সীতাকুণ্ড পৌর জামায়াতের আমির ও পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তাওহীদুল হক চৌধুরীর বিরুদ্ধে নাশকতাসহ ৩২টি মামলা আছে সীতাকুণ্ড থানায়। অথচ রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া তথ্য অনুযায়ী হলফনামায় তিনি মাত্র ৮টি মামলার কথা উল্লেখ করেছেন। হলফনামায় দেওয়া আয়ের তথ্যে গরমিল পাওয়া গেছে বিএনপি দলীয় মেয়র পদপ্রার্থীরও।
তাওহীদুল হক চৌধুরীর হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, আটটি মামলার একটিতে খালাস পেয়েছেন বলে লিখেছেন তিনি। বাকি সাতটির চারটি তদন্তাধীন ও তিনটা মামলা বিচারাধীন রয়েছে। তবে সীতাকুণ্ড থানায় খোঁজ নিয়ে জানা গেছে, তাঁর বিরুদ্ধে ৩২টি মামলা রয়েছে। এসব মামলার সবগুলোই ২০১৩ সালে ভাঙচুর ও নাশকতার অভিযোগে করা।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান বলেন, তাওহীদুল হকের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ৩২টি মামলা রয়েছে। বেশির ভাগ মামলায় আদালতে অভিযোগপত্রও দেওয়া হয়েছে।
এ ব্যাপারে প্রশ্ন করা হলে জামায়াতের নেতা তাওহীদুল হক চৌধুরী বলেন, জানামতে তাঁর বিরুদ্ধে আটটি মামলার বাইরে কোনো মামলা নেই। আর এগুলোর কোনোটিতেই এখনো তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। একটিতে তিনি খালাসও পেয়েছেন। আর এর বাইরে মামলা থাকলেও তিনি জানেন না।
এদিকে, বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী সৈয়দ আবুল মুনছুর হলফনামায় তাঁর আয় ২ লাখ ৭০ হাজার টাকা দেখিয়েছেন। আয়ের পুরোটাই ব্যবসা থেকে আসে বলে উল্লেখ করেছেন তিনি। অথচ তিনি মুক্তিযোদ্ধা ভাতা বাবদ মাসে আট হাজার টাকা পান। এ ছাড়া দলিল লিখেও তিনি আয় করেন, যা হলফনামায় উল্লেখ করেননি।
খোঁজ নিয়ে জানা গেছে, সৈয়দ আবুল মনসুর সীতাকুণ্ড দলিল লেখক সমিতির আহ্বায়ক। দলিল লিখে আয় হয় এটা তিনি নিজেও স্বীকার করেছেন। তবে হলফনামায় উল্লেখ না করলেনও তাঁর আয়কর রিটার্নে বিষয়টি উল্লেখ আছে বলে জানালেন।
উপজেলার রিটার্নিং কর্মকর্তা ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, হলফনামায় তথ্য গোপন করা নির্বাচনী বিধি লঙ্ঘন। তবে কেউ অভিযোগ না করলে এ বিষয়ে করার কিছু নেই। কোনো প্রার্থী যদি হলফ নামায় তথ্য গোপন করে তবে তাঁর বিরুদ্ধে যে কেউ নির্বাচন কমিশনে আপিল করতে পারে। সে ক্ষেত্রে নির্বাচন কমিশন তাঁর ব্যাপারে ব্যবস্থা নেবে।