মানুষের ভালোবাসা টের পায় পাখি!
শীত শেষ হয়ে এলেও রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি বিলে আশ্রয় নেওয়া অতিথি পাখিরা এখনো যাচ্ছে না। অন্যান্য বছর এ সময় অতিথি পাখিরা চলে গেলেও এ বছর তা ঘটেনি। বরং প্রতিদিনই নতুন অতিথি পাখি আসছে। ৮ ফেব্রুয়ারি উগলছড়ি বিলে গিয়ে দেখা যায়, হাজারো পাখির কলতানে মুখরিত হয়ে উঠছে চারপাশ। সাধারণত জানুয়ারি মাস পর্যন্ত অতিথি পাখির কলকাকলিতে মুখরিত থাকে বিলটি। প্রতিবছর জানুয়ারি মাসের শেষের দিকে অতিথিরা চলে গেলেও এ বছর এখনো নতুন অতিথি পাখির আগমন ঘটছে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, অতিথিরা এখানে নিরাপদ বোধ করছে বলেই এভাবে আসছে। অসাধু শিকারিদের হাত থেকে অতিথি পাখি রক্ষায় তাঁরা পাহারাও বসিয়েছেন।উগলছড়ি বিলের পাশে বসবাসকারী লোকজন জানান, নভেম্বর মাসে বিলে অতিথি পাখির আসা শুরু হয়। বিলে প্রায় ২০ থেকে ২৫ প্রজাতির অতিথি পাখি এসেছে। গত কয়েক দিনে নতুন আরও কয়েক প্রজাতির অতিথি পাখি এসেছে। প্রতিদিন অতিথি পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙছে আশপাশের লোকজনের। সকাল থেকে বিকেল পর্যন্ত বিপুলসংখ্যক মানুষ ভিড় জমাচ্ছেন অতিথি পাখি দেখতে। এলাকার লোকজন পাখিপ্রেমী হওয়ায় এখন পর্যন্ত বিলে পাখি শিকারের ঘটনা ঘটেনি। সরেজমিনে দেখা গেছে, বিলজুড়ে ডুবরি পাখি, পাতি হাঁস, গাংচিল, গাংকবুতর, শামুকভাঙা, পানকৌড়ি ও দেশি বকসহ নানা জাতের পাখি সাঁতার কাটছে। কিছু পাখি ব্যস্ত খাবারের খোঁজে। বিলে পুঁতে রাখা বাঁশের ওপরও বসেছিল অনেক পাখি। শিকারিদের আনাগোনা বন্ধ করতে বিলে নিয়মিত টহল দেন যাঁরা, তাঁদের একজন মো. হানিফ। তিনি বলেন, ‘উলুছড়ি, নলবনিয়া ও শিজকের পাশের বিলগুলোতে শিকারিরা প্রতিদিন শত শত অতিথি পাখি হত্যা করছে। এখানে আমরা পাহারা বসিয়েছি। বেশ কয়েকবার শিকারিদের ধাওয়াও করেছি।’ কাচালং ডিগ্রি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক মো. কবির আহম্মেদ বলেন, ‘উগলছড়ি বিলকে অতিথি পাখি নিরাপদ ভাবছে। সে জন্য এ বছর এখনো বিল ছেড়ে যায়নি। বিলে খাবারও রয়েছে প্রচুর। শিকারিদের উৎপাত না থাকায় মৌসুম শেষেও পাখি আসছে এই বিলে।’ বাঘাইছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলন কমিটির সভাপতি ও বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির সদস্য মো. আবুল ফজল বলেন, ‘উগলছড়ি বিল অতিথি পাখির অভয়ারণ্যে পরিণত হয়েছে। এর কারণ—স্থানীয় বাসিন্দারা পাখিপ্রেমী। তাঁরা পাখি রক্ষায় এগিয়ে এসেছেন। এটা পরিবেশ রক্ষায় সবাইকে উদ্বুদ্ধ করবে।’