মানুষ বাঁচানো ড্রোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডুবন্ত মানুষকে তীরে ফিরিয়ে আনতে সহায়ক হবে আমিন রিগির এই ড্রোন
ডুবন্ত মানুষকে তীরে ফিরিয়ে আনতে সহায়ক হবে আমিন রিগির এই ড্রোন

আমিন রিগির ন্যূনতম চাওয়া হলো মানুষকে কীভাবে জলডুবি থেকে বাঁচানো যায়। ২৮ বছর বয়সী এই তরুণের কাজের পার্শ্বফলও দারুণ। ইরানের এই রোবোটিকস প্রকৌশলী ড্রোন সম্পর্কে মানুষের ধারণাই বদলে দিয়েছেন। উদ্ভাবন করেছেন বিশ্বে এ ধরনের মধ্যে প্রথম উদ্ধারকারী রোবট। তিনি এখন চাইছেন বিশ্বের বাজারে তা ছড়িয়ে দিতে।
শুরুতে এমনভাবে এর নকশা করা হয়েছিল, যাতে সমুদ্রের ওপর দিয়ে উড়ে ডুবন্ত মানুষের জন্য এটি তিনটি পর্যন্ত জীবন রক্ষাকারী বয়া ফেলতে পারে। তবে নতুন সংস্করণে রিগির রোবোটিক লাইফগার্ড নিজেকে বদলে উভযানে রূপান্তরিত হয়ে ডুবন্ত মানুষকে তীরেও নিয়ে আসতে পারবে।
‘আমরা ভেবেছিলাম, এর মাধ্যমে আমরা জীবন বাঁচিয়ে জলডুবির ঘটনা কমিয়ে আনতে পারব।’ আমিন রিগি কথা বলছিলেন লন্ডনের ২৫০ বর্গমিটার জায়গাজুড়ে নির্মিত উদীয়মান ব্যবসায়ীদের এক সহযোগিতামূলক কর্মক্ষেত্রে দাঁড়িয়ে। জায়গাটা তরুণ উদ্যমীদের সংক্রামক জীবনীশক্তি ও সম্ভাবনার গুঞ্জরণে ভরপুর।
চিত্রনির্মাণ থেকে শুরু করে আবাসন ব্যবসা ও কৃষি পর্যন্ত বিস্তৃত ক্ষেত্রে ব্যবহৃত হলেও, বেসামরিক ড্রোনের ব্যাপারে মানুষ এখনো সন্দিহান। ড্রোন নামের এই মনুষ্যবিহীন উড়ালযান ক্রমেই ব্যাপকতা পেলেও রিগির ইচ্ছা, এর বহুবিধ নামের অভিধানে ‘জীবন রক্ষাকারী’ অভিধাটিও যুক্ত হোক। রিগি স্বপ্ন দেখেন, শুধু অথই পানিতে পড়ে যাওয়া মানুষেরাই নয়; গাড়ি দুর্ঘটনায়, আগুন ও বন্যায় বা পর্বতারোহণে আহত কিংবা সামুদ্রিক তেলকূপ খননের মঞ্চে আটকে-পড়া ব্যক্তিদের উদ্ধারেও ভবিষ্যতে তাঁর এই যন্ত্রটি কাজে আসবে।
রিগি বলেন, ‘আমরা এমন ধরনের ড্রোনের চিন্তা করছি, যেটি উদ্ধার অভিযানে কাজে লাগবে।’ পাশাপাশি এ কথাটি মনে করিয়ে দিতেও তিনি ভুলে যাননি যে বেশির ভাগ বাণিজ্যিক ড্রোনের কাজ নজরদারি করা।
রোবোগার্ড নামে তার এই সাম্প্রতিক মডেলটি পানিরোধী; পানিতে নামতে ও পানি থেকে উড়াল দিতে সক্ষম। ১৫ কেজি যন্ত্রপাতি বহন করেও ঘণ্টায় এটি সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে ছুটতে পারে। ১৫ মিনিট আয়ুষ্কালের ব্যাটারির সুবাদে একে আরও দূরবর্তী উদ্ধারাভিযানেও পাঠানো সম্ভব। এর উন্নত সংস্করণে নৈশ অভিযানের জন্য থার্মাল ক্যামেরা ও বিচ্ছিন্ন করা যায় এমন একটি বাহু থাকবে। জিপিএস (ভৌগোলিক অবস্থান শনাক্তকারী প্রযুক্তি) ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ড্রোন তাহলে স্বয়ংক্রিয়ভাবে আরও কাজ করতে পারবে। রিগির আশা, পর্যায়ক্রমে তাঁরা এটিতে সৌরশক্তিচালিত অবতরণমঞ্চও যুক্ত করবেন। সেখান থেকে ড্রোনগুলোর ব্যাটারি রিচার্জ হবে।
কাস্পিয়ান সাগরে প্রতিবছর শত শত ড্রোনের সঙ্গে জীবন্ত লাইফগার্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রিগির ড্রোন সেখানে সফলভাবে মহড়া দিয়েছে। পারস্যের প্রাচীন সাম্রাজ্যের নামে সেই আদি নমুনার নাম ছিল পার্স। পার্স তার মনুষ্য প্রতিযোগীর চেয়ে তিন ভাগ কম সময়ে—৯০ সেকেন্ডের জায়গায় মাত্র ২২ সেকেন্ডে—সম্ভাব্য ডুবন্ত মানুষটির কাছে গিয়ে পৌঁছেছিল। এসব পরীক্ষা-নিরীক্ষার পর রিগি ৩২টি দেশ থেকে অন্তত ১০০টি ই-বার্তা পান। তাঁরা সবাই এই ড্রোনের ব্যাপারে আগ্রহী। কাঁচামালের ঘাটতির জন্য রিগি তখন সাড়া দিতে পারেননি। এখন উদ্ধারকারী ড্রোন পরীক্ষামূলক উৎপাদনের দ্বারপ্রান্তে। এই গ্রীষ্মেই ২০০টি ড্রোনের প্রথম চালানটি তিনি পাঠাচ্ছেন।
মেক্সিকো, ব্রাজিল ও ইতালির বিপণনকারীরা এরই মধ্যে সেগুলো আগাম কিনেছেন। এর প্রতিটির দাম হবে আট হাজার ইউরোর মতো। এরা ছাড়া যুক্তরাষ্ট্র, লাটভিয়া ও অস্ট্রেলিয়ার মতো দেশের ক্রেতাদের সঙ্গেও আলোচনা চলছে।
রিগি তাঁর আরটিএস আইডিয়াজ কোম্পানি শুরু করেছিলেন ইরানে। তবে সিরিয়াস নামে একটি সহায়তা কর্মসূচিতে টিকে যাওয়ার পর তিনি তাঁর কোম্পানি লন্ডনে সরিয়ে আনেন। সিরিয়াস তরুণ উদ্যোক্তাদের ব্যবসা চালু করার জন্য তাঁদের যুক্তরাজ্যে নিয়ে এসে সাহায্য করে। এখন তিনি এখান থেকে তাঁর প্রাত্যহিক ব্যয়, দপ্তর চালানোর জায়গা, বিশেষজ্ঞ পরামর্শ ও বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগের সুবিধা পান। তাঁর একজন ব্যবসায়িক অংশীদারও আছেন। তাঁর নাম আমির মাহদি তাহেরি। ২৭ বছর বয়সী মাহদির সঙ্গে তাঁর পরিচয় গত অক্টোবরে, এই প্রকল্প শুরুর গোড়ার দিকে।
‘আমার মনে হয় ইরানে আমি যথেষ্ট সময় নষ্ট করেছি,’ বললেন রিগি। তিনি এখন অভিভূত। যুক্তরাজ্যে কাজের যেমন সুযোগ, রসদের জোগানও তত বেশি। ‘আমরা যত সময় নষ্ট করব, ততই বেশি মানুষ মারা পড়বে,’ এই হলো তাঁর নতুন উপলব্ধি।
তিন ভাইবোনের মধ্যে বড় রিগি বাবা-মাকেও তাঁর এই উদ্ভাবনের কৃতিত্ব দেন। ছোটবেলা থেকেই তাঁরা নতুন প্রযুক্তির ও রোবোটিকসের প্রতি ছেলের আগ্রহকে উত্সাহ দিয়ে এসেছেন। তাঁরা তাঁর শুরুর দিকের গবেষণার টাকা জুগিয়েছেন। যখন হতাশ হয়ে অন্য কিছু করার কথা ভাবছিলেন, তখন তাঁরাই রিগিকে লন্ডনের সুযোগটা নিতে উৎসাহ দেন। বছর খানেক আগে রসদ ফুরিয়ে যাওয়ায় যখন তাঁর ড্রোন গবেষণা থমকে যায়, তখন তিনি একটা অনলাইন প্রতিষ্ঠানের পক্ষে এলইডি বাতি বিক্রির কোম্পানিতেও কাজ করেছেন।
লাজুক ও স্মৃতিকাতর এক হাসি দিয়ে রিগি বলছিলেন তাঁর অনিশ্চিত সময়ের কথা; বলছিলেন তাঁর জেতা ও হেরে যাওয়া প্রতিযোগিতাগুলোর কথা, পরীক্ষা-নিরীক্ষার কথা; যেসব রোবট তিনি বানিয়েছেন এবং যেসব দারুণ ব্যর্থতায় তিনি পড়ছেন, সেসবের কথাও। এসব ব্যর্থতার মধ্যে আছে ‘মঙ্গলের জন্য ড্রোন’ প্রতিযোগীদের তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারার হতাশাও।
তাঁর কাজের সাফল্যের পেছনে আছে ঐশী শক্তির অনুপ্রেরণা, এটাই তাঁর বিশ্বাস ও আত্মবিশ্বাস। যে একটি মানুষের জীবন বাঁচায়, সে যেন সমগ্র মানবতাকেই রক্ষা করে, ইসলামের এই শিক্ষায়ও তিনি আস্থা রাখেন। রিগি জানালেন, মুনাফা তাঁকে চালিত করে না, তিনি বরং তাড়না বোধ করেন কোথাও কোনো ছাত্রছাত্রীর ডুবে যাওয়ার খবর পেলে।
‘মানুষকে রক্ষা ও তার ক্ষতি করা—সব প্রযুক্তিই এই দুভাবে কাজ করতে সক্ষম।’ বলেন রিগি, ‘ড্রোন কি ভালো না মন্দ, সেটা কোনো বিষয় নয়। বিষয় হলো, আমরা কেন এসব প্রযুক্তির অপব্যবহার করছি?’