মানুষের আশ্রয় বেড়িবাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে ফেনী নদীর অব্যাহত ভাঙনে উপজেলার কয়েক শ পরিবার ভিটেবাড়ি হারিয়ে এখন বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে। আরও শত শত পরিবার এখনো নদীভাঙনের কবলে পড়ে ঘরবাড়ি হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন। জানা যায়, ফেনী নদীর ওপর নির্মিত মুহুরী সেচ প্রকল্পের বাঁধ নির্মাণের সময় নদীর গতি পরিবর্তনের ফলে ভাঙন শুরু হয়। গত দুবছরে নদীভাঙনের মাত্রা তীব্র থেকে তীব্রতর হয়েছে। ভাঙন রোধে বাঁকা নদী সোজাকরণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে দুর্গত মানুষজন। প্রকল্পটি বাস্তবায়ন হলেই নদীভাঙন কমে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট লোকজন। সম্প্রতি ভাঙনকবলিত দক্ষিণ-পূর্ব চরচান্দিয়া, চরখোন্দকার গ্রামে গিয়ে ভাঙনের তীব্রতা দেখা গেছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক বছরের অব্যাহত ভাঙনে এলাকায় প্রায় দুই হাজার একর ফসলি জমি ও ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একাধিক মসজিদ, মন্দির, দুটি দোতলা আশ্রয়কেন্দ্র, কবরস্থান, শ্মশান, রাস্তাঘাট, মাদ্রাসা, দোকানপাটসহ এলাকার বিভিন্ন স্থাপনা নদীগর্ভে তলিয়ে গেছে। স্থানীয় মাদ্রাসাশিক্ষক মো. হাসান মাহমুদ অভিযোগ করেন, ‘১৯৮৪ সালে সোনাগাজীর থাক খোয়াজের লামছি গ্রামে মুহুরী বাঁধ নির্মাণের পর থেকেই মূলত নদীভাঙন তীব্রতর হয়েছে। বাঁধ নির্মাণের সময় ফেনী নদীর গতিপথ কিছুটা বাঁকা করে কাটা হয়। তখন থেকে নদীর ডান তীরে ভাঙন দেখা দেয়। বাঁকা নদী সোজাকরণ প্রকল্প বাস্তবায়িত না হলে ভাঙন থামবে না।’বেড়িবাঁধে আশ্রয় নেওয়া আবদুল হক জানান, তাঁর প্রায় তিন একর ফসলি জমি ছিল। চাষাবাদ করে পরিবার-পরিজন নিয়ে দিন কেটে যেত। এখন বেড়িবাঁধে আশ্রয় নিয়ে অন্যের দয়ায় বাঁচতে হচ্ছে। বাঁকা নদী সোজা করে কেটে দিলে তিনি জমি ফিরে পাবেন বলে জানান। স্থানীয় চরচান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান সামছুদ্দিন জানান, ‘বর্ষায় ভাঙনের তীব্রতা বাড়ে, কিন্তু শুষ্ক মৌসুমেও জোয়ার-ভাটার কারণে নদীভাঙন বন্ধ হয় না। এভাবে ভাঙন চলতে থাকলে দেশের অন্যতম ধান গবেষণাকেন্দ্রটিও নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।’ সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নদীভাঙন প্রতিরোধ কমিটির আহ্বায়ক সামছুল আরেফিন জানান, ভাঙনের হাত থেকে রক্ষার জন্য একাধিকবার মানববন্ধন, সমাবেশ-মিছিল, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম প্রথম আলোকে জানান, ‘আমি বাঁকা নদী সোজাকরণের জন্য একাধিকবার পানিসম্পদমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। ২০১০ সালে নদীভাঙন প্রতিরোধ ও বাঁকা নদী সোজাকরণ প্রকল্পটি এডিবিতে অন্তর্ভুক্ত হয়েছে বলে শুনেছি।’ফেনীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, ‘সোনাগাজীর বাঁকা নদী সোজাকরণ প্রকল্প বর্তমানে একনেকে পাস হওয়ার অপেক্ষায় আছে বলে আমরা জানতে পেরেছি। এটি একনেকে পাস হলেই বাঁকা নদী সোজাকরণের কাজ দ্রুতগতিতে শুরু হবে।’