ধর্মঘটে টেকনাফ স্থলবন্দর সাত দিন অচল থাকায় ক্ষতি হয়েছে ছয় কোটি টাকা। এর মধ্যে ব্যবসায়ীদের ক্ষতি চার কোটি টাকা। দুই কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। স্থানীয় সাংসদ আব্দুর রহমান ওরফে বদির ভাইয়ের প্রতিষ্ঠানের ১৫ হাজার টাকার শুঁটকি খালাস নিয়ে অপ্রীতিকর ঘটনার কারণে ১ জানুয়ারি টেকনাফ ট্রাকমালিক ও ট্রাকশ্রমিক ইউনিয়ন পরিবহন ধর্মঘট ডাকে। এতে অচল হয়ে পড়ে বন্দর। ৭ জানুয়ারি ধর্মঘট প্রত্যাহার করা হয়। বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সাত দিনে প্রায় ২৪১ টন মাছ পচে গেছে। এর মূল্য ৩২ লাখ ৫৩ হাজার টাকা হবে। এ ছাড়াও নষ্ট হয়েছে এক লাখ ৫৫ টন আদা। এর দাম ৫৫ লাখ টাকা। অন্যদিকে ছোট-বড় ট্রলারের এক দিনের ভাড়া গড়ে ৫৫ হাজার টাকা। ৪৭টি ট্রলারের এক কোটি ৮০ লাখ টাকা অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে ব্যবসায়ীদের।ব্যবসায়ীদের লোকসানসহ চার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।নাম প্রকাশ না করে কাস্টমসের এক কর্মকতা জানান, ‘অপ্রীতিকর ঘটনা ঘটেছে ১৫ হাজার টাকার শুঁটকি খালাস নিয়ে। বন্দর অচল থাকায় সরকারের দুই কোটি টাকার রাজস্ব হাতছাড়া হয়েছে। মাছ ও আদা নষ্ট হয়ে ব্যবসায়ীদের প্রায় চার কোটি টাকার লোকসান হয়েছে।মিয়ানমার থেকে মাছ আমদানির প্রতিষ্ঠান মেসার্স মাসুদ অ্যান্ড ব্রাদার্সের ব্যবস্থাপক মো. আলম ও মেসার্স সফিয়া এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কায়সার বলেন, পরিবহন বন্ধ থাকায় বরফ গলে লাখ লাখ টাকার মাছ নষ্ট হয়েছে। পণ্য খালাস না হওয়ায় কয়েক গুণ বেশি ট্রলারভাড়া দিতে হয়েছে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তাঁরা জানান।স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা আনোয়ার মাসুম জানান, প্রতিদিন গড়ে ২৮ লাখ টাকার রাজস্ব আদায় সম্ভব হয়নি। এতে এক কোটি ৯৬ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে সরকার। জানা যায়, গত ৩১ ডিসেম্বর বিকেল পাঁচটায় শুঁটকি খালাস নিয়ে মেসার্স এশিয়া এন্টারপ্রাইজের মালিকের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের অপ্রীতিকর ঘটনা ঘটে। এশিয়া এন্টারপ্রাইজের মালিক সাংসদ আব্দুর রহমানের ছোট ভাই আব্দুল আমিন বলে জানা যায়। আব্দুল আমিন বলেন, ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের ব্যবস্থাপক (হিসাব) জসিমউদ্দিন ও সালাহউদ্দিন অতিরিক্ত টাকা আদায়ের চেষ্টা করেন। অতিরিক্ত মালামাল আছে বলে উেকাচ দাবি করেন তাঁরা। তাঁদের ইন্ধনে ট্রাক দুটির চাকা নষ্ট করে চালক মো. সেলিম, সোনা মিয়া, সহযোগী রুমেলকে মারধর করা হয়। কর্তৃপক্ষের লোকজনের সঙ্গে তাঁদের হাতাহাতির ঘটনা ঘটে বলে স্বীকার করেন আব্দুল আমিন। এ ঘটনায় চার ব্যবসায়ীসহ ১৫-২০ জনকে আসামি করে ব্যবস্থাপক জসিম উদ্দিন বাদী হয়ে একটি মামলা করেন। অপরদিকে, ট্রাকের ক্ষতিপূরণ দাবি করে বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে উখিয়া ট্রাকমালিক সমিতির এক নেতা পাল্টা মামলা করেন । ৭ জানুয়ারি বৃহস্পতিবার টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বন্দর ব্যবহারকারী ও ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের কর্মকর্তাদের নিয়ে বৈঠক হয়। বৈঠকে জেলা প্রশাসক টেলিফোনে বন্দর ব্যবহারকারীদের ১৬ দফা দাবি পূরণের আশ্বাস দেন। এর পর ধর্মঘট প্রত্যাহার করা হয়। সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হাসান বলেন, দাবি পূরণ না হলে আবারও অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হবে।ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আহমদ কোরোশী বলেন, ‘আমরা ২৫ বছরের জন্য বন্দর ইজারা নিয়েছি। কোনো ধরনের অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে না।’