মানুষের জন্য ‘মানুষ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আলীদা বিনতে সাকী জানান, একদিন আমার ভাইয়ের বন্ধুর জন্য রক্তের প্রয়োজন হয়। অনেক খোঁজার পরও যখন পাইনি, ‘মানুষ’-কে ফোন করার পর রক্ত পাই। তখন কী যে আনন্দ লাগছিল! সেই দিন থেকে মনে মনে ঠিক করি, আমি ‘মানুষ’-এর সঙ্গে যুক্ত হয়ে কাজ করব।২০ মে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের সিটি ক্যাম্পাস মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানুষ’-এর নতুন শাখা আত্মপ্রকাশ করে। অনুষ্ঠান উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক ও শিশুবিশেষজ্ঞ এম আর খান। অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) একতেদার আহমেদ, আইন অনুষদের ডিন এ ডব্লিউ এম আবদুল হক, কথাসাহিত্যিক আনিসুল হক, অ্যাডভোকেট শফিকুর রহমান বক্তৃতা করেন। আলোচনার পর ডা. মোস্তফা আহমেদ স্বাস্থ্যসচেতনতামূলক কর্মশালা পরিচালনা করেন। সবশেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শফিক তুহিন ও মাসুদ সারোয়ার।‘মানুষ’ ২০০৯ সালের ১ জানুয়ারিতে যাত্রা শুরু করে। এখন তাদের প্রায় ৩০টি শাখা রয়েছে। রক্তদান কর্মসূচির পাশাপাশি তাদের রয়েছে রক্তের গ্রুপ নির্ণয়, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো, স্বাস্থ্যসচেতনতাসহ নানা রকমের কর্মকাণ্ড।‘আমাদের দেশে রক্তের অভাবে কোনো মানুষ মারা যাবে না—এটা নিশ্চিত করতে চাই।’ প্রথম বর্ষের শিক্ষার্থী আরমান রহমানের কথাতেই যেন উঠে আসে ‘মানুষ’ প্রতিষ্ঠার লক্ষ্য। নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম, ফামিদা ফারুক, মাহফুজা নূর রহমান, ফারিয়া মাহমুদ ও আশরাফুজ্জামান খান জানান, ‘মানুষ’-এর সঙ্গে যুক্ত হয়ে তাঁরা বস্তিতে বস্তিতে ঘুরে মানুষের সহযোগিতা করবেন। তাদের বোঝাবেন রক্ত দিলে কোনো ক্ষতি হয় না, বরং স্বাস্থ্য ভালো থাকে।‘মানুষ’-এর পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল আলাউল বলেন, সমাজের প্রতি মানুষের দায়বদ্ধতা আছে, তা থেকেই ‘মানুষ’ নামের এই সংগঠন। ‘মানুষ’-এর বর্তমান ও ভবিষ্যত্ কার্যক্রম সম্পর্কে সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট রাশেদুল আলম জানান, ‘এখন পর্যন্ত প্রায় ১০ হাজার রক্তের গ্রুপ নির্ণয় করেছি। তিন হাজার মানুষকে সরাসরি রক্ত দেওয়া সম্ভব হয়েছে।’