
অক্টোবর মাসেই বিশ্ব প্যালিয়েটিভ কেয়ার দিবস। তাই দুরারোগ্য ব্যাধির সেবা নিয়ে এই লেখা।
একজন চিকিৎসকের কথা আমার আজও মনে পড়ে। তাঁর স্ত্রীও ছিলেন পেশায় চিকিৎসক। পারিবারিকভাবেই চিনতাম তাঁদের। যে অবস্থায় সেই ব্যক্তির ক্যানসার ধরা পড়ল, বিদেশের উন্নত চিকিৎসাও তাঁকে পরিত্রাণ দিতে পারেনি। তবে সিঙ্গাপুরে গিয়ে প্যালিয়েটিভ কেয়ারের মতো এক নতুন কিন্তু অসাধারণ সেবার ব্যাপারে জানতে পেরে তাঁরাই সেটির কথা জানিয়েছিলেন আমাকে। দুঃসহ যন্ত্রণায় ভুগতে থাকা রোগীদের পাশে থাকার এক মাধ্যম প্যালিয়েটিভ কেয়ার।
বলছিলাম ২০০৫ সালের কথা। আমি তখন একটি হাসপাতালের শিশু বিভাগে কাজ করি। ১৯৮৯ সালে চিকিৎসক হিসেবে কাজ শুরু করার পর থেকে সেই সময় পর্যন্ত নানান সময়ে নানান শিশুর এমন কিছু অপ্রত্যাশিত সমস্যার কথা শিশুটির মা-বাবাকে জানাতে হয়েছে, যা তাঁদের জন্য মেনে নেওয়াটা কঠিন ছিল। এভাবে মা-বাবাকে সন্তানের দুরারোগ্য ব্যাধির কথা বলার সময় কষ্ট পেতাম।
আক্ষরিক অর্থেই মানবিকভাবে মানুষের পাশে দাঁড়াতে নতুন এক সেবার দিগন্ত দেখতে পেলাম যেন। নিজের জীবনে কাছ থেকে দেখেছি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষের যন্ত্রণা। আমার দাদি ক্যানসারে ভুগে মারা যান। তখনো আমি চিকিৎসক হইনি। চোখের সামনে দেখেছি সাহসী এক নারীকে ক্যানসারের কাছে বিধ্বস্ত হয়ে পড়তে। ব্যথায় কাতর মুহূর্তগুলোতে কীভাবে নিঃশেষ হয়ে যাচ্ছিলেন তিনি, আজও তা ভুলতে পারিনি।
প্যালিয়েটিভ কেয়ারে কিছু করার সুযোগ প্রথম পেলাম এশিয়া প্যাসিফিক হসপিস নেটওয়ার্ক ফেলোশিপ স্কলারশিপের মাধ্যমে, ২০০৫ সালে। এর আগে জনস্বাস্থ্য (পাবলিক হেলথ) নিয়েও পড়াশোনা করেছি। আর চিকিৎসক হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে প্যালিয়েটিভ কেয়ারের সঙ্গে পথ চলাটা শুরু হয়।
প্যালিয়েটিভ কেয়ার কী?
এটি এমন এক চিকিৎসাসেবা, যা অনিরাময়যোগ্য রোগে আক্রান্ত ব্যক্তির দুঃসহ কষ্ট কমাতে সাহায্য করে এবং সংকটময় মুহূর্তে তাঁকে আত্মিক ও মানসিক সমর্থন দেয়। অসহনীয় যন্ত্রণায় ভুগতে থাকা একজন মানুষের যন্ত্রণার সময়গুলোতে তাঁর পাশে থাকে প্যালিয়েটিভ কেয়ার সেবাদাতারা। এ ছাড়া রোগী ও তাঁর আপনজনদের সাহায্য করা এবং রোগীর জীবনযাত্রার মান উন্নয়ন করাও এই সেবার মধ্যে পড়ে।
প্রশমনসেবার অনন্যতা
সব ধরনের শারীরিক সমস্যা একইভাবে সমাধান করা যায় না। এমন কিছু রোগ থাকে, যেগুলোতে রোগীর শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিক শান্তির জন্য আলাদা একটি সমর্থন প্রয়োজন। সেই সমর্থনের জন্যই প্যালিয়েটিভ কেয়ার। স্বাস্থ্যসেবার অন্যান্য দিকের চেয়ে এই দিকটি এ কারণেই খানিকটা আলাদা। এটি একটি পূর্ণাঙ্গ সেবা। প্যালিয়েটিভ কেয়ার কখনোই বলে না, ‘আমাদের আর কিছু করার নেই।’ বরং এটি সব সময়ই একজন রোগীর হতাশা কাটাতে এবং তাকে জীবনের শেষ দিনটা পর্যন্ত মানসিক শান্তি দিতে চেষ্টা করে। তাই তো রোগীর মৃত্যুর পরও রোগীর নিকটজনেরা এ সেবাদানকারীদের ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা জানান অন্তিম মুহূর্ত পর্যন্ত মানুষটিকে সমর্থন দেবার জন্য।
কাদের জন্য এ সেবা?
ক্যানসার, অন্তিম পর্যায়ের কিডনি, ফুসফুস, হৃৎপিণ্ড অথবা লিভারের অসুখ, এইডসসহ যেকোনো অনিরাময়যোগ্য রোগে আক্রান্ত ব্যক্তি এ সেবার মাধ্যমে উপকৃত হতে পারেন। এটি শুধু মৃত্যু আর মৃতপ্রায় রোগীকে নিয়েই কাজ করে না, বরং যিনি অসুস্থতা সত্ত্বেও দীর্ঘ জীবন পেতে পারেন, তাঁদের সমর্থন দেওয়াও এ সেবার অংশ। এ ছাড়া সবকিছু ভুলে যাওয়া, কাউকে চিনতে না পারা এমন রোগে যঁারা আক্রান্ত তাঁরাও এই সেবা পেতে পারেন।
রোগীর পাশে
দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীর মানসিক বিপর্যয়, উদ্বেগ, বিষণ্নতা, তাঁর পরিবার, আর্থিক অবস্থা এবং তাঁর সামগ্রিক পরিস্থিতি বুঝে কাজ করে প্যালিয়েটিভ কেয়ার। তা ছাড়া শুধু হাসপাতালে নয়, বরং বাড়িতেই কীভাবে রোগী এ ধরনের সেবা পেতে পারেন, সেটিও আমরা রোগীর আপনজনদের বুঝিয়ে থাকি।
ব্যথার যন্ত্রণায়
প্রচণ্ড ব্যথায় কাতর একজন মানুষ দিনের পর দিন অসহ্য যন্ত্রণা সহ্য করছেন। আমাদের কাজ এ মানুষগুলোকে একটু শান্তি দেওয়া। হয়তো তাঁর অসুখটা কখনো ভালো হবে না, কিন্তু এ ব্যথাটা কমানোর চেষ্টাটুকু তো আমরা করতেই পারি। ক্যানসারের রোগীর মারাত্মক ব্যথার সর্বোত্তম ওষুধ ‘মরফিন’। সাধারণ ব্যথানাশক এ ব্যথা কমাতে পারে না। তবে মরফিনের মতো ওষুধকে কেউ কেউ অপব্যবহার করে বলে এটি সহজলভ্য নয়। কিন্তু সেই ব্যথায় কাতর মুখগুলোর দিকে তাকানোই শুধু নয়, তাঁদের যন্ত্রনা প্রশমিত করা ও মানসিক প্রশান্তি দেওয়া প্রত্যেকেরই দায়িত্ব। তাই এমনভাবে ওষুধটি বণ্টন করতে হবে, যেন প্রয়োজনে রোগী এটি গ্রহণ করতে পারে।
মিথ্যা আশ্বাস নয়
আপনার কিছু হয়নি, আপনি দুদিন পরই সুস্থ হয়ে বাসায় চলে যেতে পারবেন—এমন কথা কি সেই রোগীকে বলাটা ঠিক, যাঁর সারা শরীরে ছড়িয়ে পড়েছে কর্কটরোগ? নিশ্চয়ই না। তবে এভাবেও বলা যাবে না যে, আপনার সব শেষ হয়ে গেছে, এখন কিছু করার নেই। তাকে পুরো বিষয়টি সঠিকভাবে বুঝিয়ে বলা প্রয়োজন এবং যত দিন তিনি বাঁচবেন, তত দিন যেন ছোট ছোট কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করে ভালোভাবে বাঁচতে পারেন সেই ব্যবস্থা করা উচিত।
যাঁদের আপনজন যন্ত্রণাকাতর, শুধু যে তাঁরাই এ বিষয়ে জানবেন, তা নয়। সামাজিকভাবে প্রত্যেকেরই উচিত এই বিষয়টা সম্পর্কে জানা। আর এটা জানতে হবে সবাইকেই। এদেশে এখনও প্যালিয়েটিভ কেয়ার পরিপূর্ণরূপে প্রচলিত হয়নি। এখনও রয়েছে সচেতনতার অভাব। তবে সচেতন ব্যক্তির অবশ্যই এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানো উচিত।
লেখক: প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন, বাংলাদেশ প্যালিয়েটিভ অ্যান্ড সাপোর্টিভ কেয়ার ফাউন্ডেশন
[email protected]