বাঁশখালীতে ১১ মাঝি-মাল্লা হত্যা মামলার আসামিরা এলাকায় ফিরে এসেছেন। তাঁরা এখন নিহত হওয়া জেলে পরিবারের সদস্যদের মামলা তুলে নিতে চাপ দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গত ১৬ মার্চ সকালে মাছ ধরে বাড়ি ফেরার পথে জলদস্যুরা ট্রলারসহ ১১ জন মাঝি-মাল্লাকে অস্ত্রের মুখে গভীর সমুদ্রে নিয়ে গিয়ে হত্যা করে ভাসিয়ে দেয়। নিহত ব্যক্তিরা হলেন, ট্রলার-মালিক মোহাম্মদ মুছাদ্দেক (৪০), আমজু মিয়া (২৮), তাঁর ভাই মঞ্জুর আলম (২৬), শামসুল আলম (৩৫), শফিক আহমদ (২৬), আনছার উল্লাহ (২৭), আহমদ উল্লাহ (৪৮), তাঁর ভাই আমান উল্লাহ (৪২), জয়নাল উদ্দীন (১৭), সরওয়ার (২৫) ও জসীম উদ্দীন (২৬)। তাঁদের সবার বাড়ি ছনুয়ার খুদকখালী গ্রামে। নিহত হওয়া ১১ জনের মধ্যে দুজনের মরদেহ স্বজনেরা পেলেও বাকি নয়জনের মরদেহ পাওয়া যায়নি। এ ঘটনায় ১৫ জনকে আসামি করে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা হয়েছিল। গত সাত মাসে হত্যা মামলার দুজন আসামিকে গ্রেপ্তার করা হলেও বাকিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নিহত জেলে আমজু মিয়ার স্ত্রী আমেনা বেগম অভিযোগ করেন, ‘আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। উল্টো তারা মামলা তুলে নেওয়ার জন্য আমাদেরকে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে।’ মঞ্জুর আলমের মা রাশেদা বেগম বলেন, ‘আসামিরা এলাকায় এসে যে হুমকি দিচ্ছে, বিষয়টি আমরা ছনুয়া পুলিশ ফাঁড়িতে জানিয়েছি। তার পরও তারা আসামিদের ধরছে না।’ এ প্রসঙ্গে ছনুয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমির হোসেন বলেন, ‘আমাকে থানা থেকে মামলার কোনো কপি দেওয়া হয়নি। আর কারও কপালে তো লেখা নেই যে সে আসামি।’ছনুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী বলেন, ‘১১ মাঝিমাল্লা হত্যার আসামিদের অনেকেই এলাকায় ফিরে এসে প্রকাশ্যে ঘোরাফেরা করছে। আমি ফোন করে বিষয়টি থানায় জানিয়েছি। কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না।’এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক মিয়া বলেন, ‘ছনুয়ার ১১ জন মাঝিমাল্লা হত্যা মামলার আসামিদের মধ্যে দুজন জামিনে আছে। বাকিদের ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না।’ শিগগির এ মামলার অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হবে বলে জানান তিনি।