‘দি অপরাহ উইনফ্রে শো’র জন্য আলোচিত অপরাহ উইনফ্রে যুক্তরাষ্ট্রের অন্যতম ধনাঢ্য ও আলোচিত নারী। একনাগাড়ে দীর্ঘ ২৫ বছর জনপ্রিয়তার সঙ্গে সম্প্রচারের পর ২৫ মে, ২০১১ অপরাহ উইনফ্রে অনুষ্ঠানটির ইতি টানেন একটি স্মরণীয় ও সংবেদনশীল বক্তৃতার মধ্য দিয়ে।অনেক ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি, যে কাজ আমরা সবচেয়ে ভালো করি, আমাদের সেটাই করা উচিত। এ অনুষ্ঠানের পুরোটাই মানুষের জন্য। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সবাইকে জানাতে চাই তাদের ক্ষমতার কথা, যা দিয়ে তারা নিজেদের অবস্থার পরিবর্তন করতে পারে এবং তারা কেউই একা নয়। ‘দি অপরাহ্ উইনফ্রে শো’র জন্য অতিবাহিত ৪৫৬১ দিনের মঞ্চে উচ্চারিত প্রতিটি শব্দই যেন আমার কাছে একেকটি মুহূর্ত। আমি যখন আরম্ভ করি, তখন বয়স ত্রিশের কোঠায় পৌঁছে গেছে। আমার কোনো স্বপ্ন ছিল না, ছিল না কোনো প্রত্যাশা। প্রথম দিনটাই যেন একটা বজ্রাঘাত। সেদিন কোনো দর্শক ছিল না। দুই বছর পর জাতীয় টেলিভিশনে সম্প্রচারের পর রজার কিং আমাকে জানালেন, এক স্টেশন ম্যানেজার তাকে জানিয়েছে, অনুষ্ঠানের মঞ্চে হাস্যকর একজন কৃষ্ণাঙ্গকে বসানোর চেয়ে একটা আলু রাখাও ভালো। কিন্তু আমি সবার কাছে কৃতজ্ঞ যে মেমফিস থেকে ম্যাকন; পিটস্বার্গ থেকে পেনসাকোলা; নিউইয়র্ক থেকে নিউ অরলিনস—আপনারা সবাই আমাকে বাঁচিয়ে রেখেছেন।আমি যখন আমার পুরোনো ৪৫৬১টি সম্প্রচারিত অনুষ্ঠানের দিকে ফিরে তাকাই, আমাদের পরিশ্রম চোখে পড়ে না, আমি দেখতে পাই কত বিচিত্র ও জটিল পরিস্থিতির অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে আমাদের। আজ যেখানে আমরা ছিলাম ক্রিস রকের সঙ্গে, পরদিনই আমরা কাটিয়েছি সংঘর্ষে অঙ্গ হারানো সৈনিকদের সঙ্গে। এর পরদিন হয়তো আমরা চলে গিয়েছিলাম হেরোইনে আসক্ত একটি পুরো পরিবারের সঙ্গে।জ্যাকি সাবিউরিডো (দুর্ঘটনায় যার পুরো মুখ পুড়ে গিয়েছিল) থেকে মা মনিকা জর্জ, তার মেয়ে ও সেই শিশুটি (যে তার দুই হাত, দুই পা হারিয়েছে) পর্যন্ত, যা আমি অর্জন করেছি তা আমার হূদয়কে থমকে দেয়। কারণ আমরা নিজেদের সহজাতভাবেই নিজেদের যোগ্য করে তুলতে পারিনি। এই শো আমাকে শিখিয়েছে যে তুমি প্রশংসার যোগ্যতা রাখ, কারণ এত প্রতিবন্ধকতা নিয়েও তুমি পৃথিবীতে আছ। তোমার উপস্থিতিই তোমার জন্মাধিকারকে পূর্ণ করে তোলে এবং তুমি নিজেই যথেষ্ট।আমি এই পুরো যাত্রায় প্রায় ৩০ হাজার ব্যক্তির সঙ্গে কথা বলেছি, যেখানে সবার মধ্যেই একটি বিষয়ের মিল: সবাই নিজেদের স্বীকৃতি চায়। তুমি যার সঙ্গেই কথা বল না কেন, সবার সাধারণ একটি আকাঙ্ক্ষা যে তারা জানতে চায়, ‘তুমি কি আমাকে দেখ? শুনতে চায় কিংবা আমি যা বলি তা কি তোমার কাছে মূল্যবান?’ এই মূল সূত্রই আপনাদের সামনে মাইক্রোফোন হাতে আমাকে দাঁড় করিয়ে দেয়।মানুষ প্রায়ই আমাকে জিজ্ঞাসা করে, আমার এই অনুষ্ঠানের সফলতার গোপন রহস্য কী? কীভাবে আমরা ২৫ বছর ধরে অনুষ্ঠানটি চালিয়ে যাচ্ছি। আমি উত্তর দিই, ‘সফলতার গোপন কথাটি হলো, আমার এই টিম এবং যিশু।’ আমি কখনোই একা ছিলাম না এবং তোমরাও কখনো একা নও।২৫ বছরের যাত্রায় আমরা অনেক বিষয়ে খোলাখুলি কথা বলেছি। অনেক স্পর্শকাতর প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে, যা পরবর্তী সময়ে লাখ লাখ দর্শকের মনে সাহস ও প্রেরণা যুগিয়েছে।২৫ বছর ধরে আপনারা ছিলেন আমার নিরাপদ আশ্রয়। আমি আশাবাদী যে আপনারা অবশ্যই অন্যদের জন্যে এমন নিরাপদ আশ্রয় হবেন। এই শো আপনাদের জন্য যা করেছে বলে আপনারা আমাকে বলেন, সেগুলো অন্যদের জন্য বাস্তবায়ন করুন। তাদের পাশে একাত্ম হয়ে দাঁড়ান, তাদের গ্রহণ করুন। কাউকে ভালোবাসুন। অন্তত একজনকে। এবং তা ছড়িয়ে যাক আরেকজনের মাঝে, এবং এভাবে যত বেশি পারা যায়। আপনি নিজেই দেখবেন এটি কী পরিবর্তন এনে দেয়।আমি সত্যিই অবাক হয়ে যাই, ১৯৫৪ সালে মিসিসিপির একটি প্রত্যন্ত অঞ্চলে আমার জন্ম, যেখানে একজন কৃষ্ণাঙ্গ মেয়ের স্বপ্ন এতটায় সীমিত ছিল যে, সে হয়তো কাজের লোক কিংবা সমাজ থেকে বিচ্ছিন্ন জনগোষ্ঠীর একজন শিক্ষক হবে; হয়তো এভাবেই স্বপ্নের শেষ। কিন্তু এটি কোনো আকস্মিকতা নয় যে একাকী ছোট একজন মেয়ে, যে অনেক অনেক ভালোবাসা পায়নি, যদিও আমার পরিবার তাদের সাধ্যমতো করেছে; কোনো আকস্মিকতা নয় যে সেই মেয়ে আমি বড় হয়ে পৃথিবীর অসংখ্য মানুষের অকৃত্রিম সহানুভূতি, স্নেহ, বিশ্বাস ও স্বীকৃতিকে অনুভব করতে পারছি। আপনাদের যাদের নামও আমি জানি না, তাদের কাছে আমি শিখেছি ভালোবাসা কী। আপনারা এবং এই অনুষ্ঠান আমার জীবনের অসাধারণ ভালোবাসার উৎস।আমি কখনোই ‘বিদায়’ বলব না। আমি শুধু বলব, আমাদের আবার দেখা হয়।ওয়েবসাইট থেকে প্রাপ্ত, ইংরেজি থেকে নির্বাচিত অংশের অনুবাদ: শিখ্তী সানী