
বরফ দেখব। মে মাসের ৪০ ছঁুই-ছুই ঢাকার উত্তাপে মানালির তৃষ্ণাটা জেঁকে বসছিল আরও। দিনক্ষণ চূড়ান্ত। ইন্টারনেটে ঘাটাঘাটি করে একটু মন খারাপ হয়ে গেল। ওখানেও এখন ‘সামার’ চলছে। সামার তো! সঙ্গে নিলাম গরমের হালকা কাপড়চোপড়। ভুলের শুরু সেখানেই। মানালি পেঁৗছাতে পৌঁছাতে তাপমাত্রা শূন্যের কাছাকাছি। সঙ্গে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে আরও বেড়ে গেল শীতের তীব্রতা। এই হলো কুল্লু-মানালির সামারের নমুনা! তবে পরক্ষণেই শীতের এই সুতীব্র অত্যাচারের মধ্যেও মনের উত্তাপ বেড়ে গেল কাছের পাহাড়ের গায়ে বরফের চাদর দেখে। পরদিন ঠান্ডার সেই প্রতাপ এক্কেবারে উবে গেল তুষারের কোমলতায় আমাদের উচ্ছ্বাসের গড়াগড়িতে। এ যেন বরফের শুভ্রতার এক অদ্ভুত ছলাকলা। দুপাশে পাইন আর দেবদারুর মিছিলে সবুজের কোলাহল, দূরে হিমালয়ের হাতছানি। সূর্যের আলতো আদরে ঘুম ভাঙে সেই অনিন্দ্য শুভ্রতার। বরফ-ঠান্ডার এই বাড়াবাড়ি মুগ্ধতাই ভারতের হিমাচল প্রদেশের শৈল শহর মানালির প্রধানতম আকর্ষণ। সঙ্গে পাথুরে নদী, গরম পানির ঝরনা, শত বছরের পুরোনো মন্দির, পাহাড়ের সবুজ আর সিমলা-মানালির পাহাড়ি পথের দারুণ সৌন্দর্য।
দিল্লি থেকে ট্রেনে কালকা। হরিয়ানা রাজ্যের এই ছোট্ট শহরে যাওয়ার উদ্দেশে সেখান থেকে শত বছরের পুরোনো ট্রয় ট্রেনে চড়ে সিমলায় যাওয়া। টিকিট না পেয়ে গাড়ি নিয়েই পিছু নিলাম পৃথিবীর অন্যতম দুর্গম পাহাড়ি এই রেলপথের। পাশের সড়ক থেকে আমরা দেখছিলাম, কী খেয়ালি দুরন্তপনায় রেললাইনটি বারবার ঢুকে যাচ্ছিল পাহাড়ের বুক চিড়ে তৈরি অন্ধকার সুড়ঙ্গগুলোয়। তবে সিমলায় সবচেয়ে ভালো লেগেছে মল রোড। সন্ধ্যার পর জায়গাটি অন্যরকম মিলনমেলায় পরিণত হয়। প্রায় দুই কিলোমিটার পাহাড়ি পথ বেয়ে হেঁটে ওপরে উঠে মল রোডে ততক্ষণে হাজারো পর্যটকের মেলা। কী নেই এখানে! হাজার রকমের খাবার, স্থানীয় ঐতিহ্যবাহী পণ্যের সঙ্গে এক সারিতে বিশ্বের অভিজাততম ব্র্যান্ডের পসরা। তাজা টমেটো থেকে চোখের সামনেই তৈরি হওয়া গরম স্যুপের ধোঁয়া ওঠা কাপের তুলনা হয় না। মল রোডের দুপাশের স্থাপনার বিন্যাস, গেইটি থিয়েটার কিংবা টাউন হলের স্থাপত্যশৈলী জানান দেয় সাবেক ব্রিটিশরাজের গ্রীষ্মকালীন এই রাজধানীর আভিজাত্যকে। সব ভালোর মধ্যে পছন্দ হয়নি দামের তুলনায় হোটেলের মান আর চারদিকে গাইড নামের দালালের তোড়জোড়।
আমাদের চার বন্ধুর দল। স্ত্রী সাবরিনা, বন্ধু ইয়েন, তার স্ত্রী দিপ্রা। বিশ্ববিদ্যালয়জীবনের চার সহপাঠীর মাঝে হঠাৎই একটু বাড়তি অ্যাডভেঞ্চারের লোভ পেয়ে বসল। সিমলা থেকে মহাসড়ক ধরে মানালি না গিয়ে গেলাম সরু পথ ধরে চাইল-চৌক হয়ে। একটু এদিক-সেদিক হলেই শত মিটার নিচে। ১২ ঘণ্টার ভয়ংকর
পাহাড়ি পথে ভয় পেতে পেতে একসময় ভয়টাই কেটে গেল। সামনে না তাকিয়ে ওপরে তাকিয়ে গাড়ি চালাচ্ছে কেন জানতে চাইলে চালক জানালেন, ‘এখানে পাহাড়ধস হয় নিয়মিত।’ বুঝুন! পুরো পথে সঙ্গী হলো আপেলবাগান আর আকাশছোঁয়া সুশৃঙ্খল পাইনগাছ। পথে পড়ল নামহীন কত-শত পাহাড়, পাহাড়ছড়া আর পাহাড়ি শহর মান্দি ও কুল্লু। সেই মান্দি থেকে পুরো পথে আমাদের সঙ্গী ছিল পাথুরে নদী বিয়াস। সুন্দর এই নদীটাই মনোযোগ কেড়ে নেয়। মাঝেমধ্যেই নদীর ধারে নেমে ঠান্ডা পানি ধরে দেখলাম, ছবি তুললাম।
পাহাড়ের আড়ালে ছোট্ট শৈল শহর মানালি। অনেক হোটেল এখানে, দামেও সাশ্রয়ী। পরদিন সকালেই আমাদের গন্তব্য মানালি থেকে ৫২ কিলোমিটার দূরের বরফঘেরা পাহাড়সারি রোহটাং পাস এলাকা। বরফ আর পাহাড়ধসের আশঙ্কায় বছরের অক্টোবর থেকে মে-জুন পর্যন্ত একটা দূরত্বে এ রাস্তা বন্ধ থাকে। তবে আমরা রোহটাংয়ের কাছাকাছি যেতে পেরেছিলাম। ভোররাতে রওনা না হলে গাড়ির সারি আপনাকে থামিয়ে দেবে অনেক দূরেই। গাড়ির পর পায়ে হেঁটে আর ঘোড়ার পিঠে চড়ে বিয়াস ভ্যালির বরফঢাকা ঢালে পৌঁছেই টের পেলাম বরফের অন্যরকম এক উত্তাপ। ভয়ে স্কিইং না করলেও স্লেডিং আর বরফ ছোড়াছুড়ির খেলায় ঠান্ডাকে অনেক দূর ভাগিয়ে দিতে সময় লাগেনি। নরম বরফের চাদরে বসে পেলাম গরম ভুট্টা খাওয়ার স্বাদ। ও, রোহটাং যাওয়ার আগেই আমাদের ভাড়া নিতে হয়েছে গরমের বিশেষ পোশাক। ফেরার পথে সোলান ভ্যালি। শীতে এখানে বরফে নানান খেলার আয়োজন থাকলেও আমরা পেলাম শুধু কেব্ল কারে পহাড়চূড়ায় চড়ার সুযোগ। বৃষ্টির কারণে তখন প্যারাগ্লাইডিং বন্ধ ছিল।
মানালির শহর বলতে ওই মল রোডই। খাওয়া-দাওয়া, কেনাকাটা আর পর্যটকদের কোলাহলে মুখর। হরেক রকমের খাবার আপনাকে চেখে দেখতেই হবে। আমাদের নারী সঙ্গীদের মতো নুডলস্ খেয়ে দিন পার করতে চাইলেই পস্তাবেন। ভুলবেন না ওখানকার মিষ্টি আর ট্রাউট মাছ ভাজা খেতে। মানালিতে দেখার মতো আরও আছে হাদিম্বা দেবীর মন্দির, মানু মন্দির, ক্লাব হাউস। কুল্লু থেকে ২৫ কিলোমিটার দূরে মানিকরনের গরম পানির ঝরনাটা আরেক বিস্ময়। ফেরার পথে আমরা চণ্ডীগড় হয়ে ফিরলেও চাইলে ভলভো বাসে ১২ ঘণ্টায় সরাসরি দিল্লিতে আসা যায়। বেড়াতে যাওয়ার আগে ট্রিপ অ্যাডভাইজার বা মেক মাই ট্রিপের মতো ভ্রমণ ব্লগগুলো আসা-যাওয়া, হোটেল আর বেড়ানোর সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য দেবে আপনাকে।