পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের একটি সমন্বিত মানচিত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা। পুরো মস্তিষ্কের জিনের কর্মকাণ্ড ধরা পড়েছে এই মানচিত্রে। মানুষের স্নায়বিক এবং মানসিক বিভিন্ন অবস্থা বুঝতে এই মানচিত্র সহায়ক হবে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।২৪ বছরের এক যুবক এবং ৩৯ বছরের এক ব্যক্তির দান করা ‘ক্লিনিক্যালি আনরিমার্কেবল’ মস্তিষ্ক এবং তৃতীয় আরেক ব্যক্তির অর্ধেক মস্তিষ্কের প্রায় ৯০০টি অংশের জিন বিশ্লেষণ করে মানচিত্রটি তৈরি করা হয়েছে।যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থিত অ্যালেন ইনস্টিটিউট ফর ব্রেইন সায়েন্সের গবেষকেরা জানান, ব্যাধিগ্রস্ত মস্তিষ্কের জিনের কর্মকাণ্ড বিশ্লেষণের ক্ষেত্রে মস্তিষ্কের এই মানচিত্র ভিত্তি হিসেবে কাজ করবে। একই সঙ্গে মানুষের স্নায়বিক ও মানসিক বিভিন্ন অবস্থা বুঝতে সহায়ক হবে এই মানচিত্র।মস্তিষ্কের মানচিত্র তৈরিতে কাজ করেছেন এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের মলিক্যুলার নিউরোসায়েন্স বিষয়ের অধ্যাপক সেথ গ্রান্ট। তিনি বলেন, ‘মানবজাতির কাছে সবচেয়ে জটিল বিষয় মানুষের মস্তিষ্কের গঠন। মস্তিষ্কের গঠন এবং তা কীভাবে কাজ করে, তা বের করার চেষ্টাই আধুনিক জীববিজ্ঞানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’অধ্যাপক গ্রান্ট আরও বলেন, ‘মানচিত্র তৈরির ফলে প্রথমবারের মতো আমরা মানুষের মস্তিষ্কের ওপর মানুষের জিন প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছি। এর মাধ্যমে জিন ও মস্তিষ্কের কাজের যোগসূত্রতা বোঝার প্রাথমিক অগ্রগতি হলো। একই সঙ্গে জিনগত পরিবর্তন কীভাবে মস্তিষ্কের রোগ সৃষ্টি করে, তা বোঝার ক্ষেত্রেও অগ্রগতি হলো।’মস্তিষ্ক ১০ কোটিরও বেশি খণ্ডের, যার মধ্যে কিছু মাত্র কয়েক কিউবিক মিলিমিটার। পরিমাপ করে গবেষকেরা দেখতে পান, ৮৪ শতাংশেরও বেশি জিনের অবস্থান মস্তিষ্কের অল্প কিছু অংশে। এতে করে মধ্য মস্তিষ্কের ওপরের দিকের বড় বড় কুঞ্চিত অংশে অর্থাৎ করটেক্সের কাছে জিনের কর্মকাণ্ড প্রায় একই রকম। তবে মস্তিষ্কের নিচের দিকের অংশে জিনের কর্মকাণ্ডে সুস্পষ্ট পার্থক্য আছে।বিজ্ঞানীরা এর আগে ইঁদুরের একই ধরনের জেনেটিক মানচিত্র তৈরি করেছেন। তবে মানুষের ক্ষেত্রে এ ধরনের কাজে বাধা হলো, মানুষের মস্তিষ্ক পাওয়া যায় না। এ ছাড়া কাজের সময় তা নষ্ট হয় বেশি এবং মানুষের মস্তিষ্ক ইঁদুরের মস্তিষ্কের তুলনায় প্রায় এক হাজার গুণ বড়। সব মিলিয়ে মানুষের মস্তিষ্কের মানচিত্র তৈরি করা দুরূহ কাজ। দ্য গার্ডিয়ান।