মানুষের কত রং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছ্যাঁৎ করে উঠল বুকটা। মায়ের কথা মনে পড়ল। তিনিও তো এমনই বয়স্কা। তাঁরও তো এমন অবস্থা হতে পারত। দেরি না করে মুহূর্তেই চলে গেলাম কাছে। দেখি, পক্ষাঘাতগ্রস্তদের মতো রাস্তায় শুয়ে কাতরাচ্ছেন তিনি। কথা বলতে পারছেন না। এক হাত উঁচিয়ে কী যেন একটা চাইছেন। ক্রমান্বয়ে অবস্থা খারাপের দিকে যাচ্ছে। ঘাবড়ে গেলাম কিছুটা। ছমছম করছে শরীর। এর আগে এমন ঘটনা কখনো দেখিনি। আশপাশে কেউ নেই দেখে নিজেই মুখের কাছে কান নিলাম। জানতে চাইলাম, কোথায় বাড়ি, খুব খারাপ লাগছে কি না? কোনো সাড়া নেই। আবারও জানতে চাইলাম। সাড়া নেই। এবার একটু জোরেশোরেই জিজ্ঞেস করলাম। সাড়া এল। মরুভূমির তপ্ত বালুর সমুদ্রে হাজারো মাইল হাঁটলে যেমন ক্লান্তি আসে—শরীর আর নড়ে না, জিভ শুকিয়ে কাঠ হয়ে আসে, ঠিক তেমনি তৃষ্ণার্ত কণ্ঠে একটি শব্দ ভেসে এল ‘পানি’।যেন একটি প্রাণ বাঁচানোর আনন্দ। কিন্তু কী বিপদ! আমার সঙ্গে তো পানি নেই। আশপাশেও কেউ নেই। দূরে কোথাও গিয়ে পানি নিয়ে আসব, সেই সাহসটুকুও হারিয়ে ফেললাম। এসে যদি আর...। ঠিক এমন সময় পাশ দিয়েই একটি মেয়ে হেঁটে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয় পড়ুয়া। কোনো ভণিতা নয়, সরাসরিই পানি চাইলাম তাঁর কাছে। মেয়েটিও কি না কি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে পাশ ব্যাগে হাত দিয়ে পানির একটা বোতল বের করলেন। বোতলটি ছোঁ মেরেই মুখের কাছে নিলাম। একটানে বোতলের সবটুকু পানি সাবাড়। পানি খেয়ে তিনি কতটুকু প্রশান্তি পেলেন জানি না, তবে এমন প্রশান্তি আমি এই প্রথম পেলাম। মেয়েটিকে ধন্যবাদ জানিয়ে বললাম, বোতলটি নষ্ট করার কারণে আমি দুঃখিত। আমার কথায় মেয়েটি ভীষণ বিব্রতবোধ করলেন বলে মনে হলো। তাঁর চোখ-মুখ বলছিল, ‘ছি! এ কী বলছেন! আমিও তো মানুষ। আপনি যেটা করছেন, সেটা করতে পারলে আমিও নিজেকে ধন্য মনে করতাম। আর কিনা সামান্য একটা পানির বোতল!’ ধন্যবাদ পর্ব শেষে মেয়েটিকে যেতে বললাম। বললাম, ‘আপনি চলে যান, আমি ওনাকে রিকশায় তুলে দিচ্ছি।’ মেয়েটি চলে গেলেন। এবার আমি জানতে চাইলাম, ‘বাসা কোথায়?’ কী বলছিলেন, শোনা যাচ্ছিল না। আবার মুখের কাছে কান পাতলাম। বিড়বিড় করে ভেসে এল—কামরাঙ্গীরচর। জানতে চাইলাম, ‘রিকশায় তুলে দিলে যেতে পারবেন?’ কোনো সাড়া নেই। ভাবলাম, এত কথা বলা ঠিক হবে না। দ্রুত রিকশা ঠিক করে দিই। কিন্তু কী বিপদ! কাছে কোনো খালি রিকশা নেই। হঠাৎ বিদ্যুৎ চমকানোর মতো হাজির হলো একটি রিকশা। কিন্তু রিকশাওয়ালা কামরাঙ্গীরচর যেতে রাজি হলেন না। আবার এল একটি রিকশা। এর চালকও যেতে রাজি হলেন না। এভাবে একটি দুটি পাঁচটি করে কমপক্ষে ২০টি রিকশাকে জিজ্ঞেস করলাম। কেউ যেতে রাজি হলেন না। সবার একটাই কথা, ‘ভাই, ওই রুটে আমাদের যেতে মানা।’ এবার আর দাঁড়িয়ে থাকা নয়, চারদিকে ছোটাছুটি শুরু করলাম। মিনিট দুয়েকের চেষ্টায়ই রাজি করালাম একজনকে। নিয়ে এলাম তাঁকে। বললাম, ‘ভাই, উনি খুবই অসুস্থ। একটু যদি কামরাঙ্গীরচর নিয়ে যেতেন। ভাড়া নিয়ে ভাববেন না। আমিই দিয়ে দেব।’ আমার এ কথার পর দ্বিতীয় বার আর কোনো চিন্তা করলেন না মধ্যবয়স্ক রিকশাওয়ালা। রাজি হয়ে গেলেন যেতে। ৫০ টাকায় ভাড়া ঠিক হলো।এমন সময় আরও কয়েকজন এসে হাজির হলেন। তাঁরা একটু দূরেই ফুটবল খেলছিলেন। সব জানার পর তাঁদের মধ্যে কয়েকজন ‘ধর ধর’ করে রিকশায় উঠিয়ে দিতে বললেন। করলেনও তাই। কিন্তু রিকশায় বসাতে গিয়েই বাধল বিপত্তি। বসানো গেল না। সিটে তো নয়ই, পা-দানিতেও নয়। সঙ্গে সঙ্গে নামাতে বললেন রিকশাওয়ালা। বললেন, ‘ভাই, আমি ওনাকে নিয়ে যেতে পারব না। রাস্তায় কোনো অঘটন ঘটে যেতে পারে।’ এ কথা শুনে আমিও ভরসা পেলাম না। বুদ্ধি এল মাথায়। আশপাশের জনা দশেক লোককে জিজ্ঞেস করলাম, তাঁরা কেউ একটু সাহায্য করবেন কি না। দয়া করে কামারাঙ্গীরচর এগিয়ে দেবেন কি না। কিন্তু কেউই রাজি হলেন না। তাঁদের একজনের বাসা কামরাঙ্গীরচরে। তাঁর এক বন্ধু বললেন, ‘তুই যা না একটু কষ্ট করে।’ রাজি হলেন না তিনি। আসলে সবাই ভয় পাচ্ছিলেন পথে কী হয় না-হয় তা ভেবে। এমন সময় একজন এসে বললেন, ‘কী হয়েছে ভাই?’ বললাম, ‘উনি খুবই অসুস্থ।’ ‘কতক্ষণ নাগাদ?’ জিজ্ঞেস করতেই বললাম, ‘১০ মিনিট তো হবেই।’ বললেন, ‘ভাই, একটু শুনবেন?’ ‘অবশ্যই।’ একটু দূরে ডেকে নিয়ে বললেন, ‘কিছু মনে করবেন না, উনি প্রায়ই এমন অসুস্থ হন।’ ‘মানে?’ ‘উনি আসলে একজন সুস্থ লোক। এভাবে অসুস্থতার ভান করে টাকা উপার্জন করেন।’ ‘কী বললেন? ওনাকে চেনেন নাকি আপনি?’ ‘হ্যাঁ, ভাই। আমি চার বছর ধরে জসীমউদ্দীন হলে আছি। ওনাকে আমি কয়েকবার অসুস্থ হতে দেখেছি। আবার কিছুক্ষণ পরই সুস্থ হতে দেখেছি। সর্বশেষ গত পয়লা বৈশাখেও ওনাকে আমি এমনটি করতে দেখেছি। উনি আসলে অসুস্থতার ভান করে মানুষের সহানুভূতি আদায় করেন। তারপর যে যা দেয়, তা নিয়ে সটকে পড়েন।’ আর এক মুহূর্তও নয়। চলে গেলাম সেখান থেকে। এতক্ষণে মনের কোণে জমা হওয়া পুরো মানবীয় আবেগ মুহূর্তেই উবে গেল। ঘাম ছুটতে লাগল দুই জুলফি বেয়ে। ভাবলাম, মানুষ এত নিষ্ঠুর হয় কীভাবে! কীভাবে একজন মানুষ আরেকজনের আবেগ, বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলে? এও কি সম্ভব? টাকা যদি প্রয়োজনই হয়, ভিক্ষা করুক। অন্য কিছু করুক। কিন্তু মানুষের সরল বিশ্বাসকে কেন ঠকাবে? সূর্য সেন হলে কাজ ছিল। ছয়-সাত মিনিটের মধ্যে কাজ সেরে নীলক্ষেতের দিকে রওনা দিলাম। রেজিস্ট্রার ভবনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আর একটু পরপর মল চত্বরের ভেতরের সেই রাস্তায় চোখ রাখছিলাম। দেখছিলাম ষাটোর্ধ্ব সেই ‘চরম অসুস্থ’ নারী কী করছেন। রেজিস্ট্রার ভবন পার হয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) কাছে চলে এলাম। এরই মধ্যে দেখি, বৃদ্ধ মহিলা আগের চেয়ে অনেকটাই সুস্থ। হাত-পা নাড়াতে পারছেন। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী টাকা দিলেন। তাও হাত বাড়িয়ে নিলেন। অথচ কিছুক্ষণ আগেও তিনি ছিলেন ‘মৃত্যুপথযাত্রী’।মনিরুল ইসলামঢাকা।