মানুষ যখন ভূত
পাঁচ বছরের তূর্যের কাছে ভূত জিনিসটা দারুণ আকর্ষণীয়। কারণ এরই মধ্যে সে গোটা কয়েক ভূতের বই পড়েছে, ছবিও দেখেছে কয়েকটা। কে যেন তাকে বলেছে কাজির দেউড়ি শিশুপার্কে ভূত আছে। দেখাও যাবে, শুধু ট্রেনে চড়তে হবে। সেই থেকে মায়ের কাছে তূর্যের বায়না ‘ট্রেনে চড়ব, ভূত দেখব।’ তূর্যকে নিয়ে বার কয়েক পার্কে আসেন তার মা। শেষবার এসেছিলেন গত বুধবার। তূর্যকে প্রশ্ন করলাম ‘ভূত দেখতে কেমন?’ তূর্যের উত্তর, ‘অবিকল ভূতের মতো, কী ভয়ংকর! অদ্ভুতভাবে হাত-পা নাড়ে, বিকট শব্দ করে।’ মা অরুণিমা ইসলাম জানান, দুষ্টুমি করলে ভূতের কথা বলে ছেলেকে তিনি শাসন করেন। ঠিকমতো খাবার না খেলে হুমকি দেন ‘সোজা ভূতের কাছে নিয়ে যাব।’ এতে নাকি দারুণ কাজ হয়। ‘আচ্ছা তূর্য তুমি কি জান এটা আসল ভূত নয়, মানুষই ভূতের অভিনয় করে!’ তূর্যের চেয়ে দেখি তার মা বেশি অবাক। বললেন, ‘শুনেছি পার্কে ভূতের কাজটা করে যন্ত্র। সত্যি মানুষ ভূত সাজে? আজব ব্যাপার তো!’ হ্যাঁ, কাজির দেউড়ির চট্টগ্রাম শিশুপার্কে এখনো ভূত সেজে দর্শকদের আনন্দ দেন রুবেল চক্রবর্তী। আগে তাঁর সঙ্গে আরও কয়েকজন ছিলেন। কিন্তু এখন তিনিই কাজটা করেন। তাঁকে সবাই ‘মানুষ ভূত’ হিসেবে চেনেন। তবে আগ্রাবাদ কর্ণফুলী শিশুপার্ক ও বহদ্দারহাটের আনন্দভুবনে ‘মানুষ ভূতের’ কাজটা করে যন্ত্র। চট্টগ্রাম শিশুপার্কের প্রকল্প পরিচালক মো. মোকতাদির হোসাইন জানান, ‘১৯৯৪ সাল থেকে রেললাইনের গুহায় ভূত সেজে দর্শকদের বিশেষ করে বাচ্চাদের আনন্দ দিয়ে আসছেন কয়েকজন মানুষ। কয়েকদিন আগেও তিনজন কাজ করতেন। এখন আছেন একজন। ভূত সাজার মুখোশ ও পোশাক বিদেশ থেকে কিনে আনতে হয়।’ কথা হয় ‘ভূত মানুষ’ রুবেল চক্রবর্তীর সঙ্গে। এক মাস ধরে তিনি এই কাজ করছেন। রুবেল জানান, সপ্তম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন তিনি। চাকরির আশায় গ্রাম থেকে এসেছেন শহরে। প্রতিদিন পাঁচ ঘণ্টা কাজ করতে হয়। শুক্রবারে একটু বেশি সময় থাকেন। বেতন পান আড়াই হাজার টাকা। ভূত সাজার অভিজ্ঞতা বলেন রুবেল, ‘আমার হাত-পা নাড়ানো দেখে বাচ্চারা ভয় পায়, এটা দেখে আমারও মজা লাগে। নিজেকে ভূত ভূত লাগে। তবে খারাপ লাগে যখন তারা কাগজ, কমলার খোসা ও পানি ছুড়ে মারে।’ আগে ইট-পাথরও ছুড়ে মারত। পরে গুহার নির্দিষ্ট অংশে জাল দিয়ে ঘের দেওয়া হয়।রুবেল বলেন, ‘ভূতের কাজ করতে গিয়ে অনেক মজার ঘটনা ঘটেছে। একবার আমার ছোট ভাই এসেছিল ট্রেনে চড়তে। সে কোনোমতেই বিশ্বাস করল না এই ভূত মানুষটাই তার ভাই। শেষে ট্রেনের চালক তাকে ভেতরে নিয়ে গেলেন। আমাকে দেখে তো সে থ!’ রুবেল চক্রবর্তী জানান, ‘প্রযুক্তি মানুষের স্থান দখল করে নিচ্ছে। এখন এ পেশায় আসতে আগ্রহী হন না কেউ।’ কর্ণফুলী শিশুপার্ক (আনন্দমেলা) ও আনন্দভুবনে ভূতের কাজ করে যন্ত্র। প্রতিটি যন্ত্রের জন্য চাবি আছে। ট্রেন গুহায় ঢুকলে যন্ত্র চালু করে দেওয়া হয়। তখন যন্ত্রগুলো ভূতের মতো অভিনয় করে। ভৌতিক শব্দ করে। কর্ণফুলী শিশুপার্কের ব্যবস্থাপক সাহাবুদ্দিন আহমেদ চৌধুরী জানান, ‘২০০০ সাল থেকে যান্ত্রিক ভূতের মাধ্যমে দর্শকদের আনন্দ দেওয়া হতো। তখন ১০-১২টা ভূত ছিল। বেশির ভাগ নষ্ট হয়ে গেছে। এখন মাত্র দুটি দিয়ে কাজ চালানো হচ্ছে। যন্ত্রগুলোও বিদেশ থেকে আনা হয়েছে।’ যন্ত্রে সমস্যা হলে তখন কী করেন? ‘যে কেউ ভূতের পোশাক ও মুখোশ পরে দাঁড়িয়ে যায়।’ বললেন সাহাবুদ্দিন।