মামলার জালে ভবন, দুশ্চিন্তায় গ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টের নির্মাণাধীন একটি হোটেল নিয়ে জায়গার মালিক ও আবাসন প্রতিষ্ঠান মুখোমুখি অবস্থান নিয়েছে। দুই পক্ষের মামলা, হামলা ও গ্রেপ্তারের ঘটনায় দুশ্চিন্তায় পড়েছেন গ্রাহকেরা। পাঁচ তারকা স্টুডিও অ্যাপার্টমেন্ট হোটেলটির নাম ‘ওয়ার্ল্ড বিচ’। নির্মাণ করছে আরএফ বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠান।গ্রাহকেরা জানান, দুই শতাধিক গ্রাহক ৬০ থেকে ৭০ লাখ টাকায় হোটেলের প্রতিটি কক্ষ কিনেছেন। ১২ তলার স্টুডিও অ্যাপার্টমেন্ট হোটেলটি চলতি এপ্রিল মাসের শেষ দিকে উদ্বোধনের কথা থাকলেও এখন তা অনিশ্চিত। কারণ দুই পক্ষের মামলার কারণে ভবনের নির্মাণকাজ বন্ধ। এ ছাড়া তিন বছরের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও ইতিমধ্যে পাঁচ বছর পেরিয়ে গেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৮ সালে কলাতলী বাইপাস সড়কের দক্ষিণপাশে ৯০ শতক জমির ওপর নির্মাণকাজ শুরু হয় ১২তলা ভবনটির। এখন ভবনের ৯০ শতাংশ কাজ শেষ। ভবনের সামনে উদ্বোধনের ফেস্টুনও ঝোলানো হয়েছে। কিন্তু গত ১৬ মার্চ জমির মালিক শহরের বাহারছড়ার বাসিন্দা মনজুর আলম কক্সবাজার সদর মডেল থানায় ভবন নির্মাণে অনিয়ম-দুর্নীতি ও প্রতারণার অভিযোগ এনে নির্মাণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি মামলা করেন। ওইদিন পুলিশ ভবনে গিয়ে নির্মাণকাজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেলোয়ার হোসেন ওরফে টিটুসহ দুইজনকে গ্রেপ্তার করেন। ওই মামলায় আসামি করা হয়েছে ভবনের ৭০ শতাংশের অংশীদার ও আবাসন প্রতিষ্ঠানের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, তাঁর ছেলে ওমর ফারুক মুহাম্মদসহ ১৯ জনকে। আরএফ বিল্ডার্সের আইন উপদেষ্টা অ্যাডভোকেট আশরাফুল আলম জানান, গত ২৬ ফেব্রুয়ারি মনজুর আলম আরএফ বিল্ডার্সের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের কাছ থেকে ৭০ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৬ মার্চ ভবনে হামলা, ভাঙচুর ও কর্মচারীদের মারধর করা হয়। জানা যায়, এই ঘটনার পর থেকে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে আসছে। অন্যদিকে মামলার কারণে ভবনের নির্মাণকাজ বন্ধ থাকায় দুই শতাধিক গ্রাহক পড়েছেন বিপাকে। এতে গ্রাহকদের বিনিয়োগ প্রায় ১২০ কোটি টাকা। ঢাকার মিরপুরের ব্যবসায়ী নবাব মিয়া চৌধুরী বলেন, ‘পাঁচ বছর আগে ৬৫ লাখ টাকায় ১২তলা ভবনের ছয় তলায় একটি কক্ষ কিনেছি। এই এপ্রিল মাসে হোটেলটি উদ্বোধনের কথা ছিল। কিন্তু জমির মালিক পক্ষ থানায় মামলা দিয়ে আরএফ বিল্ডার্সের লোকজনকে হয়রানি করছেন। ফলে ভবনের নির্মাণকাজ বন্ধ থাকায় আমরা হতাশ।’ চট্টগ্রামের নন্দনকানন এলাকার ব্যবসায়ী গোলাম কাদের বলেন, আগে এই ভবনের প্রতিটি কক্ষ ৬০ থেকে ৭০ লাখ টাকায় বিক্রি হলেও এখন কোটি টাকা ছাড়িয়ে গেছে। এ কারণে জমির মালিকেরা আরও বেশি কক্ষ বরাদ্দ চাইছেন। ফলে দেখা দিয়েছে নানা সমস্যা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রাহকেরা। মামলার কারণ জানতে চাইলে জমির মালিক মনজুর আলম বলেন, ‘হোটেল নির্মাণে নিম্নমানের রড, সিমেন্ট ও বালু ব্যবহার করা হয়েছে। এতে ভবনটি ঝুঁকির মুখে পড়বে। ক্ষতিগ্রস্ত হবে গ্রাহকেরা। তাই প্রতিকার চাইতে মামলা করা হয়েছে। তা ছাড়া চুক্তির মেয়াদ শেষ হলেও নবায়ন করা হচ্ছে না। এখন উল্টো সন্ত্রাসী দিয়ে আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।’ তিনি ৭০ কোটি টাকা চাঁদা দাবির বিষয়টি অবান্তর বলে উল্লেখ করেন।অনিয়ম প্রসঙ্গে জানতে চাইলে আরএফ বিল্ডার্সের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ১২তলা ভবনের ৯৬ শতাংশের নির্মাণকাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ভবনের দুই শতাধিক গ্রাহক নিম্নমানের কাজ অথবা অনিয়ম নিয়ে এখন পর্যন্ত কোনো আপত্তি করেনি। বরং ভবনের নির্মাণকাজ দেখে তাঁরা সন্তোষ প্রকাশ করছেন। তিনি বলেন, ২০০৮ সালের চুক্তি অনুযায়ী জমির মালিক মনজুর আলম ১২তলা ‘ওয়ার্ল্ড বিচ’ হোটেলের ৩০ শতাংশ পাবেন। বর্তমানে হোটেলে ৩৬৫টি ফ্ল্যাট রয়েছে। হিসাব মতে তাঁরা ১১০টি ফ্ল্যাট বরাদ্দ পেয়েছেন। সম্প্রতি হোটেলটি চালুর উদ্যোগ নিলে তাঁরা আরও ৭০ কোটি টাকা চাঁদা দাবি করেন। এতে অপারগতা প্রকাশ করলে নানা ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এ ব্যাপারে মনজুর আলমসহ জমির মালিকদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা ও একাধিক জিডি করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, অনিয়ম-দুর্নীতির অভিযোগে ১২তলা ভবনের নির্মাণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয় এবং প্রকৌশলী টিটুসহ দুইজনকে গ্রেপ্তার করে। সরকারি প্রকৌশলী দিয়ে ভবন নির্মাণের অনিয়ম খতিয়ে দেখে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে।