মানুষের নাকি পাখির বাড়ি!
বাঘাইছড়ির দুর্গম উগউলছড়ি বিলের পাশে অবস্থিত বাড়িটিকে পাখির বাড়ি বললে ভুল হবে না। বাড়ির চারদিকে প্রায় অর্ধশত সেগুন আর কড়ইগাছ। সন্ধ্যা নামার আগে আগে বাড়ির আঙিনায় এসে হাজির হয় হাজারো বক। বাড়িটির গাছগুলো ওদের নিরাপদ আশ্রয়। সন্ধ্যার সময়টা তাই পাখির কোলাহলে বাড়ির চারপাশটা মুখর থাকে।রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি গ্রামে বিলের ধারে বাড়িটির অবস্থান। বাড়ির আঙিনা যেন বকের আখড়া। বিলের পাশ দিয়ে যাওয়ার সময় মাঝিমাল্লারা এক নজর দেখে যান বাড়িটি।পাখির আনাগোনায় বিরক্ত হন না বাড়ির বাসিন্দারা। পাখির কলকাকলি আনন্দ দেয় তাঁদের। বকগুলোকে নিজের পরিবারের সদস্যই মনে করেন তাঁরা। সে কারণে কেউ যেন বক শিকার করতে না পারে সেদিকেও লক্ষ রাখেন সব সময়। গৃহকর্তা মো. ওমর আলী বলেন, ‘১৯৯৭ সালে আমার বাড়ির আঙিনায় বকেরা আশ্রয় নেয়। ২০০৩ সালে বাড়িতে চুলা থেকে আগুন লাগে। তারপর এক বছর ধরে আসেনি বকেরা। কিন্তু তার পরের বছর আবার আসতে থাকে। ভোরে বাড়িতে আশ্রয় নেওয়া বকেরা দল বেঁধে খাদ্যের সন্ধানে বেরিয়ে পড়ে।’গ্রামের মানুষ বকগুলোকে মারে না। তবে মাঝে-মাঝেই হানা দেয় শিকারিরা। ওমর আলী তখন তাদের বাধা দেন। শিকারে বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকিও পেয়েছেন তিনি। সম্প্রতি সরেজমিনে পাখির বাড়িতে গিয়ে দেখা যায়, প্রতিটি গাছে আশ্রয় নিয়েছে শত শত বক। গাছের পাতা ও বাড়ির আঙিনাজুড়ে বকের আবর্জনা ও মলমূত্র। বাড়ির মালিক মো. ওমর আলী জানান, ১৫ বছর আগে মাত্র ১০-১৫টি বক তাঁর বাড়ির পাশে একটি গাছে থাকত। এই বকেরা বংশ বিস্তার করেছে। এখন তাদের সংখ্যা হাজার ছাড়িয়েছে। তবে বক বেড়ে যাওয়ায় আবাসস্থলের সংকট দেখা দিয়েছে। দেখা দিয়েছে খাদ্যসংকটও। কয়েক বছর ধরে অধিকাংশ বক বাইরে বাসা বাঁধা শুরু করেছে। ওমর আলীর ছেলে মো. রুবেল বলেন, ‘প্রতিদিন বাড়ির আঙিনায় বকগুলোর মলমূত্র পরিষ্কার করতে দুই থেকে তিন ঘণ্টা লেগে যায়। মা ও বোন সবাই পালাক্রমে পরিষ্কার করি। প্রথমে খারাপ লাগলেও এখন ভালো লাগে। কারণ, দীর্ঘ সময় ধরে থাকতে থাকতে বকগুলোর প্রতি ভালোবাসা জন্মে গেছে। শিকারিদের উৎপাত ঠেকাতে আমরা পালাক্রমে পাহারা দিই।’