মানুষের জন্য ঘাট বাঁধেন নেপাল চন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দোহাজারী ইউনিয়নের চৌকিদার ফাঁড়ি এলাকায় শঙ্খ নদের পাড়ে নেপাল চন্দ্রের তৈরি ঘাট দিয়ে পারাপার করছেন স্থানীয় বাসিন্দারা l প্রথম আলো
দোহাজারী ইউনিয়নের চৌকিদার ফাঁড়ি এলাকায় শঙ্খ নদের পাড়ে নেপাল চন্দ্রের তৈরি ঘাট দিয়ে পারাপার করছেন স্থানীয় বাসিন্দারা l প্রথম আলো

পরনে সাদা পাঞ্জাবি-পায়জামা, কথাবার্তায় বেশ অন্তর্মুখী। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী বাজারে একটি কাপড়ের দোকান চালান ছোট ভাইয়ের সঙ্গে। সেখানেই দেখা তাঁর সঙ্গে। ঘাটের কথা তুলতেই বললেন, ‘থাক ওসব প্রসঙ্গ। মানুষের উপকার হয় বলেই কাজটা করি। এসব প্রচার করতে চাই না।’
তাঁর নাম নেপাল চন্দ্র সরকার। মানুষের নদী পারাপারের কষ্ট লাঘব করতে গিয়ে নিজের জমি বিক্রি করে শঙ্খ নদে ঘাট তৈরি করে দিয়েছেন। সারা জীবন শ্রেণিহীন সমাজের রাজনীতি করেছেন। কমিউনিস্ট পার্টির হয়ে দাঁড়িয়েছেন মানুষের পাশে। কিন্তু জনপ্রতিনিধি হতে চাননি কখনো। তবু মানুষের দুঃখ, দুর্দশা দেখে স্থির থাকতে পারেন না। শঙ্খ নদে গত এক দশকে তাঁর টাকায় দুটি পাকা ঘাট হয়েছে। এ ছাড়া এলাকার সাতটি পুকুরেও ঘাট করে দিয়েছেন।
চন্দনাইশের দোহাজারী এলাকার বাসিন্দা নেপালের বয়স ৭৫ ছাড়িয়েছে। দোহাজারীতে অবস্থিত ছোট-খাট কাপড়ের দোকানের আয় আর দুই ছেলের পাঠানো টাকা দিয়ে চলে তাঁর সংসার। নিজের তিন কানি জমির মধ্যে দেড় কানিই বিক্রি করে দিয়েছেন শঙ্খের পাড়ে ঘাট তৈরি করতে গিয়ে। দুই ছেলে দুই মেয়ের মধ্যে দুই মেয়ের বিয়ে হয়েছে। লেখাপড়া শেষ করে এক ছেলে চট্টগ্রাম শহরে এবং আরেক ছেলে রাশিয়াতে ব্যবসা করছেন। নেপালের এখন ধ্যানজ্ঞান গ্রামের মানুষজন। তাঁদের আপনজন তিনি, আর গ্রামের মানুষজনও নেপালকে নিজেদের নিকটজন বলেই ভাবেন।
দোহাজারি ইউনিয়ন সদর থেকে এক কিলোমিটার উত্তর পূর্ব দিকে গ্রামীণ সড়ক ধরে গেলে রাস্তার পাশেই নেপালের দ্বিতল পাকা ভবন। কথায় কথায় জানালেন তাঁর ঘাট তৈরির বৃত্তান্ত। গত ১০ বছর ধরেই এমন কাজ করছেন তিনি। প্রথমে গ্রামের মানুষজনকে পুকুরের ঘাট তৈরি করে দিতেন। এরপর গত পাঁচ বছর আগে দোহাজারী রেলস্টেশনের পাশে শঙ্খ নদের পাড়ে একটি ঘাট তৈরি করে দেন। কিছুদিন আগে ৭ ফেব্রুয়ারি দোহাজারীর চৌকিদার ফাঁড়ি এলাকায় আরও একটি ঘাট তৈরি করে দেন তিনি। এ ছাড়া চন্দনাইশের দোহাজারীর দিয়ারকুল ও জামিজুরিতে সাতটি পুকুরেও ঘাট তৈরি করে দিয়েছেন।

মানুষের কষ্ট লাঘবে নেপাল চন্দ্র সরকার গত এক দশক ধরে পুকুর ও নদীতে ঘাট তৈরি করে চলেছেন
মানুষের কষ্ট লাঘবে নেপাল চন্দ্র সরকার গত এক দশক ধরে পুকুর ও নদীতে ঘাট তৈরি করে চলেছেন

স্থানীয় বাসিন্দারা জানান, হাজারো মানুষ প্রতিদিন দোহাজারীর চৌকিদার ফাঁড়ির ঘাট হয়ে শঙ্খ নদ পারাপার করে। পাকা ঘাট তৈরির আগে প্রতিদিন কাদা ও মাটি মাড়িয়ে যাত্রীদের পারাপার করতে হতো। বর্তমানে ওই স্থানে প্রায় তিন লাখ টাকা ব্যয়ে নেপাল সরকার তিন শ ফুট দীর্ঘ একটি পাকা ঘাট নির্মাণ করে দেন।
৭ ফেব্রুয়ারি নেপাল সরকার নিজেই এ ঘাটের উদ্বোধন করেন। এ সময় দোহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য আবদুল নবী, দোহাজারী আবুল কাসেম ফাউন্ডেশনের চেয়ারম্যান লোকমান হাকিমসহ বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন।
দোহাজারী রেল স্টেশন থেকে প্রায় আট কিলোমিটার দূরে লালুটিয়া সড়কে শঙ্খ নদীর পাড়ে চৌকিদার ফাঁড়ির ঘাট অবস্থিত। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ঘাট দেয়ে অসংখ্য যাত্রী নদী পথে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। বান্দরবান জেলার কিছু এলাকার লোকজন ও চন্দনাইশ উপজেলার পাঁচ ইউনিয়নের হাজারো মানুষ এই ঘাট দিয়ে যাতায়াত করে বলে নৌকার মাঝিরা জানান।
চৌকিদার ফাঁড়ি ঘাটে কথা হয় নৌকার অপেক্ষায় থাকা যাত্রী রুনা বড়ুয়ার সঙ্গে। তিনি বলেন, ঘাটটি হওয়ার আগে মাটি ও কাদা মাড়িয়ে নৌকায় উঠতে অনেক কষ্ট হতো। এখন ঘাট হওয়ায় সে কষ্ট লাঘব হয়েছে।
ঘাট দিয়ে প্রতিদিন সাধারণ মানুষ ছাড়াও সবজি নিয়ে কৃষকেরা দোহাজারী বাজারে যাওয়া আসা করেন। এ ছাড়া দোহাজারী ইউনিয়নের দিয়ারকূল ও জামিজুরী ইউনিয়নের মসজিদ, মন্দির ও বিদ্যালয়ের সামনে সাতটি পুকুরের ঘাটও নির্মাণ করেছেন তিনি।
নেপাল সরকার বলেন, ‘আমি মানুষের কষ্ট দেখে এ ধরনের উদ্যোগ নিয়েছি। কোনো উদ্দেশ্য নিয়ে এ কাজ করছি না। সরকারের দিকে তাঁকিয়ে না থেকে নিজের টাকায় এ ধরনের কাছ করে যাচ্ছি।’ ভবিষ্যতেও তাঁর এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
দোহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, নেপাল সরকার দীর্ঘ দিন ধরে এলাকায় সামাজিক উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত। তিনি জামিজুরি বালক নিম্নমাধ্যমিক বিদ্যালয়েরও প্রতিষ্ঠাতা। শঙ্খ নদে দুটি ঘাট তৈরি করে দিয়ে তিনি প্রতিদিন আট হাজার মানুষকে নদী পারাপারের সুযোগ করে দিয়েছেন।