মামলার তদন্ত চলছে ঢিমেতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলাগুলোতে নতুন করে কোনো গ্রেপ্তার নেই। ঘটনার এক মাস পার হলেও পুলিশ এখনো আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, মামলার তদন্ত চলছে ঢিমেতালে। তবে পুলিশ বলছে, তদন্তের কার্যক্রম অব্যাহত আছে।উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তুচ্ছ ঘটনার জের ধরে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ছাত্রশিবিরের দুই নেতা নিহত হন। তাঁরা হলেন ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল শাখার সাধারণ সম্পাদক মাসউদ বিন হাবিব ও জীববিজ্ঞান অনুষদ শাখার প্রচার সম্পাদক মোজাহিদুল ইসলাম। সংঘর্ষের দিন পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাকদসহ ১২ জনকে গ্রেপ্তার করে। এ সংঘর্ষের ঘটনার পর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ১৭ মার্চ পর্যন্ত সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করে।পুলিশ সূত্র জানায়, ওই দিনের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুটি, পুলিশ একটি, ছাত্রলীগ দুটি এবং নিহত মোজাহিদের বাবা একটি করে মোট ছয়টি মামলা করে। যোগাযোগ করা হলে পুলিশের হাটহাজারী সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার বাবুল আকতার প্রথম আলোকে জানান, একটি মামলার প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। অন্য মামলাগুলোর তদন্ত চলছে। তবে নতুন করে কাউকে গ্রেপ্তার করা হয়নি।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবুল হাসনাত মোহাম্মদ সেলিমউল্লাহ বাদী হয়ে হাটহাজারী থানায় দুটি মামলা করেন। এর মধ্যে একটি ছিল প্রক্টর মোহাম্মদ নাসিম হাসানকে পাথর ছুড়ে আহত করার এবং অপর মামলা করা হয় দুই ছাত্র নিহত হওয়ার ঘটনায়। এসব মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। তবে অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে এই দুই মামলায়।এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রথম আলোকে জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা দুটি মামলায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে বলে শুনেছি।জানা গেছে, সংঘর্ষের ঘটনায় নিহত মোজাহিদুল ইসলামকে নিজেদের কর্মী দাবি করে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার কর্মী মাহমুদুল হাসান হাটহাজারী থানায় ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বদিউল আলমসহ ৪৪ নেতা-কর্মীকে আসামি করে মামলা করেন। এ ছাড়া সংঘর্ষের দিন ছাত্রশিবিরের নেতা-কর্মীদের হামলায় গুরুতর আহত ছাত্রলীগের জ্যেষ্ঠ কর্মী রাহাত হোসেন আরও একটি মামলা করেন। এ মামলায় ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২ জনকে আসামি করা হয়।ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মোস্তফা সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগ নেতা-কর্মীদের করা দুটি মামলায় কোনো অগ্রগতি নেই। এ ছাড়া নতুন করে কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এ সুযোগে ছাত্রশিবির আমাদের নেতা-কর্মীদের হত্যাসহ বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছে। আসামিদের গ্রেপ্তার করা হলে শিবির এ ধরনের অপতৎপরতা করতে সাহস পেত না।’ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বদিউল আলম বলেন, ‘মামলা তদন্ত করার ক্ষেত্রে পুলিশের আচরণ দলীয় নেতা-কর্মীদের আচরণকেও হার মানিয়েছে। তাঁরা দলীয় দৃষ্টিভঙ্গির পরিচয় দিচ্ছে মামলা পরিচালনায়। ন্যায়বিচারের স্বার্থে আমরা প্রয়োজনে উচ্চ আদালতে যাব।’এদিকে, সংঘর্ষের দিন রাতে হাটহাজারী থানার উপপরিদর্শক সেন্টু মিয়া বাদী হয়ে আরেকটি মামলা করেন। এ মামলায় ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইমরুল হাসান ও সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ ১২ জনকে আসামি করা হয়। তাঁদের সংঘর্ষের দিন ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার আদালত এই ১২ জনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। জানা গেছে, ছয়টি মামলার মধ্যে একমাত্র এই মামলাটির অগ্রগতি আছে।আদালত সূত্রে জানা গেছে, মোজাহিদের বাবা হুমায়ুন কবির বাদী হয়ে গত ১২ ফেব্রুয়ারি আদালতে একটি মামলা করেন। এ মামলায় ছাত্রলীগের ৪২ নেতা-কর্মীকে আসামি করা হয়। আদালত ৬ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করার নির্দেশ দেন। পুলিশ গত সোমবার আদালতে এ সংক্রান্ত প্রতিবেদন পেশ করে বলে জানান হাটহাজারী সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার বাবুল আকতার।এ ছাড়া ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রকল্যাণ সম্পাদক আজিম উদ্দিন পাটোয়ারি ওইদিনের সংঘর্ষের ঘটনায় আদালতে একটি মামলা করেন। এ মামলায় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মামুনুল হক ছাড়া সাধারণ সম্পাদকসহ ৭২ জনকে আসামি করা হয়। তবে আদালত মামলাটি খারিজ করে দিয়েছে বলে জানান ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বদিউল আলম।