মানুষের ভাষা হড় কাথা
জার্মান বেতার ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতায় মানবাধিকার বিভাগের পুরস্কার জিতে নেয় সমর মাইকেল সরেন সঞ্চালিত একটি আদিবাসী ব্লগ। এরপর সাঁওতাল জাতিগোষ্ঠীর তরফ থেকে সমরের কাছে একে একে অনুরোধ আসতে থাকে—ব্লগটি সাঁওতালি ভাষায় করা হোক। এ অনুরোধ সমরকে তাড়িত করে। সেই ভাবনা থেকেই তাঁর মাথায় আসে সাঁওতালি ভাষার টাইপিং সফটওয়্যার তৈরির কথা। এর নাম দেওয়া হয়েছে ‘হড় কাথা’, সাঁওতালি ভাষায় যার অর্থ হচ্ছে ‘মানুষের ভাষা’।সমর মাইকেল সরেন ও ফিরোজ আহমেদ রাজশাহীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একই বিষয়ে পড়াশোনা করেন। দুজনের মাতৃভাষা আলাদা হলেও মনের দিক দিয়ে একে অপরের প্রিয় মানুষ, কাছের বন্ধু। সমরের ভাবনা ফিরোজকেও নাড়া দেয়। দুজন নগরের দুটি ছাত্রাবাসে থাকেন। ফিরোজের কাছে একটি ল্যাপটপ আর সমরের কাছে একটি ডেস্কটপ। দুজন রাত-দিন কাজ করেন। আর তথ্যবিনিময় করেন অনলাইনে। সাত মাসের মাথায় আসে কাঙ্ক্ষিত সাফল্য। তাঁরা তৈরি করে ফেলেন সাঁওতালি টাইপিং সফটওয়্যার। পাশাপাশি সমর আরও একটি কাজ করে ফেলেন। তিনি তৈরি করে ফেলেন একটি সাঁওতালি ভাষার ওয়েবসাইট। www.naoamarsal.net।কাজটি যেমন সহজ নয়, তেমনি ভাগ্যও তাঁদের কম বিড়ম্বনায় ফেলেনি। দুজনের কাজ যখন প্রায় ৭০ শতাংশ শেষ হয়ে এসেছে, সমর তাঁর সব কাজ ফিরোজের কাছে জমা দিয়েছেন। এখন শুধু সমন্বয় বাকি। এমন সময় ফিরোজের ল্যাপটপটি চুরি হয়ে যায়। শুনতে অবাক লাগে, এ ঘটনার পর সমর-ফিরোজ কেউই অধৈর্য হয়ে পড়েননি। তাঁরা আবার গোড়া থেকে শুরু করেন। আবার খেটেখুটে যখন কাজ দাঁড় করিয়েছেন, এমন সময় ফিরোজের বাবা হারেস উদ্দীন আকস্মিকভাবেই মৃত্যুবরণ করেন। এতে অনেকটাই ভেঙে পড়েন ফিরোজ। পরিবারের দায়িত্বও কাঁধে তুলে নিতে হয় তাঁকে। এসব অপ্রত্যাশিত ঘটনা তাঁদের বেশ পিছিয়ে দিয়েছে। কিন্তু কাজ থেকে তাঁরা সরে আসেননি।অবশেষে তাঁরা তৈরি করতে সক্ষম হন টাইপিং সফটওয়্যার এবং সাঁওতালি ভাষায় তৈরি বিশ্বের প্রথম ওয়েবসাইট। এটি আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর জন্য সাঁওতালি ভাষায় প্রথম ইউনিকোডভিত্তিক সফটওয়্যার। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, ইউনিকোডভিত্তিক হওয়ায় এই টাইপিং সফটওয়্যারটি যেকোনো অ্যাপ্লিকেশনে ব্যবহার করা যাবে। মাইক্রোসফট অফিসের সব অ্যাপ্লিকেশনে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি) সাঁওতালি ভাষায় লেখালেখি করা যাবে। এমনকি এটি অভ্র সফটওয়্যারের মাধ্যমে ইন্টারনেটেও লেখালেখি করা সম্ভব। এই টাইপিং সফটওয়্যারটিতে প্রোগ্রামিং প্ল্যাটফর্ম হিসেবে সি সার্প ও জাভা ব্যবহার করা হয়েছে।সমর মাইকেল সরেন ও ফিরোজ আহমেদ দুজনই বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউআইটিএসের রাজশাহী ক্যাম্পাসে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে বিএসসি পড়ছেন। সমর মাইকেল সরেনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর গ্রামে। তিনি আদিবাসী বাংলা ব্লগের হেড অব অ্যালায়েন্স ও নির্মাতা। তথ্যপ্রযুক্তিতে আদিবাসীদের সম্পৃক্ত করতে তিনি আদিবাসী অনলাইন কমিউনিটি অব বাংলাদেশ নামের একটি কমিউনিটিও গড়ে তুলেছেন। এই কমিউনিটির আদিবাসী তথ্যকোষ তৈরির উদ্দেশ্যে একটি মিনি সার্চ ইঞ্জিনও রয়েছে। সমর সরেন এর আগে সান্তালি ভাষায় ইন্টারনেটে লেখালেখি করার জন্য একটি মাউস ক্লিক কি-বোর্ডও নির্মাণ করেছিলেন, যা বর্তমানে আদিবাসী বাংলা ব্লগ-w4study.com এ সংযুক্ত রয়েছে।সমর এই কমিউনিটির মাধ্যমে নিজ উদ্যোগে বর্তমানে ২০টি আদিবাসী জনগোষ্ঠীর ভাষায় ওয়েবসাইট ও সফটওয়্যার তৈরির কাজে হাত দিয়েছেন। সমরের উদ্ভাবনী শক্তি দেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে শতভাগ বৃত্তি দিয়েছে। সমরের কথা হচ্ছে, সাঁওতালি ভাষা আজ বিলুপ্তির পথে। ভাষাটিকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ছড়িয়ে দিতেই তিনি এমন উদ্যোগ নিয়েছেন।ফিরোজ আহমেদের বাড়ি নওগাঁ জেলার পোরশা উপজেলায়। তিনি গত বছর প্রতিবন্ধীদের জন্য ভয়েস কমান্ডিং সফটওয়্যার নির্মাণ করে গোটা দেশে সাড়া ফেলে দিয়েছিলেন। ফিরোজের ভাষায়, ‘সমর আমার খুব কাছের এবং প্রিয় মানুষ। রাজনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসনের কারণে দিন দিন সাঁওতাল সম্প্রদায় কোণঠাসা হয়ে পড়ছে। আমি মনে করি, এ মুহূর্তে আদিবাসীদের প্রযুক্তিতে অবদান রাখার সময় এসেছে।’