কক্সবাজারের মহেশখালী উপজেলার উপকূলীয় বেদখল প্রায় পাঁচ হাজার একর বনভূমি উদ্ধারে বন বিভাগের গরজ নেই। বন বিভাগ ১২৭ জন দখলদারের বিরুদ্ধে মামলা করে দায় সেরেছে। ভূমি উদ্ধারে কোনো তৎপরতা নেই। এসব বনভূমিতে নির্মাণ করা হয়েছে অন্তত ২০০ চিংড়িঘের।
বন বিভাগ সূত্র জানায়, ১৯৯৬ সাল থেকে স্থানীয় ভূমিদস্যুরা উপকূলীয় বন বিভাগের সৃজিত প্যারাবন কেটে অবৈধভাবে চিংড়িঘের নির্মাণকাজ শুরু করে। এ সময় বনকর্মীরা প্যারাবন নিধনসহ ঘের নির্মাণে বাধা দিলেও প্রভাবশালীদের কাছে পরাস্ত হয়। পরে ২০০১ সালে চার দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর দখলদাররা আরও বেপরোয়া হয়ে ওঠে। ওই সময় সোনাদিয়া দ্বীপ রক্ষাকারী সৃজিত প্যারাবন উজাড় করে চিংড়িঘের নির্মাণ করা হয়। তখন বিএনপির প্রভাবশালী লোকজন মিলে প্রায় এক হাজার ৪৮৫ একর প্যারাবন উজাড় করে ১৩টি চিংড়িঘের তৈরি করেন।
এ ছাড়া বিভিন্ন সময় উপজেলার কুতুবজোম ও বড় মহেশখালী ইউনিয়নের ঘটিভাঙ্গা ও বড়দিয়া বিটের এক হাজার ৫৫৫ একর দখল করে ৩১ জন, কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়া বিটের ৬৫৫ একর দখল করে ৬৭ জন ও মাতারবাড়ি বিটের এক হাজার ৪৮০ একর বনভূমি দখল করে নেয় ১৯৪ জন।
সম্প্রতি সরজমিনে দেখা গেছে, সোনাদিয়া, ঘটিভাঙা, তাজিয়াকাটা, বড়দিয়া, হোয়ানকের পশ্চিমে, ঝাপুয়া, ধলঘাট ও মাতারবাড়ির চর এলাকায় বনভূমি আগের দখল হওয়া বনভূমি বাইরে আরও নতুন ভূমি তাঁরা দখলে নিয়েছে। এসব জমিতে বর্ষার সময় চিংড়ি ও অন্য সময় লবণ চাষ করা হয়।
স্থানীয় মাতারবাড়ি ইউনিয়নের রাজঘাট এলাকার বাসিন্দারা জানান, একসময় কুহেিলয়া নদীর দুই পাড়ে বন বিভাগের লোকজন প্যারাবন সৃজন করলেও তা নিধন করে ওই বনভূমিতে প্রভাবশালী লোকজন অবৈধভাবে চিংড়িঘের নির্মাণ করেন। এতে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি দুর্যোগের ঝুঁকিতে রয়েছে ওই এলাকার ৫০ হাজারের বেশি মানুষ। অথচ এসব অবৈধ ঘের উচ্ছেদে বন বিভাগের কোনো গরজ নেই।
তবে চিিংড়িঘের মালিকদের দাবি, তাঁরা সরকার থেকে ইজারা নিয়ে চিংড়ি চাষ করছেন। বন বিভাগের কোনো জমি দখল করা হয়নি।
এ প্রসঙ্গে উপকূলীয় বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর ইকবাল জানান, চারদলীয় জোট সরকারের সময় স্থানীয় বিএনপির একদল প্রভাবশালী প্যারাবন নিধন করে উপকূলীয় বন বিভাগের প্রায় এক হাজার ৪৮৫ একর বনভূমি দখল করে অবৈধভাবে ১৩টি চিংড়িঘের নির্মাণ করে। এ ছাড়া উপজেলার মাতারবাড়ি, ধলঘাট, কালারমারছড়া, হোয়ানক, বড় মহেশখালী, গোরকঘাটা ও কুতুবজোম ইউনিয়নের প্রায় সাড়ে তিন হাজার একর বনভূমি দখল করে স্থানীয় প্রভাবশালী লোকজন অন্তত ১৯০টি ঘের নির্মাণ করে চিংড়ি চাষ করছেন। ইতিমধ্যে ১২৭ জন অবৈধ দখলদারের বিরুদ্ধে বন বিভাগ মামলা করলেও লোকবল-সংকটের কারণে বেদখল বনভূমি উদ্ধার করা যাচ্ছে না।