আসামি শনাক্ত না হওয়ায় সাড়ে চার বছর আগে আদালতে একটি মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে সম্প্রতি কোতোয়ালি থানার পুলিশ মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদন করে। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুনের ঘটনায় করা ওই মামলার ডকেট (সাক্ষ্য-প্রমাণ ও তথ্যের নথি) পাওয়া যাচ্ছে না।জানা যায়, মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গত সোমবার মামলাটি পুনরুজ্জীবিত করার আদেশ দেন। একই সঙ্গে মামলার সিডি আদালতে উপস্থাপনের জন্য আগের তদন্ত কর্মকর্তাকে ১৫ দিনের সময় দিয়েছেন হাকিম। আদালত সূত্র জানায়, ২০০৪ সালের ২৬ এপ্রিল সন্ধ্যায় নগরের চিটাগাং গ্রামার স্কুলের পাশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. মেজবাহ উদ্দিন ওরফে বাপ্পী খুন হন। চার-পাঁচজন সন্ত্রাসী এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাঁকে খুন করে। এ ঘটনায় মেজবাহর বন্ধু রাজু ছুরিকাহত হন। নিহত মেজবাহের বাবা মো. মহিউদ্দিন মুক্তিযোদ্ধা। জোট সরকারের আমলে প্রভাবশালীদের চাপে এই খুনের রহস্য পুলিশ উদ্ঘাটন করেনি বলে তাঁর অভিযোগ। আদালত সূত্র জানায়, মেজবাহ খুনের ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য তদন্তকারী সংস্থা সিআইডির তৎকালীন পরিদর্শক আনোয়ার হোসেন দীর্ঘ দুই বছর তদন্ত করেন। এতে তিনি কোনো আসামিকে শনাক্ত করতে পারেননি। ২০০৬ সালের ৩০ জুলাই তিনি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন। একই বছরের ২৪ আগস্ট মুখ্য মহানগর হাকিম আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন। পুলিশ সূত্র জানায়, নিহত মেজবাহর বাবা মো. মহিউদ্দিন সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ছেলে হত্যার বিচার চেয়ে মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদন করেন। মহিউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করে বলেন, তদন্তকারী কর্মকর্তা তৎকালীন চারদলীয় জোট সরকারের প্রভাবশালীদের হস্তক্ষেপে কোনো আসামি শনাক্ত করেননি। গোপনে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। এ কারণে চূড়ান্ত প্রতিবেদনের ওপর আদালতে নারাজি আবেদন দেওয়া সম্ভব হয়নি। মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান এ ব্যাপারে গত সোমবার এক আদেশ দেন। এতে বলা হয়, ‘দীর্ঘ চেষ্টা সত্ত্বেও আসামি শনাক্ত না হওয়ায় এ খুনের বিষয়টি সত্য হলেও তদন্ত কর্মকর্তা চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে বাধ্য হন। আর সেই প্রতিবেদন আদালত গ্রহণ করেন। এখন মামলাটির অধিকতর তদন্তে আইনগত কোনো বাধা নেই। আগের তদন্ত কর্মকর্তাকে সিডি দাখিলের জন্য ১৫ দিনের সময় মঞ্জুর করা হলো।’প্রসঙ্গত, তদন্ত কর্মকর্তা মামলা সম্পর্কে মাঠ পর্যায়ে পাওয়া যেসব সাক্ষ্য-প্রমাণ ও তথ্য নথি আকারে সংরক্ষণ করেন, তাই হলো মামলার ডকেট বা সিডি। মেজবাহ হত্যার মামলার এই ডকেট এখন পাওয়া যাচ্ছে না। মহানগর হাকিম চূড়ান্ত প্রতিবেদনের উপসংহারের উদ্ধৃতি দিয়ে আদেশে বলেন, ‘ভবিষ্যতে এই মামলার কোনো তথ্য পাওয়া গেলে মামলা পুনরুজ্জীবিত করে তদন্তকার্য অনুমতির জন্য প্রার্থনা করলাম। মামলার বাদীকে তদন্তের ফলাফল ডাকযোগে জানানো হলো।’ আদেশে আরও বলা হয়, তদন্ত কর্মকর্তার পাঠানো ডাক (চূড়ান্ত প্রতিবেদন) সংবাদদাতা (বাদী) পেয়েছেন কি না—তা বোঝা যাচ্ছে না। তবে নথি পর্যালোচনায় দেখা যায়, সংবাদদাতা তখন নারাজি দেননি। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. আকবর হোসেন মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদন করেন। এতে এক পর্যায়ে উল্লেখ আছে, ‘...স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সহকারী পুলিশ কমিশনারের (প্রসিকিউশন) মতামতের ভিত্তিতে মামলাটি পুনরুজ্জীবিত করে তদন্ত করা একান্ত প্রয়োজন।’