মানুষ চলে যায়, রং থেকে যায়
কখনো হেনরিজ হেরিটেজ, কখনো শাহরুখ’স কালেকশন, কখনো বা শুধু শাহরুখ শহীদ। নানা নামেই প্রথম আলোর মঙ্গলবারের আয়োজন নকশায় উপস্থিত হয়েছেন এই মানুষটি। পোশাকের নকশা করতেন, তা মেয়েদের পোশাক, ছেলেদের পোশাক কিংবা ছোটদের—সবারই। দেশীয় পণ্যে ঘর সাজানোর জন্য কুশন কিংবা মাটির পাত্রেও নকশা এঁকেছেন। প্রয়াত সাংবাদিক শহীদুল হকের ছেলে শাহরুখ। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে চিত্রকলায় লেখাপড়া করে এসেছিলেন। তাঁর নকশায় বরাবর উজ্জ্বল রং এসে ভর করত। বিভিন্ন ভুবনে যাঁরা তারকা, তাঁরা অনেকেই শাহরুখের নকশা করা পোশাক পরেছেন। মায়ের সঙ্গে হাঁটছে ছোট্ট মিষ্টি মেয়েটি। শাহরুখ এগিয়ে বলেন মাকে, ‘আপনার মেয়েটি ভারি মিষ্টি। আমি এখনই আগেভাগে বুকিং দিয়ে রাখলাম, বড় হলে ও কিন্তু আমার ডিজাইনের পোশাক পরবে, আমার মডেল হবে।’ বন্ধুর ছেলের জরুরি ওষুধ বিদেশ থেকে আনতে হবে। শাহরুখ কয়েক ঘণ্টা সময় নিলেন। অতঃপর একটি বিমান সংস্থায় কাজ করা আরেক বন্ধুর মাধ্যমে ২৪ ঘণ্টায় ওষুধ হাজির। শ্মশ্রুমণ্ডিত হাসি। ‘এ আর এমন কি?’ তাঁর নিজের ছেলে মুসা। লম্বায় বাপকে ছুঁই ছুঁই। বলছিলেন, ‘আমি ওকে কী বলব? ও-ই তো আমাকে শাসন করে।’ এখন কে কাকে শাসন করবে? ২৭ ফেব্রুয়ারি রাতে কাউকে কিছু বুঝতে না দিয়ে শাহরুখ শহীদ চলে গেছেন। মুহূর্তেই তাঁর পরিচিত শুভাকাঙ্ক্ষী, কাজের সঙ্গী, বন্ধুদের মুঠোফোন বেজে উঠেছে একের পর এক, মুঠো বার্তায় ভেসেছে ছোট পর্দা। কিন্তু সবার একই বিস্ময়, ‘বলে কী?’নকশা পরিবারের পক্ষ থেকে শাহরুখ শহীদের পরিবারকে শুধু এটুকুই সান্ত্বনা—হয়তো মানুষ চলে যায়, বেঁচে থাকে তাঁর কাজ। আগামী প্রজন্মের তরুণ কোনো ডিজাইনার হয়তো উজ্জ্বল রং ব্যবহার করতে গিয়ে একবার শাহরুখের কথা ভাববে!