মানুষ উঠলে দোলে সাঁকো

নড়বড়ে বাঁশের সাঁকো। মানুষ উঠলে দুলতে থাকে—এ বুঝি পা পিছলে পড়ল। প্রায় সময় ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কদ্দাছড়া সাঁকোটি এভাবে ঝুঁকি নিয়ে পারপার হয় দুই শতাধিক শিক্ষার্থীসহ ১০ গ্রামের মানুষ।
সরেজমিনে দেখা যায়, কদ্দাছড়ার ওপর নির্মিত সাঁকোর উত্তর পড়ে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন ও দক্ষিণে সাহারবিল ইউনিয়ন। দুই ইউনিয়নের মধ্যে সংযোগ স্থাপন করেছে ৮০ ফুট দৈর্ঘ্যের সাঁকোটি। কাঁধে সবজির ঝুড়ি নিয়ে কৃষক কিংবা বইভর্তি ব্যাগ নিয়ে শিক্ষার্থীরা পার হচ্ছে সেতু।
সেখানে কথা হয় আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী শারমিন আকতারের সঙ্গে। সে বলে, ‘সাঁকোতে উঠলে ভয় লাগে। কখন যে পড়ে যাই। বর্ষার সময় তো সাঁকোই থাকে না। বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিতে হয়।’
স্থানীয় লোকজন জানান, পূর্ব বড় ভেওলা ইউনিয়নের পাশেই কদ্দাছড়া সাঁকোর ওপারে আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চবিদ্যালয়, কোরালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাহারবিল আনোয়ারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অবস্থান। পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কদ্দাছড়া, সিকদারপাড়া, ছালেহ নগর, মোবিনপাড়া, মাইজপাড়া, চরপাড়া, দিয়ারপাড়া, ঈদমনি, আনিসপাড়া ও জুলারপাড়া গ্রামের অন্তত দুই শতাধিক শিক্ষার্থী এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করছে। এ ছাড়া এসব গ্রামের মানুষ চকরিয়া পৌর শহরে ও মহেশখালী যাওয়ার ক্ষেত্রে সহজ মাধ্যম হিসেবে এই সাঁকো ব্যবহার করে।
কৃষক জামাল হোসেন ও শাহাবউদ্দিন বলেন, সাহারবিল ইউনিয়নের কোরালখালী গ্রামের মানুষ চাষাবাদের ক্ষেত্রে সাঁকোটি ব্যবহার করে। কোরালখালী গ্রামের মানুষের চাষাবাদের বেশির ভাগ জমি পূর্ব বড় ভেওলা ইউনিয়নে। তারা শীত মৌসুমে সবজি ও বোরো-আমন মৌসুমে ধানের চাষ করে। উৎপাদিত ফসল বাজারে সরবরাহ করতে তাদের এই সাঁকো ব্যবহার করতে হয়।
আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন জানান, তাঁর বিদ্যালয়ে অন্তত ৪৫ জন শিক্ষার্থী সাঁকোটি পার হয়ে প্রতিদিন বিদ্যালয়ে আসে। অনেক সময় শিক্ষার্থীরা সাঁকো থেকে নিচে পড়ে গিয়ে বই-খাতা ভিজিয়ে ফেলে। বর্ষার সময় ভয়ে বিদ্যালয়ে আসতেই চায় না শিক্ষার্থীরা।
এ ব্যাপারে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইব্রাহিম খলিল বলেন, সাঁকোটি ঝুঁকিপূর্ণ। সাঁকোর কারণে অন্তত ২০ বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছে ১০ গ্রামের মানুষ। পাকা সেতু নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, জুন মাসে সাঁকোটি ভেঙে গিয়েছিল। স্থানীয় জনপ্রতিনিধিদের দিয়ে সাঁকোটি বাঁশ দিয়ে পুনর্নির্মাণ করা হয়। তিনি আরও জানান, সাঁকোর দৈর্ঘ্য প্রায় ৮০ ফুট। এ জন্য স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে পাকা সেতু নির্মাণ করতে হবে।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের চকরিয়া উপজেলা প্রকৌশলী মো. আমিন উল্লাহ বলেন, ‘স্থানীয় লোকজনের পক্ষ থেকে আমার কাছে লিখিত কোনো আবেদন আসেনি। লিখিত আবেদন পেলে পাকা সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠাব।’