মামলায় অচল পটিয়ার দুই বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলার কারণে স্থগিত হয়ে আছে বিদ্যালয় পরিচালনা কমিটির কার্যক্রম। ফলে শিক্ষক নিয়োগসহ গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। শিক্ষকসংকট প্রকট আকার ধারণ করায় ব্যাহত হচ্ছে লেখাপড়া। এমন পরিস্থিতি বিরাজ করছে পটিয়া সদরের পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় ও পটিয়া শাহ আমির উচ্চবিদ্যালয়ে।
বিদ্যালয় দুটিতে দীর্ঘদিন ধরে নেই প্রধান শিক্ষক। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকেরা কোনোমতে কাজ চালাচ্ছেন। পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষকেরা জানান, ১৮৪৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের সুনামও ছিল শিক্ষাবিস্তারে। কিন্তু ২০০৯ সালে পরিচালনা কমিটি (এডহক) সংক্রান্ত ব্যাপারে চার অভিভাবক সদস্য উচ্চ আদালতে রিট মামলা করেন। আদালত রিট আবেদন গ্রহণ করে এডহক কমিটির কার্যক্রম স্থগিত করেন। এর পর থেকে শিক্ষক নিয়োগসহ গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে পারছে না বিদ্যালয় কর্তৃপক্ষ। বর্তমানে এ বিদ্যালয়ে ১ হাজার ২০০ জন শিক্ষার্থীর জন্য রয়েছে ৯ জন এমপিওভুক্ত ও ১২ জন অস্থায়ী শিক্ষক। কমিটি না থাকায় নতুন এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ করা যাচ্ছে না। ২০০৬ সাল থেকে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, ১৯৮২ সালে পটিয়া সদরের গোবিন্দারখীল এলাকায় শাহ আমির উচ্চবিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ২০০৭ সালে বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনের বৈধতা নিয়ে পটিয়া সহকারী জজ আদালতে মামলা করেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। এতে আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত হয়ে যায়।
মামলাটি এখনো নিষ্পত্তি না হওয়ায় নতুন কমিটি গঠন করা যাচ্ছে না। এতে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষক নিয়োগ ও শিক্ষার উন্নয়নে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারছে না বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী রয়েছে ৮৩৬ জন। ২০ জন শিক্ষক থাকার কথা থাকলেও প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ ছয়জনের পদ র্দীঘদিন ধরে খালি রয়েছে। শিক্ষকের অভাবে দুই বছর আগে বিদ্যালয়ের শিশু শ্রেণি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিবছর কমছে শিক্ষার্থীর সংখ্যাও। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন ১০ জন, অস্থায়ী শিক্ষক রয়েছেন চারজন।
এ বিষয়ে উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা সফিউল আজম বলেন, পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের মামলার রায় হয়ে গেছে। বোর্ডে দাখিল হলে দ্রুত এডহক কমিটি গঠন করা হবে। তবে শাহ আমির উচ্চবিদ্যালয়ের মামলার সমাধান না হওয়া পর্যন্ত কমিটি গঠন সম্ভব নয়। বর্তমানে পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং শাহ আমির বিদ্যালয়ের দায়িত্বে আছেন চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা।
পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুষার কান্তি দাশ বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটি না থাকায় চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের প্রাচীনতম বিদ্যাপীঠটির শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এর পরও বিদ্যালয়ের শিক্ষার্থীরা জেএসসি ও এসএসসি পরীক্ষায় ভালো ফল করছে। বিদ্যালয়ে কমিটি থাকলে শিক্ষা কার্যক্রম বেগবান হতো।
পটিয়া শাহ আমির উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদুল আবছার আমিরী বলেন, কমিটি না থাকায় শিক্ষক নিয়োগ করা যাচ্ছে না। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন করা যাচ্ছে না। এতে পড়ালেখাসহ প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে।