাস্তি দেন!
রাজধানীর ধানমন্ডি বয়েজ স্কুলে পড়ে সৌরভ। নবম শ্রেণীতে। তবে নবম শ্রেণীতে উত্তীর্ণ হতে ওর বেশ বেগ পেতে হয়েছে। এই নিয়ে এখনো বাবা-মা ওকে বকাঝকা করেন। ওর সঙ্গে কথা হচ্ছিল ওর স্কুলের গেটে। বেশ বিরক্তি নিয়ে বলে, ‘আসলে এবার আমি তেমন পড়ালেখা করিনি। তাই ভালো রেজাল্টও করিনি। কিন্তু বাবা-মা এখন সব সময় আমাকে পড়ার জন্য বকা দেন। আর আমার সহপাঠী যারা অনেক ভালো রেজাল্ট করেছে, তাদের দেখিয়ে বলেন, “ওর মতো হতে পারো না?” আমি চেষ্টা করি ওদের মতো হতে। কিন্তু পারছি না।’
মৃদুলার (১২) আজিমপুর গার্লস স্কুলে পড়ে। ও এমনিতে পড়ালেখায় খুব ভালো। ও কারও সঙ্গে মেশে না। সারাক্ষণ চুপচাপ থাকে। বান্ধবীরা ভাবে, ও অহংকারী। কিন্তু মৃদুলা বলে, ‘আমি আসলে অহংকারী না। আসলে আমার মন সব সময় খুব খারাপ থাকে। কিছুই ভালো লাগে না। বাবা-মা সারা দিন ঝগড়া করে। আর এত চিৎকার করে ঝগড়া করে, আমার মনে হয় প্রতিবেশীরা সবাই ঝগড়াগুলো শোনে। বিকেলে ছাদে ঘুরতে গেলে পাশের বাড়ির আন্টি আমাকে জিজ্ঞেস করেন, “তোমার বাবা-মা কী নিয়ে ঝগড়া করেছে?” এ জন্য এখন আর কোথাও যাই না।’
মিশকাত, সৌরভ ও মৃদুলা। তিনজনই শিশু। সবাই শারীরিকভাবে সুস্থ। কিন্তু তারা ভিন্ন ভিন্ন কারণে মানসিক কষ্টে ভুগছে। শিকার হচ্ছে মানসিক নির্যাতনের। এ রকম মানসিক নির্যাতনের ফলেই অনেক শিশু হারিয়ে ফেলে তাদের সুন্দর শৈশব। পরবর্তী সময়ে পরিণত হয় মানসিক রোগীতে।
ম্যাস লাইন মিডিয়া সেন্টারের একটি প্রতিবেদনে দেখা যায় গত বছর মানসিক নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছে ১৭৮ শিশু।
দেখা যায়, শারীরিক নির্যাতনের ফলে শিশুদের যেমন বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা হতে পারে, মানসিক নির্যাতনের ফলেও এই সমস্যাগুলো হতে পারে।
মানসিক নির্যাতনের ফলে শিশুদের স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি মানসিক রোগ দেখা দিতে পারে, এমনটাই বললেন

মনোরোগ বিশেষজ্ঞ এস এম আতিকুর রহমান। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগে কর্মরত। তিনি বলেন, ‘শিশুদের ক্ষেত্রে তিন ধরনের নির্যাতন লক্ষ করা যায়। শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন। মানসিক নির্যাতনের পর্যায়ে পড়ে কোনো শিশুকে কটাক্ষ করা, অন্য শিশুদের সঙ্গে তুলনা করা, শিশুটির ইতিবাচক বিষয়কে তাচ্ছিল্য করা, প্রশংসার বদলে নেতিবাচক বিষয়কে সবার সামনে প্রকাশ করা ইত্যাদি। আর এই আচরণগুলোর কারণে শিশুরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। বিষণ্নতায় ভোগে। পরবর্তী সময়ে এই শিশুদের ডিপ্রেসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার ও অ্যাংজাইটিং প্রন পার্সোনালিটি হতে পারে। এই মানসিক রোগ হলে তারা সব সময় নেতিবাচক চিন্তা করে। ভীতু হয়। আবার কখনো কখনো এরা বর্ডারলাইন পার্সোনাল ডিসঅর্ডারে ভোগে।’
দেখা যাচ্ছে, মানসিক নির্যাতনের ফলে শিশুটির ভবিষ্যৎ জীবনও ক্ষতিগ্রস্ত হয়। তাই শিশুদের ভবিষ্যৎ জীবন সুন্দর করতে হলে, তাদের মানসিক জীবনকে সুন্দর করা জরুরি।