মানিকগঞ্জসভার সাংস্কৃতিক আয়োজন

‘আমায় এনে দাও না মাগো, একটা পলাশ ফুলের মালা...’, ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম...’, প্রথম আলো বন্ধুসভার সদস্যদের গাওয়া এমন সব গানের সঙ্গে উপস্থিত শিক্ষার্থীরাও গাইতে থাকেন। কণ্ঠ মেলান শিক্ষকেরাও। আগত অতিথি ও উপস্থিত সুধীজনেরা উপভোগ করেন পুরো অনুষ্ঠান। শত শত শিক্ষার্থী ও সুধীজনের উপস্থিতিতে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের বিশাল মিলনায়তন পরিপূর্ণ হয়ে ওঠে।
‘সুস্থ সংস্কৃতিচর্চা রুখবে জঙ্গিবাদ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গত বুধবার জঙ্গিবাদ সচেতনতামূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম আলো মানিকগঞ্জ বন্ধুসভা এ অনুষ্ঠানের আয়োজন করে।
সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ বন্ধুসভার সদস্যদের গাওয়া জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। এরপর কলেজ মিলনায়তনের মঞ্চে শুরু হয় জঙ্গিবাদ সচেতনতামূলক আলোচনা সভা।
প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শাহজাহান। মানিকগঞ্জ বন্ধুসভার সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপাধ্যক্ষ আশরাফুন্নেছা, সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বিপা চৌধুরী, ক্রীড়া সংগঠক ও মানিকগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা দীপক কুমার ঘোষ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী ও মানিকগঞ্জ বন্ধুসভার সভাপতি মাহবুব আলম। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি হাসান মাহমুদ, মানিকগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা বিমল রায় ও প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. শাহজাহান বলেন, ‘শিক্ষার্থীদের জঙ্গিবাদের কুফল ও এর পরিণতির কথা জানাতে এবং বোঝাতে হবে। এ দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। সুস্থ সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে জঙ্গিবাদ রুখতে হবে।’
আলোচনা পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মানিকগঞ্জ বন্ধুসভার আল্পনা সরকার, প্রিয়াংকা সরকার আর ইমন খানের কণ্ঠে দেশাত্মবোধক ও আধুনিক গান সবাইকে মাতিয়ে তোলে। গানের ফাঁকে ফাঁকে চলে কবিতা আবৃতি ও নৃত্য পরিবেশনা। সবশেষে বন্ধুসভার মিজান কাজীর কৌতুক পরিবেশনায় উপস্থিত সবার মধ্যে বয়ে যায় হাসির বন্যা। পুরো অনুষ্ঠানই নেচে-গেয়ে আর আনন্দে উপভোগ করেন উপস্থিত শিক্ষার্থীরা।