মানসিক হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

২১ ডিসেম্বর ২০১২। সেদিন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বন্ধু জিসান ও নয়নের ভর্তি পরীক্ষা ছিল। আমিও ওদের সঙ্গে গিয়েছিলাম। উদ্দেশ্য ছিল প্রধানত পাবনা মানসিক হাসপাতাল ঘুরে দেখা।
পরীক্ষা শেষে আমরা হেমায়েতপুরে গেলাম। হাসপাতালের বাইরে বাঁ দিকে একটি ভবন আমাদের চোখে পড়ল। পরে জানতে পারলাম, এখানে অপেক্ষাকৃত সুস্থ মানসিক রোগীরা থাকেন। ভর্তি পরীক্ষা শেষে অনেক শিক্ষার্থী সেদিন হেমায়েতপুরে গিয়েছিল। তাই ভিড়টাও ছিল চোখে পড়ার মতো।
আমি সেই ভবনের পাশে গিয়ে দাঁড়ালাম। জানালার পাশে একজন মানসিক রোগী এসে দাঁড়িয়ে বললেন, ‘ভাই, দুইটা টাকা দেবেন?’ আমি বললাম, ‘কী করবেন টাকা দিয়ে?’ উত্তরে তিনি বললেন, ‘ঝালমুড়ি খাব।’ আমি বললাম, ‘মন খারাপ করে আছেন কেন? হাসেন। তাহলে দেব।’ তিনি হাসতে শুরু করলেন। হাসি আর থামেই না। যেন হৃদয়ে তাঁর অজস্র হাসি জমা ছিল। আজ হাসির সুযোগ পেয়েছেন। এ সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। আমি তাঁকে টাকা দিলাম। তাঁর হাসি অবশেষে থামল।
তিনি এবার বললেন, ‘আমাদের মধ্যে একজন শিল্পী আছে। ভালো গান গায়। শুনবেন?’ আমি বললাম, ‘কই, ডেকে নিয়ে আসেন।’ সত্যি একজন শিল্পী এল গিটার হাতে নিয়ে। তাঁর নাম বাবু। বহু বছর ধরে পাবনা মানসিক হাসপাতালে আছেন। পাবনার তারিক ভাইও ছিলেন আমাদের সঙ্গে। তিনি বললেন, ‘বাবু ভাই একমাত্র রোগী, যিনি হাসপাতালের বাইরেও ঘুরতে যেতে পারেন।’ লোকটি সম্বন্ধে আমার কৌতূহল বাড়ল। আমি আরও কিছু জানতে চাইলাম। তখনই লক্ষ করলাম, বাবু ভাই চমৎকার ইংরেজি বলছেন। আমিও তাঁকে ইংরেজিতে কিছু প্রশ্ন করলাম। তিনি উত্তর দিলেন। জানালেন, তিনি ‘ফ্রেঞ্চ লিটারেচার’ নিয়ে কানাডায় পড়াশোনা করেছেন। বাবা একজন সচিব। আমরা তাঁকে একটি গান গাওয়ার জন্য খুব অনুরোধ করলাম। তিনি অনেক টাকা দাবি করে বসলেন। তাই বাবু ভাইয়ের গান আর শোনা হলো না। এ রকম সুস্থ হয়েও তিনি বাড়ি কেন যাচ্ছেন না, তা আর জানা হয়নি।
সায়েক আহমেদ
ইংরেজি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।