মানুষের মধ্যে ঈদের আনন্দ খুঁজে পাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা ছিলেন চাকরিজীবী। সেই সুবাদে নোয়াখালীর মাইজদী, সীতাকুণ্ডসহ বিভিন্ন জায়গায় ঈদ করেছি। তবে রাউজানে গ্রামে গিয়ে ঈদ করার মজাটা ছিল অন্য রকম। গ্রামে গেলে চাচাতো ভাইদের সঙ্গে মিলিত হতাম। ঈদের উৎসবে তাদের সঙ্গে খুব আনন্দ করতাম। ঈদের নামাজের পর মুরব্বিদের সালাম দিয়ে সেলামি পেতাম। এভাবে দু-তিন দিন কাটিয়ে দিতাম।
এখন বয়স হয়েছে। ঈদে এখন নিজে আনন্দ করার কিছু নেই। আমি তখনই আনন্দ পাই, যখন কোনো গরিব-দুঃখী মানুষের কোনো উপকার করতে পারি। এবার প্রথম রমজান থেকে প্রতিদিন গড়ে দুই হাজারের বেশি মানুষকে ইফতার করানোর আয়োজন করেছি। অনেকে এখানে ইফতার করতে এসেছেন। আবার অনেকের দৈনিক খরচ জোগানোর সামর্থ্য নেই, তাঁদের জন্য চালের ব্যবস্থা করেছি। সত্যি বলতে িক, মানুষের মধ্যেই ঈদের আনন্দ খুঁজে পাই। আমার সাধ্য অনুযায়ী সেই কাজ করে যাচ্ছি। ঈদে কোনো মানুষ যেন কষ্টে না থাকে সে চেষ্টা করি। প্রতিবারের মতো এবারও ঈদের দিন আমার পরিবার ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কাটাব।