আলোকচিত্রে বাংলার মুখ
মানুষের স্মৃতিকে নাড়া দিতে চাই
প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠকের জন্য আলোকিচত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ‘বাংলার মুখ’ শিরোনামের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৮৯৬ জন আলোকচিত্রী। বিচারকেরা সেরা ১০০টি ছবি বাছাই করেছেন। এখানে পুরস্কারপ্রাপ্ত সেরা ছবির গল্প লিখেছেন বিজয়ী নিজে
আমার ছবিটির শিরোনাম ‘শেষ ট্রেন’। ছবিতে অনেকে নগর জীবনের হতাশা দেখেছেন, অনেকে এই ছবির কারিগরি বিষয়ে বিমোহিত হয়েছেন। আসলে সবকিছু মিলিয়েই একটি ছবি। একাকিত্ব বা অনেকের মধ্যে থেকেও বিলীন হয়ে যাওয়ার যে ব্যাপার, নিজেকে হারিয়ে দূর অজানায় ছুটে চলা—সবকিছুই আসলে এই ছবিতে রয়েছে।
ছবিটি তুলেছিলাম ২০১৮ সালের আগস্টে। ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে গিয়েছিলাম কনসার্ট দেখতে। কনসার্ট দেখে ফিরছিলাম। কুড়িল ফ্লাইওভারের কাছে একটি পদচারী—সেতু (ফুটওভার ব্রিজ) আছে। সেটি পার হতে গিয়ে মনে হয়েছিল এখানে সুন্দর কিছু ছবি পাব। বন্ধুদের কাছে সময় চেয়ে নিয়ে দাঁড়িয়েছিলাম মিনিট পাঁচেক। দূর থেকে তখন ট্রেনও আসছিল। কাছাকাছি আসতেই মুঠোফোনের ক্যামেরায় ধারণ করি সেই মুহূর্ত। ছবি তোলার সময় তো নয়ই, এরপরও কখনো ভাবিনি একদিন আমার এই ছবিটা সারা দেশের মানুষ দেখবে, কোনো প্রতিযোগিতায় সেরা হবে।
ছবি তোলার যে ব্যাপারটা সব সময় মোহাবিষ্ট করে আমাকে। সেটা হলো, যখন আমার তোলা ছবি অনেকে নিজের জীবনের সঙ্গে মিলিয়ে ফেলে। ছবিটা যখন তাঁদের স্মৃতিতে নাড়া দেয় এবং বছরের পর বছর মানুষ তা মনে রাখে, এটা আমাকে আনন্দ দেয়।
আলোকচিত্র আমার জীবনে অনেক বড় একটি প্রভাব রেখেছে। যদিও আরও অনেক কিছুই শেখার বাকি, জানার বাকি। আস্তে আস্তে এ সবকিছু রপ্ত করতে চাই। করোনাকালে আমার বেশ কিছু পড়ালেখা করার সুযোগ হয় ছবি তোলা নিয়ে। দিন দিন আমি আরও গভীরভাবে উপলব্ধি করছি আলোকচিত্রের নানা রকম বিষয়।
বর্তমানে আমি ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) চতুর্থ বর্ষের ছাত্র। যন্ত্রকৌশল বিভাগে পড়ালেখার পাশাপাশি আমি নিয়মিত ছবি তোলার জন্য সময় বের করার চেষ্টা করি। কারণ, এ কাজটা আমাকে বিপুল আনন্দ ও শান্তি দেয়।
আমার ছবি তোলার হাতেখড়ি স্কুলে পড়ার সময়। পরবর্তী সময়ে নটর ডেম কলেজে পড়ার সময় গুরুত্ব দিয়ে ছবি তোলা শুরু করি। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত মুঠোফোনে ছবি তুলেছি। আমার মনে হয়েছে, ভালো ছবি তোলার জন্য ভালো ক্যামেরা সব সময় গুরুত্বপূর্ণ নয়। কেননা, দৃষ্টিভঙ্গির ওপরেই একটি আলোকচিত্র অনেক তাৎপর্যপূর্ণ হতে পারে। এই যেমন প্রথম আলোর আলোকচিত্র প্রতিযোগিতার সেরা ১০০ ছবির মধ্যে আমার আরেকটি ছবি আছে। সেটির শিরোনাম ‘বিউটিফুল রিলেশনশিপ’ বা সুন্দর সম্পর্ক।