মামার দেওয়া জামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

আমাদের পরিবার খুব বেশি সচ্ছল ছিল না। ছোটবেলায় অন্য দশটা বাচ্চাদের মতোই অপেক্ষায় থাকতাম ঈদের জন্য। কারণ আর কিছুই না, নতুন জামা। কোনো বছর হয়তো নতুন জামা পেতাম না, মনটা খুবই খারাপ হতো। তবে আম্মার মায়াবী মুখের বুলিতে সেই দুঃখটাও আমার আনন্দে রূপ নিত।
বয়স তখন সাত বা আট হবে। কোরবানি ঈদের অনেক আগেই জানতে পারলাম এবার ঈদ করছি নানুর বাড়িতে। আনন্দ আর দেখে কে! নিশ্চয়ই এবার একটা নতুন জামা পাব। ঈদের দুই দিন আগেই আম্মা পিঠা-পুলি বানিয়ে রওনা দিলেন মামার বাড়ি।
এক পৃথিবী আনন্দ নিয়ে মামাবাড়ি গিয়ে হাজির। এত আনন্দের মাঝেও আমার দুঃখ বাড়তে লাগল নতুন জামার কোনো দেখা না পেয়ে। আম্মাকে যতই বলি ততই আম্মা আমাকে চুপ করিয়ে দেন। চাঁদরাত চলে এল, ঈদের গরুর দেখা মিলল, আমার নতুন জামার দেখা মিলল না।
চাঁদরাতে হুড়মুড় করে রাত ১০টার পর মেজ মামা এসে বলল, চল মামা, বাইরে যাই। আমার তো মেজাজ তিরিক্ষি অবস্থা। নতুন জামার দেখা তো নেই-ই, এখন আবার আহ্লাদ। মামার সঙ্গে মার্কেটে গেলাম। মামা বলল, জামা পছন্দ কর। অবশেষে আনন্দের জোয়ার আবার বইতে শুরু করল। লাল জামা সঙ্গে লাল জুতো নিয়ে রাত ১২টার পর হইহই করতে করতে বাসায় ফিরলাম।
শার্ট-প্যান্ট এখন নিজের টাকায়ই কেনার সামর্থ্য হয়েছে, কিন্তু মামার দেওয়া সেই লাল জামার আনন্দ আর ভালো লাগা কিছুতেই পাই না।