মামলায় তিমাশেঙ্কোর শাপেবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তিমাশেঙ্কোকে ঘিরে থাকে যেন একধরনের জ্যোতিশ্চক্র। সন্তসুলভ ওই বলয়টি তৈরি হয় তাঁর রূপমাধুর্য ও ব্যক্তিত্ব মিলিয়ে। এই মহিমাময় ছবির সঙ্গে মেলানো যায় না আদালতের কাঠগড়া বা দুর্নীতির অভিযোগ। অথচ এটাই বাস্তব সত্য, তিমাশেঙ্কোকে এখন লড়তে হচ্ছে মামলায়। প্রধানমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।গ্রেপ্তার হওয়ার পর কিছুটা যেন ম্লান হয়ে গেছেন তিমাশেঙ্কো। চেহারায় এসেছে বিরক্তির ভাব। এর পরও রূপচর্চা ও বেশভূষায় আগের মতোই চোস্ত তিনি। সম্প্রতি যখন আদালতে হাজির হন, তাঁর মাথায় ছিল সুপরিচিত বেণিশোভিত নিখুঁত ছাদের সেই কেশবিন্যাস। দেখে মনে হচ্ছিল, কারাগার নয়, যেন এইমাত্র মন্ত্রিসভার বৈঠক সেরে এলেন। শুধু বাইরের চেহারায় নয়, ভেতরের যে শক্তির নমুনা আদালতে দেখিয়েছেন তিমাশেঙ্কো, তা ব্যতিক্রমী ঘটনা। তিনি নির্ধারিত আসনে সেই যে বসেছিলেন, শুনানি শেষ না হওয়া পর্যন্ত আর ওঠেননি। বিচারকের সামনে দাঁড়ানোর আনুষ্ঠানিকতার ব্যাপারে তিনি দাপটের সঙ্গে বলেন, ‘আপনার সামনে আমি দাঁড়াব না। এই দাঁড়ানোর অর্থ হবে মাফিয়ার কাছে নতজানু হওয়া।’ বিচারককে তিনি ‘অদৃশ্য শক্তির অর্থে লালিত পুতুল’ বলে অভিহিত করেন। ১৫ দিনের বন্দিজীবন শারীরিকভাবে তাঁকে কিছুটা কাবু করলেও মানসিকভাবে যে এতটুকু দুর্বল করতে পারেনি, এ আচরণেই পরিষ্কার বোঝা গেছে। বিচারক রদিওন কিরেয়েভকে কটুকাটব্য করতেও পিছপা হননি তিমাশেঙ্কো। আদালতে বসেই তিনি টুইটারে লেখেন, ‘বানরের কাণ্ডকারখানা নিয়ে একটি কৌতুক আছে, তা হচ্ছে—এক বানর গ্রেনেড হাতে গাছের ডালে বসে আছে। আর কাটা হচ্ছে সেই ডাল। আমার বিচারক সেই বানরের মতো কেবল গ্রেনেড নিয়ে ডালের ওপর বসে নেই, ডাল কাটার করাতও তাঁর হাতে।’আদালতে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিমাশেঙ্কো। জোর গলায় বলেছেন, এসবের মূলে আছে প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচের প্রতিহিংসা। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে মাত্র ৩ দশমিক ৪ শতাংশ ভোটে হেরে যাওয়ার পর তিমাশেঙ্কো প্রকাশ্যে বলেছিলেন, এবার তাঁকে ইয়ানুকোভিচের প্রতিহিংসার শিকার হতে হবে। ইয়ানুকোভিচ ও তাঁর সমর্থকদের তিনি প্রকাশ্যে ‘অপরাধী’ ও ‘দস্যু’ বলে নিন্দা করেন।তেজস্বিনী তিমাশেঙ্কোর জীবনে জেল-জুলুম নতুন কোনো ঘটনা নয়। ২০০১ সালে তৎকালীন প্রেসিডেন্ট লিওনিদ কুচমারের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী বিক্ষোভ করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। ৪২ দিন কারাগারে থাকতে হয় সেবার। ওই সময় জ্বালানি উপমন্ত্রী ছিলেন তিমাশেঙ্কো। তখন পদও হারান তিনি। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর কুচমারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে থাকেন তিমাশেঙ্কো। ২০০৪ সালে ‘কমলা বিপ্লবের’ মাধ্যমে কুচমার শাসনের অবসান ঘটান। এতে তাঁর সহযোগী ছিলেন ভিক্তর ইয়ুশচেঙ্কো। ২০০৫ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন তিমাশেঙ্কো। ইয়ুশচেঙ্কো হন প্রেসিডেন্ট। কিন্তু কয়েক মাস পরই ইয়ুশচেঙ্কো ও তাঁর দলের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিমাশেঙ্কো। তবে জোরালো তথ্যপ্রমাণ দাঁড় করাতে পারেননি। পরিণতিতে প্রধানমন্ত্রীর পদ হারাতে হয় তাঁকে। আর গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে ইয়ানুকোভিচের কাছে হেরে যান। অনেক বিশ্লেষকের মতে, ইয়ানুকোভিচের প্রশাসন দুর্নীতির মামলা করে তিমাশেঙ্কোর রাজনৈতিক জীবন ধ্বংস করার যে পরিকল্পনা নিয়েছে, পরিণামে তাতে হিতে বিপরীত হতে পারে। গত নির্বাচনে হেরে একটু বেকায়দায়ই ছিলেন তিমাশেঙ্কো। তাঁর সমর্থকেরা অনেকেই হতাশ হয়ে পড়েছিল। কিন্তু যেই তাঁর বিরুদ্ধে মামলা হলো, অমনি তিনি চলে এলেন সংবাদমাধ্যমের শিরোনামে। ইয়ানুকোভিচ ও তাঁর অনুসারীদের উল্টো ‘অপরাধী’ বলার সুযোগ পেলেন তিমাশেঙ্কো। এখন বেশ জোর গলায়ই বলছেন, সুযোগ পেলে দেশকে দুর্নীতিমুক্ত করে তিনি দেখিয়ে দেবেন। প্রচারণাযুদ্ধে এর মধ্যে উল্লেখযোগ্য সাফল্যও পেয়েছেন তিমাশেঙ্কো। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তাঁর গ্রেপ্তার ও বিচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, এই বিচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। পশ্চিমা দেশগুলো চাইছে না তিমাশেঙ্কো কারাগারে থাকুন। এটি অবশ্যই ইয়ানুকোভিচের জন্য বড় ধরনের মাথাব্যথার বিষয়। এমনকি রাশিয়া, যারা বেশির ভাগ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় জোটের বিপরীতে অবস্থান নেয়, তারাও এ বিচার চাইছে না। এতে নতুন করে হালে পানি পাওয়ারই সুযোগ সৃষ্টি হয়েছে তিমাশেঙ্কোর। শরিফুল ইসলাম ভূঁইয়া