কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দিন ফরায়েজির হত্যাকাণ্ডের তদন্তভার যাচ্ছে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি)। এক মাস পেরিয়ে গেলেও কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, তা নিয়ে অন্ধকারে রয়েছে পুলিশ। ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পরিদর্শককে (তদন্ত)।
পুলিশ সূত্র জানায়, ৩ নভেম্বর পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব ও পরিদর্শক (তদন্ত) শহীদ উল্লাহকে প্রত্যাহার করা হয়েছে। তাঁদের স্থলাভিষিক্ত হন ওসি মো. মোস্তাফিজ ভূঁইয়া ও পরিদর্শক (তদন্ত) শেখ আশরাফ উজ জামান।
পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা জানান, গত ৬ অক্টোবর রাতে দুর্বৃত্তরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দিন ফরায়েজিকে অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করে। পরদিন ভোরে পুলিশ উপজেলার টৈটং ইউনিয়নের একটি পাহাড়ি ছড়া থেকে ফরায়েজির লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে মেহেদী হাসান ফরায়েজি বাদী হয়ে পেকুয়া থানায় ১২ ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেন। এই মামলায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে। অন্যরা পলাতক রয়েছে।
দলীয় সূত্র জানায়, নিহত আওয়ামী লীগ নেতার স্ত্রী জেবুন্নেছা বেগম ১ নভেম্বর সন্ধ্যায় গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। সঙ্গে ছিলেন ছেলে মেহেদী হাসান ফরায়েজি ও পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম।
মেহেদী হাসান ফরায়েজি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের সান্ত্বনা এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ বলেন, এক মাসেও ফরায়েজি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন না হওয়ায় দলের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। কারণ, সাহাব উদ্দিন ফরায়েজি ছিলেন অত্যন্ত ভদ্র ও শান্তিপ্রিয় একজন মানুষ। তিনি মুক্তিযোদ্ধা। এ রকম একজন মানুষকে নিষ্ঠুর কায়দায় হত্যা করা হবে, তা কেউ মেনে নিতে পারছে না।
সালাহ উদ্দিন আহমদ জানান, ফরায়েজির পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর পেকুয়া থানার দুই ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এখন থানায় নতুন দুই ওসি হত্যার রহস্য উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছেন। তবে এই হত্যা মামলাটি দ্রুত তদন্তের জন্য সিআইডিতে হস্তান্তরের চেষ্টা চলছে।
পেকুয়া থানার (ওসি) মো. মোস্তাফিজ ভূঁইয়া জানান, ৪ নভেম্বর থানায় যোগদানের পর এই মামলার আর কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আগে সাতজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। মামলাটি এখন সিআইডিতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।