মামলার জালে প্রকল্প আটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলার জালে আটকা পড়েছে প্রায় ৩৬ হাজার কোটি টাকার মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প। চিংড়ির ক্ষতিপূরণ বাবদ শুরুতে প্রকল্পের ২৩ কোটি টাকা লুটপাটের বিপরীতে জেলা প্রশাসনের কর্মকর্তা আর চিংড়িচাষিদের মধ্যে পাল্টাপাল্টি মামলা দায়েরের ঘটনায় প্রকল্পের কাজ থমকে আছে। কক্সবাজারের মহেশখালী উপজেলায় দেশের সর্ববৃহৎ বাজেটের এই প্রকল্প বাস্তবায়নের কথা রয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ বলেন, দেশের সর্ববৃহৎ এই প্রকল্প বাস্তবায়নের শুরুতেই দুর্নীতি ও লুটপাটের ঘটনায় সরকারে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। প্রকৃত ঘেরমালিকেরা চিংড়ির ক্ষতিপূরণের টাকার জন্য জেলা প্রশাসনের বারান্দায় ঘুরছেন। অথচ জালিয়াত চক্র ভুয়া প্রকল্প দেখিয়েই ২৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। দ্রুত এসব টাকা ফেরত আনা না গেলে পরিস্থিতি খারাপ হতে পারে।
মামলা, পাল্টা মামলা: গত ৮ অক্টোবর ২০ ব্যক্তির বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেট আদালতে প্রায় ২৩ কোটি টাকার সার্টিফিকেট মামলা করেন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এলও) আরেফিন আখতার নুর (সম্প্রতি বদলি হয়েছেন)। এর মধ্যে মাতারবাড়ীর রফিকুল ইসলামের নামে দুই কোটি ২২ লাখ ৯০ হাজার ৩২৫ টাকা, মো. সেলিম এক কোটি ৩৩ লাখ ৭৪ হাজার ১৯২ টাকা, আমিনুল ইসলাম এক কোটি ২৫ লাখ ৫১ হাজার ১৬৭, জি এম ছমি উদ্দিন এক কোটি ছয় লাখ ৬৮ হাজার ৪৯২, মো. দানু মিয়া এক কোটি ছয় লাখ ৬৮ হাজার ৪৯৯, আশরাফ আলী এক কোটি ছয় লাখ ৬৮ হাজার ৪৯৯, মো. জাহাঙ্গীর আলম ৬৮ লাখ ৯৮ হাজার ৩৪১, মীর কাসেম এক কোটি ১৭ লাখ ৪১ হাজার ৮৫৭, রিদুয়ান এক কোটি ১৭ লাখ ৪১ হাজার ৮৫৭, আনিছ এক কোটি ১৭ লাখ ৪১ হাজার ৮৫৭, এরফান এক কোটি ১৭ লাখ ৪১ হাজার ৮৫৭, মো. জমির উদ্দিন দুই কোটি চার লাখ এক হাজার ৪৭৭, মো. সেলিম উদ্দিন এক কোটি ১৭ লাখ ৪১ হাজার ৮৫৭, আবুল বাশার ৩০ লাখ ৬২০, নুর মোহাম্মদ ১৪ লাখ ৪০ হাজার ২৭৭, রুহুল আমিন ২৫ লাখ ৭১ হাজার ৯৬০, মো. হারুন ৩৭ লাখ তিন হাজার ৬২৩, ছকি আলম ৩৪ লাখ ১৯ হাজার ২৮০, আহসান উল্লাহ ৬৮ লাখ ৫৮ হাজার ৫৬১ ও মহিবুল ইসলামের বিরুদ্ধে এক কোটি নয় লাখ ৫৩ হাজার ৬৯৮ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
তা ছাড়া জালিয়াতির সঙ্গে যুক্ত জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কার্যালয়ের চার কর্মচারী ভূমি হুকুম দখল শাখার প্রধান সহকারী আবুল কাশেম মজুমদার, কানুনগো আবদুল কাদের, সার্ভেয়ার ফখরুল ইসলাম ও বাদশা মিয়ার বিরুদ্ধেও একই আদালতে বিভাগীয় মামলা করা হয়েছে।
এদিকে গত ১৯ নভেম্বর ২৩ কোটি টাকা লুটপাটের ঘটনায় জেলা প্রশাসক মো. রুহুল আমিনসহ ২৮ জনের বিরুদ্ধে কক্সবাজার সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা দায়ের করেন মাতারবাড়ীর চিংড়িচাষি এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী।
মামলার অন্যরা আসামিরা হলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাফর আলম, জেলা ভূমি হুকুম দখল কর্মকর্তা (এলও) আরেফিন আক্তার নুর, মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের প্রকল্প পরিচালক মো. ইলিয়াসসহ মাতারবাড়ীর ২১ প্রভাবশালী ব্যক্তি।
কিন্তু ওই মামলা থেকে কৌশলে জেলা প্রশাসকের নাম বাদ দেওয়ার ঘটনায় একই বাদী ৩০ নভেম্বর কক্সবাজার সিনিয়র স্পেশাল জজ আদালতে জেলা প্রশাসক মো. রুহুল আমিনসহ পাঁচজনের বিরুদ্ধে আরেকটি জালিয়াতি ও প্রতারণা মামলা করেন।
আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার মামলা দুটি আমলে নিয়ে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবর পাঠান।
এদিকে ৭ ডিসেম্বর রাতে জেলা প্রশাসনের ভূমি হুকুম দখল কর্মকর্তা (এলও) এম এম মাহমুদুর রহমান বাদী হয়ে ওই ২০ ব্যক্তির রিরুদ্ধে ভুয়া কাগজমূলে ২৩ কোটি টাকা আত্মসাতের দায়ে কক্সবাজার সদর মডেল থানায় পৃথক ২০টি মামলা করেন।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, মামলাগুলো তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য দুদক কার্যালয়ে পাঠানো হয়েছে।
টাকা হজম করতেই পাল্টাপাল্টি মামলা: মামলায় অভিযুক্ত মাতারবাড়ীর জি এম ছমি উদ্দিন বলেন, ‘জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা সরেজমিনে মাতারবাড়ী পরিদর্শন করে হুমুকদখলীয় জমির ওপর চিংড়ির ক্ষতিপূরণ তালিকা তৈরি করেন। এরপর ভূমি হুকুম দখল কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তারা কাগজপত্র গ্রহণ করে চিংড়ির ক্ষতিপূরণের ২৩ কোটি টাকার চেক দেন। এখন দাখিল করা কাগজ ভুয়া হবে কেন? ওই কাগজ ভুয়া হলে টাকার চেক দিলেন কেন?’
নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন আসামি বলেন, ২৩ কোটি টাকার চেক বিতরণের বিপরীতে প্রশাসনের শীর্ষ কয়েকজন কর্মকর্তা নানা কৌশলে প্রায় ১২ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এখন ওই টাকা হজম করতে কৌশলে পাল্টাপাল্টি মামলা চলছে।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন দুর্নীতির অভিযোগ সত্য নয় দাবি করে বলেন, যখন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি ধরা পড়েছে, তখনই চেক বিতরণ স্থগিত করা হয়েছে। এরপর ২০ ব্যক্তির বিরুদ্ধে সার্টিফিকেট মামলা করে বিতরণের টাকা আদায়ের চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়ে এলে দ্বিতীয়বার তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
আটকে আছে কাজ : মহেশখালী উপজেলার ধলঘাটা আর মাতারবাড়ী ইউনিয়নের এক হাজার ৪৯৯ দমশিক ৮০ একর জমির ওপর প্রতিষ্ঠা পাচ্ছে এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ওই তাপ বিদ্যুৎ প্রকল্প। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার ৯৮৪ কোটি ৪৬ লাখ টাকা।
চলতি সালের ডিসেম্বর নাগাদ প্রকল্পের কাজ শুরুর কথা ছিল। কিন্তু মামলা, পাল্টা মামলার কারণে কাজ শুরু করা যাচ্ছে না। ২০২৩ সালের অক্টোবর মাসে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
সূত্র জানায়, প্রকল্পের জমি অধিগ্রহণের বিপরীতে বরাদ্দ রাখা হয় ২৩৭ কোটি ২১ লাখ ৩৯ হাজার ৩৭ টাকা। এর মধ্যে এক হাজার ৩৩৫ একর মৎস্য ঘেরের চিংড়ির ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় ৩০ কোটি ৮২ লাখ ৮৮ হাজার ৮৮০ (প্রতি একরে চিংড়ি উৎপাদন দেখানো হয়েছে ২৮৮ দশমিক ৬৩ কেজি ও প্রতি কেজি চিংড়ির দাম ধরা হয়েছে ৮০০ টাকা) টাকা। এর মধ্যে ভুয়া কাগজপত্র দেখিয়ে ২০ ব্যক্তির (চিংড়ি চাষি) নামে ২২ কোটি ৩৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন জেলা প্রশাসন, মৎস্য বিভাগসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মচারী ও রাজনৈতিক দলের সুবিধাভোগী ব্যক্তিরা।