মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপন চাচাত ভাইয়ের দায়ের কোপে আহত হয়ে মামলা করে উল্টো নিরাপত্তাহীনতায় ভুগছেন রাঙ্গুনিয়ার বাসিন্দা মো. আবু বক্কর ও তাঁর পরিবার। আসামি মোহাম্মদ হোসেন মামলা তুলে নেওয়ার জন্য হত্যার হুমকি দিচ্ছেন তাঁদের।আবু বক্কর পরিবার নিয়ে এখন পালিয়ে বেড়াচ্ছে অন্যত্র। প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ মোহাম্মদ হোসেনকে ধরছে না বলে অভিযোগ করেছেন আবু বক্কর। স্থানীয় বাসিন্দারা জানান, রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা গ্রামের মৃত সামশুল আলমের ছেলে মোহাম্মদ হোসেন গত ১৯ জুলাই রাতে মো. আবু বক্কর (৩৫), আবু সাঈদ (৩২), কামরুন্নাহার (২৮) ও ডেইজি আক্তারকে (২৬) কুপিয়ে আহত করে। খবর পেয়ে রাত তিনটায় ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করে। রাঙ্গুনিয়া থানা সূত্র জানায়, আবু বক্করের স্ত্রী কামরুন্নাহার ২২ জুলাই রাতে বাদী হয়ে এ ব্যাপারে মোহাম্মদ হোসেনসহ দুজনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করেন। পুলিশ প্রাথমিক তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে। তবে আসামিরা পলাতক থাকায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।কামরুন্নাহারের বড় বোন আয়েশা পারভিন জানান, কিরিচের আঘাতে আবু সাঈদের ডান হাতের কবজি ও ডেইজি আকতারের বাম হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পর আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে প্রায় দেড় মাস চিকিৎসাধীন থাকার পর গত ৮ সেপ্টেম্বর হাসপাতাল ছেড়ে আসে আহত ব্যক্তিরা। এ অবস্থায় আসামি মোহাম্মদ হোসেন ও তাঁর সহযোগীরা মামলা তুলে নেওয়ার জন্য মুঠোফোনে কামরুন্নাহারকে সপরিবারে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মঞ্জুর মুর্শেদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘মোহাম্মদ হোসেন নির্দয়ভাবে জেঠাত ভাই ও তাদের স্ত্রীদের কিরিচ দিয়ে কুপিয়েছে। বর্তমানে সে পলাতক রয়েছে। পুলিশ তাকে খুঁঁজছে। সে কোথায় আছে সঠিক তথ্য পেলে তাকে গ্রেপ্তার করা সহজ হবে।’