মানুষের মধ্যে বেঁচে থাকবেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজিজুল হক চৌধুরী
আজিজুল হক চৌধুরী

উন্নত জীবনের হাতছানি ছিল। কিন্তু সেদিকে তিনি নজর দেননি। মানুষের কল্যাণে কাজ করতে সব সময় ছুটে বেড়িয়েছেন গ্রামগঞ্জে। পেশাগত জীবনেও সাফল্য পেয়েছেন মেধার জোরে। তিনি আইনজীবী আজিজুল হক চৌধুরী। মৃত্যুর পরও মানুষের মধ্যে তিনি বেঁচে আছেন। ১৯ বছর আগে ১৯৯৭ সালের ২৮ মে আমেরিকার একটি হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
আজিজুল হক চৌধুরী ১৯২৭ সালের ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি লাভ করে অন্তর্ভুক্ত হন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে। প্রধানত তিনি বিভিন্ন সেবাধর্মী কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখতে চট্টগ্রামেই স্থায়ীভাবে আইন ব্যবসায় নিযুক্ত হন। এরপর তিনি সমুদ্রগামী জাহাজি শ্রমিকদের সংগঠিত করেন। ১৯৬৫ সালে জাপানে ও ১৯৬৮ সালে ডেনমার্কে দুটি সেমিনারে তিনি জাহাজি শ্রমিকদের প্রতিনিধিত্ব করেন। ১৯৭১ সালে অংশ নেন মুক্তিযুদ্ধে। যুদ্ধ শেষে বাড়ি ফিরে আবার মনোনিবেশ করেন মানবসেবায়।
তিনি জড়িত ছিলেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি, বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব), বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ অন্ধকল্যাণ সমিতি, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন, বাংলাদেশ শিশু হাসপাতালসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে। কাজ করেছেন জনসংখ্যা নিয়ন্ত্রণ ও মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে। হৃদ্রোগের যন্ত্রণা নিয়েও গ্রাম থেকে গ্রামে ছুটতেন মানুষের মধ্যে আশার সঞ্চার করতে। বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির চট্টগ্রাম জেলা শাখার সভাপতি হিসেবে তিনি নিরলসভাবে কাজ করেছেন একজন কর্মীর মতো। তিনি শুধু বক্তৃতা-বিবৃতি দিয়েই পদ অলংকৃত করেননি, বরং
গ্রামের মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা সমাধান করেছেন।
শত বাধা সত্ত্বেও তিনি জাতীয় দুর্যোগে ছুটে গেছেন দুর্গম চরাঞ্চলে। দুর্গত মানুষের সাহায্যে ছিলেন সর্বদা প্রহরীর মতো। রেড ক্রিসেন্ট কিংবা পরিবার পরিকল্পনার কর্মীদের সঙ্গে প্রায়ই গ্রামে যেতেন। গ্রামীণ মানুষের আর্থসামাজিক অবস্থার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছেন বারবার।
লেখক : বাংলাদেশ বেতারের সাবেক কর্মকর্তা।