মানহীন পণ্য অবাধে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপণিবিতান (নিউমার্কেট) এলাকার একটি হোটেলে গত মঙ্গলবার তিন বন্ধু শাহেদ, হাসান ও মিন্টু নাশতা খাচ্ছিলেন। এ সময় গ্লাসের পানিতে ময়লা দেখে তাঁরা নালিশ জানালেন হোটেলের ব্যবস্থাপকের কাছে। তিনি কোনো সন্তোষজনক জবাব না দিয়ে বললেন, ‘ফিল্টারের পানি এ রকম তো হওয়ার কথা নয়।’ তিন বন্ধুর একজন শাহেদ এ প্রতিবেদককে জানালেন, ‘ফিল্টারের পানির নামে এ রকম কথিত বিশুদ্ধ পানি ইদানীং নগরের বেশির ভাগ হোটেল-রেস্তোরাঁয় গেলানো হচ্ছে আমাদের।’শুধু পানি নয়, বিভিন্ন প্যাকেটজাত খাবার, মিষ্টি, মৌসুমি ফল, বোতলজাত ফলের রস এবং শক্তিবর্ধক পানীয়সহ হোম মেইড (ঘরে তৈরি) খাদ্যদ্রব্যের নামে মানহীন ভেজাল পণ্য বিক্রি হচ্ছে নগরের বিভিন্ন দোকানপাটে। এ ব্যাপারে মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআইয়ের (বাংলাদেশ স্ট্যান্ডার্স অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ক্রেতারা।অভিযোগ রয়েছে, কোনো রকম পরিশোধন ছাড়াই ফিল্টারের পানির নামে প্লাস্টিক জারে ওয়াসা কিংবা পুকুর-দিঘির পানি ভর্তি করে সরবরাহ করা হচ্ছে। ফলে এগুলোতে নানা ধরনের জীবাণু থেকে যায়—যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।নগরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ঘুরে দেখা গেছে, পদ্মা, যমুনা, ডিমান্ড ইত্যাদি নামে প্লাস্টিক জার ভর্তি পানি পান করানো হচ্ছে। এগুলোর গায়ে বিএসটিআইয়ের কোনো সিল বা ঠিকানা নেই। এদের ঠিকানা বা ফোন নম্বর জানাতে পারেননি হোটেলের লোকজনও। তাঁরা বলেন, ‘আমাদের এখানে লোক এসে পানি দিয়ে যায়।’নাম প্রকাশ না করে বিএসটিআইয়ের একটি সূত্র জানায়, এ ধরনের প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে কিছু শর্ত আছে। অনেকে শর্তপূরণ কিংবা বিএসটিআইয়ের অনুমোদনের তোয়াক্কা না করেই পানির ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তবে লিখিত কোনো অভিযোগ তাঁদের কাছে নেই।অনুসন্ধানে জানা গেছে, বাজারে নানান নামে এনার্জি ড্রিংক বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে অভিজাত পরিবারের তরুণ-তরুণী সবাই এগুলো পছন্দ করে। এসবের সঙ্গে যুক্ত হয়েছে প্রাপ্ত বয়স্কদের জন্য জাগো হর্স, ফিলিংস, ডবল হর্স, সিঙ্গেল হর্স, জিনসিং ইত্যাদি নামের হারবাল সিরাপ।হালিশহর এলাকার একজন দোকানি নাম প্রকাশ না করে বলেন, ‘প্লাস্টিক বোতলের এসব পানীয়ের গুণাগুণ সম্পর্কে জানি না। তবে শুনেছি, এগুলো খেলে নাকি শক্তি বাড়ে। আমার দোকানে প্রতিদিন সাত-আট বোতল করে বিক্রি হচ্ছে।’এদিকে শিঙাড়া, সমুচা, নারকেলের নাড়ু ও চিড়া, কেক, চিকেন রোল, পাউরুটি ইত্যাদি ঘরে তৈরি (হোম মেইড) খাদ্যপণ্য বিক্রি হচ্ছে নগরের ছোটখাটো খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন অভিজাত সুপার শপে।গত মঙ্গলবার আগ্রাবাদের একটি দোকানে গিয়ে দেখা যায়, এ রকম হোম মেইড পাউরুটি নিয়ে অভিযোগ জানাতে আসেন আসিফ হোসেন নামের এক ক্রেতা। তিনি বলেন, ‘পাউরুটিটি বাসায় নিয়ে দেখি, এ থেকে এক ধরনের উৎকট গন্ধ বেরোচ্ছে।’ তিনি ক্ষোভের সঙ্গে প্রশ্ন করেন, ‘বিএসটিআইয়ের লোকজন কি এসবের খোঁজ নিয়ে ব্যবস্থা নিতে পারেন না?’ দোকানি জানান, অনেকে ঘরে তৈরি জিনিস দিয়ে যান। কোনোটা খারাপ পড়লে মালিককে বললে ফেরত নেওয়া হয়। তবে সংশ্লিষ্ট সরবরাহকারী সম্পর্কে কোনো তথ্য দিতে চাননি তিনি।ঘরে তৈরি খাবারের মান সম্পর্কে মাহি হোম মেইড ফুডের মালিক তাহমিনা রহমান বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন শপিং মলে খাবার সরবরাহ করে আসছি। এগুলোর মান বজায় রাখার ব্যাপারে আমরা যথেষ্ট আন্তরিক।’ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে এমনকি শৌচাগারের পাশেও কারখানা বসিয়ে তৈরি করা হয় বিভিন্ন মিষ্টিজাত খাবার। গত সোমবার সিটি করপোরেশনের এক অভিযানে নগরের রিয়াজ উদ্দিন বাজার ও তিনপুলের মাথা এলাকার চারটি মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং বিষাক্ত কেমিক্যাল ব্যবহারের অভিযোগে জরিমানা করা হয়। দোকানগুলো হচ্ছে—খাজা সুইটমিট, কল্যাণ সুইটমিট, ঘোষ সুইট ও জাব্বার সুইটমিট। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ গোফরানুল হক জানান, ভেজাল বা রাসায়নিক দ্রব্য মেশানো মিষ্টি, ফল কিংবা পানীয় পান করলে নানা রকম পেটের পীড়ার আশঙ্কা থাকে। রাসায়নিক দ্রব্য মেশানো ফল স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এগুলো খেলে লিভারের কার্যক্ষমতা নষ্টসহ হূদেরাগ ও ক্যানসারের মতো জটিল রোগ সৃষ্টি করে। বাজারে মানহীন পণ্য বিক্রির অভিযোগ সম্পর্কে বিএসটিআই চট্টগ্রামের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত বিভিন্ন পণ্যের মান নিয়ন্ত্রণের বিষয়টি তদারক করে। কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।’ সূত্র জানায়, বিএসটিআই পেপসি, কোকাকোলা, মেরিন্ডাসহ বিভিন্ন কার্বোনেট পানীয়ের মান নিয়ন্ত্রণ করে থাকলেও নন-কার্বোনেট পানীয়, আয়ুর্বেদিক এবং হোম মেইড পণ্যের কোনো মান নিয়ন্ত্রণের দায়িত্বে নেই।সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. আবদুর রহমান বাজারে খারাপ মানের খাবার বিক্রির কথা স্বীকার করে বলেন, ‘বিএসটিআইয়ের সঙ্গে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন পণ্যের মান নিয়ন্ত্রণের লক্ষ্যে অভিযান পরিচালনা করেন। আমরা সিটি করপোরেশনের উদ্যোগে সপ্তাহে এক দিন ভেজালবিরোধী অভিযান পরিচালনা করি।’