মানিব্যাগ
উজ্জ্বল বাদামি রঙের কৃত্রিম চামড়া দিয়ে বানানো চমৎকার একটা মানিব্যাগ উপহার পেল য়্যুপেলকিন। তারপর বন্ধুর বাসায় গিয়ে সে বলল, ‘তুরুমানভ, ও তুরুমানভ, পঞ্চাশটা রুবল ধার দাও না! বেতন পেলেই দিয়ে দেব। আমি একটা মানিব্যাগ উপহার পেয়েছি, কিন্তু সেটা ফাঁকা থাকলে কেমন দেখায়!’তুরুমানভ সানন্দে টাকা ধার দিল বন্ধুকে। টাকা নিয়ে য়্যুপেলকিন চলল তার বান্ধবীর সঙ্গে দেখা করতে। বান্ধবী খুবই খুশি হলো তাকে দেখে। বলল, ‘য়্যুপেলকিন, আমাকে পঞ্চাশ রুবল ধার দিতে পারবে?’ য়্যুপেলকিন তার সুদৃশ্য মানিব্যাগ বের করে সেখান থেকে টাকা নিয়ে বান্ধবীকে দিল এবং বলল, ‘আমি আসছি একটু পরেই।’ছুট লাগাল সে তুরুমানভের বাসায়।‘তুরুমানভ, আমার মানিব্যাগ আবার ফাঁকা,’ বুঝিয়ে বলল য়্যুপেলকিন। ‘আরও পঞ্চাশ রুবল ধার দাও না!’তুরুমানভ দিল। য়্যুপেলকিন ফিরে গেল তার বান্ধবীর কাছে। বান্ধবীটি তখন বসে ছিল আরেক বান্ধবীর সঙ্গে। য়্যুপেলকিনের বান্ধবী বলল, ‘প্লিজ, দোকানে গিয়ে একটা কেক কিনে নিয়ে এসো না! বান্ধবীকে চায়ের সঙ্গে খেতে দেব তেমন কিছুই নেই ঘরে।’‘যাব, যদি তোমরা টাকা দাও। আমার কাছে অবশ্য আছে পঞ্চাশ রুবল, তবে সেটা খরচ করে ফেললে আমার মানিব্যাগ গড়ের মাঠ বনে যাবে,’ অকপটে স্বীকার করল য়্যুপেলকিন। ভারি অবাক হলো বান্ধবী। বলল, ‘এ কেমন কথা! আমার একটা ব্যাগ আছে সবুজ রঙের, সেটা নিয়ে কোথাও বেরোতে পারি না সবুজ রঙের কোনো পোশাক আমার নেই বলে। কিন্তু মানিব্যাগ নিয়ে ঘুরতে হলে সে সমস্যা তো নেই!’ভয় পেয়ে গেল য়্যুপেলকিন। এখন আবার সবুজ রঙের পোশাক কিনতে বাধ্য করবে না তো! খানিক ভেবে চটপট বেরিয়ে পড়ল সে ওখান থেকে।গেল তুরুমানভের কাছে। সে এবার বড়ই অনিচ্ছা সত্ত্বেও টাকা দিল এবং দেওয়ার সময় বিড়বিড় করে কি সব বললও। য়্যুপেলকিন কেক কিনে ফিরল বান্ধবীর কাছে। কিন্তু বান্ধবী বসে ছিল মুখ গোমড়া করে। অভিমান করেছে সে। অগত্যা য়্যুপেলকিনকে যেতে হলো ফুল কিনতে। যাওয়ার সময় তুরুমানভের বাসায় ঢুঁ দিল সে।‘তুরুমানভ, আবার যে পঞ্চাশ রুবল দরকার!’‘বুঝলে, য়্যুপেলকিন, তোমাকে দেখলেই এখন আমার মেজাজ চড়ে যাচ্ছে’, তবে পঞ্চাশ রুবল সে দিল।ফুল কিনে বান্ধবীর কাছে গেল য়্যুপেলকিন। বাসায় ফিরতে তার এত রাত হলো যে ট্যাক্সি নেওয়া ছাড়া উপায় ছিল না। ফেরার পথে সে আবার ঢুঁ দিল তুরুমানভের বাসায়। তুরুমানভ তখন বেঘোর ঘুমে। সে স্বপ্ন দেখছিল, তার বাসার সামনে য়্যুপেলকিন-পরিবারের সবাই বিশাল লাইন বানিয়ে দাঁড়িয়ে আছে। দরজায় কলবেলের শব্দে ঘুম ভাঙল তুরুমানভের। দুঃস্বপ্নটা কেটে গেল বলে ঘুম ভাঙায় সে বরং খুশিই হলো। গাউনটা গায়ে চড়িয়ে গুনগুন করে গান গাইতে গাইতে দরজা খুলতে গেল সে। য়্যুপেলকিনকে দেখে মাথায় বাজ পড়ল তার। চিৎকার করতে শুরু করল সে। য়্যুপেলকিন বলল, ‘তুরুমানভ, ও তুরুমানভ, পঞ্চাশ রুবল না দিলে যে একেবারেই চলছে না! আমাকে ট্যাক্সির ভাড়া মেটাতে হবে। আমার কাছে অবশ্য আছে পঞ্চাশ রুবল, কিন্তু নতুন মানিব্যাগটা টাকাহীন নিয়ে ঘুরে বেড়াব, সেটা কেমন হয়, বলো? নতুন মানিব্যাগ, কিন্তু ফাঁকা। খুব হাস্যকর, তাই না, তুরুমানভ?’এদিকে অপেক্ষা করতে করতে অতিষ্ঠ হয়ে ট্যাক্সি ড্রাইভার সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করল। এক ফ্ল্যাটের দরজা খোলা দেখে সেখানে ঢুকে পড়ল সে। ‘তুরুমানভ!’ চিৎকার করে বলল য়্যুপেলকিন। ‘ওকে পঞ্চাশ রুবল দিয়ে দাও।’‘ওকেও দিতে হবে?’ প্রশ্ন করল তুরুমানভ এবং জ্ঞান হারিয়ে ফেলল। পরদিন তুরুমানভ জিজ্ঞেস করল য়্যুপেলকিনকে, ‘তুমি আমার বন্ধু?’ ‘অবশ্যই,’ প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিল সে।‘তাহলে তোমার মানিব্যাগটা আমাকে উপহার দাও না!’গভীর দীর্ঘশ্বাস ফেলে প্রিয় মানিব্যাগটা তুরুমানভের দিকে এগিয়ে ধরল য়্যুপেলকিন। ‘য়্যুপেলকিন, ও য়্যুপেলকিন,’ তুরুমানভ বলল, ‘অন্তত পঞ্চাশটা রুবল ফেরত দাও না! দেখছ না, নতুন মানিব্যাগটা একেবারেই ফাঁকা!’