প্রথম আলাপ: প্রায় ৫৩ বছর আগে আমরা একসঙ্গে চট্টগ্রাম কলেজের ছাত্র ছিলাম। একসঙ্গে রাজনীতি করেছি। খেলাধুলা করেছি। আমরাই চট্টগ্রামে বাঙালিদের মধ্যে ক্রিকেট খেলার প্রচলন করেছিলাম। মনে পড়ে, চট্টগ্রাম কলেজের শিক্ষক মোহর আলী একবার আমাদের ঢাকায় নিয়ে যান খেলতে। আমাদের খেলা হয়েছিল নটরডেম কলেজের সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে। সে সময় কাগমারি সম্মেলনের কারণে ছাত্ররা মারামারিতে জড়িয়ে পড়ে। ছাত্রদের একটি দল ছিল কাগমারি সম্মেলনের পক্ষে, আরেক দল বিপক্ষে। ছাত্ররা মারামারি করতে করতে মাঠে চলে আসে। এ জন্য আমাদের খেলা আধঘণ্টা বন্ধ ছিল।বিশ্ববিদ্যালয় জীবন: আমরা একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। কায়সার রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিল। আমি সমাজতত্ত্বের। তার স্ত্রী নিলুফার বানুও সমাজতত্ত্বের ছাত্রী ছিলেন। আমার দুবছরের ছোট (জুনিয়র)। এস এম হলে কায়সারদের কক্ষে আমি প্রায়ই যেতাম। কায়সারেরাও আসত আমাদের হলে লুচি-তরকারি খাওয়ার লোভে। তখন আমার হলেই কেবল লুচি পাওয়া যেত। এভাবে প্রায় প্রতিদিনই আমাদের দেখা হতো, আড্ডা জমত। কায়সারের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ওয়ালিউল ইসলাম, রাফিয়া আক্তার। যিনি হুইপ ছিলেন বঙ্গবন্ধুর শাসনামলে। তাঁর স্বামী ছিলেন যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব। সক্রিয় রাজনীতি: ১৯৬৪ সালে পরীক্ষার পরপরই কায়সার চট্টগ্রাম চলে আসে। আমি আসি ১৯৬৯ সালে। সে বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগ খোলার পর আমি যোগ দিলাম। ১৯৬৯ সালে কায়সার, মোশাররফ হোসেন (বর্তমানে বেসামরিক বিমান চলাচলবিষয়ক সংসদীয় উপদেষ্টা কমিটির সদস্য) সুলতান (পুরো নাম মনে পড়ছে না) এ তিনজনকে এম এ আজিজ সাহেব আওয়ামী লীগে নিয়ে আসেন। কায়সার ১৯৭০ সালে আনোয়ারা থেকে নির্বাচন করে এমএনএ (মেম্বার অব ন্যাশনাল অ্যাসেম্বলি) হয়। জমিদারের ছেলে ছিল কায়সার। চাকরি করার প্রয়োজনও ছিল না। তবে দুটো চাকরি করেছে, দক্ষিণ কোরিয়া এবং রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত হিসেবে। ৭১ সালে কায়সার সরাসরি গেরিলাযুদ্ধে অংশগ্রহণ করে। ১৯৭২ সালে সংবিধান রচয়িতাদের অন্যতম ছিল। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর কায়সারকে কারাবাস করতে হয়েছে। কায়সার পুরোটা জীবনই দেশের জন্য উৎসর্গ করেছে। অত্যন্ত বন্ধুবৎসল কায়সারের মধ্যে মানুষের প্রতি অকৃত্রিম দরদ ছিল। আচার-আচরণ সবকিছুর মধ্যে একটা আভিজাত্য ছিল। ও রাজনীতিকে ব্যবহার করে কোনো সুবিধা আদায় করেনি। রাজনীতি সে করত সত্যিকার অর্থে মানুষের সেবার জন্য। যে স্মৃতি পীড়িত করে: ২০০৯ সালের ৯ এপ্রিল আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে। ঠিক পরদিনই মারা গেল কায়সারের স্ত্রী। আমি কায়সারকে ফোন করে বললাম আমার স্ত্রী ব্রেন হেমারেজ হয়ে হলিক্রিসেন্টে নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে (আইসিইউ) রয়েছে। আমি জানতাম না, ভাবি যে মারা গেছ। কারণ আমি আমার স্ত্রীকে নিয়ে দু-তিন দিন এতই ব্যস্ত ছিলাম যে এ সময়ে আমি কোনো পত্রিকাও দেখার সুযোগ পাইনি। এদিকে, কায়সারও আমার স্ত্রীর অসুস্থতার কথা জানত না।আমি যখন কায়সারকে ফোন করি তখন ও কান্নায় ভেঙে পড়ে। ভাবির কুলখানির পর প্রায় প্রতিদিন আসত হাসপাতালে আমার স্ত্রীকে দেখতে। এটা দেখে সবাই অবাক হতো। আমার সঙ্গে ওর যে কত স্মৃতি রয়েছে তা বলে শেষ করা যাবে না। ভাবির মৃত্যুর পর কায়সার খুব একা হয়ে যায়। কারণ ওর তিন মেয়ে তাদের স্বামী-সংসার নিয়ে ব্যস্ত থাকে। যখন খুব একাকী বোধ করত তখন সে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে চলে আসত। একদিন ও আমার ওখান থেকে জনপ্রিয় অভিনেতা বুলবুল আহমেদকে ফোন করল। বুলবুল আহমেদও আমাদের সঙ্গে পড়ত। আমরা দুজনেই বুলবুলের সঙ্গে কথা বললাম। এর কিছুদিন পরেই তো বুলবুল আহমেদ মারা গেল। শেষ আলাপ: মারা যাওয়ার তিন দিন আগে আমি যখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওকে দেখতে গেলাম। ও আমাকে জানিয়েছিল, ডাক্তার বলেছে মাস তিনেক লাগবে সুস্থ হতে। দুর্ঘটনার পর ওকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখান থেকে ও প্রায় জোর করেই চলে এসেছিল বলে শুনেছি। ওর ভালো লাগছিল না সেখানে। ঢাকায় অ্যাপোলোতে নেওয়া হলো, সেখানেও ওর মন বসছিল না। অনেকটা জোর করেই চট্টগ্রামে চলে আসে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও তাকে চিকিৎসকেরা জোর দিয়েছিলেন আইসিইউতে থাকতে। ও ছিল ভিভিআইপি ক্যাবিনে। কিন্তু সেখান থেকে আইসিইউর চিকিৎসাসেবা দেওয়া সম্ভব নয়। ফলে হূদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে আইসিইউতে স্থানান্তর করতে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমি হাসপাতালে তাকে দেখতে গিয়ে বখতেয়ার নূর সিদ্দিকীর সঙ্গে দেখা। বখতেয়ার আমাকে বললেন, ‘কায়সার ভাই আমাকে বলেছেন, আপনি তাঁর ছেলেবেলার বন্ধু। আপনাকে প্রতিদিন আসতে বলেছেন। চট্টগ্রামে আপনার মতো ঘনিষ্ঠ নাকি আর কেউ নেই।’পূরণ হলো না শেষ ইচ্ছে: জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি কায়সারের মধ্যে অফুরন্ত প্রাণশক্তি দেখেছি। আত্মবিশ্বাস দেখেছি। আবারও জীবনের হাল ধরার মনোবলে কোথাও কোনো ঘাটতি ছিল না ওর মধ্যে। তবুও সব হিসাব চুকিয়ে দিয়ে কায়সারকে চলে যেতে হলো। আর ওর চলে যাওয়ার ফলে অপূর্ণ রয়ে গেল তার অনেক ইচ্ছের মধ্যে একটি। তা হলো আত্মজীবনী লেখা। কায়সার চেয়েছিল, তার জীবনের নানা ঘটনাপ্রবাহ লিখে যেতে। কিন্তু তা আর হয়নি। অনুলিখন: নিজাম সিদ্দিকী