মান্টোর জন্মশতবর্ষ উদ্যাপন
‘সাদাত হাসান মান্টো সম্পর্কে আলোচনা করতে হলে ১৯৪৭ সালের ভারত বিভাজনের কথা বলতেই হবে। কেননা দেশ ভাগ মান্টোর সাহিত্যকে প্রভাবিত করেছে। তিনি ছিলেন সাহসী ও শাণিত লেখক। সাহিত্য মায়ার জগতে নিয়ে যায় পাঠককে। কিন্তু মান্টো সেই মায়ার জগৎ থেকে টেনে তুলে নিয়ে আসেন মানুষকে। তিনি সাম্প্রদায়িক মনোভাবকে প্রচণ্ডভাবে আঘাত করেছেন, পাকিস্তান ও ভারত উভয় দেশের ক্ষমতাসীনদের ব্যঙ্গ করেছেন। যেমন তার “টোবা টেক সিং” গল্প তার প্রধান উদাহরণ।’প্রসিদ্ধ উর্দু লেখক সাদাত হাসান মান্টোর জন্মশতবর্ষ (১৯১২-১২) উপলক্ষে ১৮ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টায় ‘বাতিঘর’ আয়োজিত অনুষ্ঠানে আলোচক সলিমুল্লাহ খান এসব কথা বলেন।এ ছাড়াও বক্তব্য দেন অধ্যাপক গোলাম মোস্তাফা। তিনি বলেন, আজ (১৮ জানুয়ারি) সাদাত হোসেন মান্টোর মৃত্যুদিন। কিন্তু আজকের এই আয়োজন লেখকের জন্মশতবার্ষিকীকে স্মরণ করার জন্য। কারণ, প্রকৃত লেখকের কোনো মৃত্যু নেই। তারা চিরজীবী। মান্টো চিরকাল পাঠকের হূদয়ে বেঁচে থাকবেন। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আলমগীর সিরাজুদ্দিন, অধ্যাপিকা আসমা সিরাজুদ্দিন, লেখিকা ফাহমিদা আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন নিজাম উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন দীপঙ্কর দাশ।