
ছোট মামার ইয়াসিকা ক্যামেরার প্রতি আমার দুর্বার আকর্ষণ ছিল। মামা সারা গ্রাম ঘুরে ছবি তুলে বেড়াতেন। আমি তাঁর পেছনে আঠার মতো লেগে থাকতাম। সঙ্গী হিসেবে আমাকে বেশ পছন্দ করতেন ছোট মামা। পছন্দ না করে উপায় কী! তাঁর নিজের ছবি তোলার সময় ক্যামেরাটি আমার দিকেই বাড়িয়ে দিতে হতো। ছবি তোলার সময় আমিও অন্য রকম উত্তেজনা অনুভব করতাম। তাই ক্যামেরা হাতে পাওয়ার জন্য মুখিয়ে থাকতাম। বিপত্তি বাধত ক্যামেরার সামনে মামার ‘পোজ’ দেওয়া নিয়ে। কেন জানি সে সময় তঁার হাত-পা শক্ত হয়ে যেত। শত চেষ্টায়ও অন্ধকার মুখে এক চিলতে হাসি আনতে পারতেন না। আর ‘রেডি, ওয়ান, টু, থ্রি...’ বলে ক্লিক করার মুহূর্তে প্রায়ই চোখে পলক পড়ে যেত। পরিণতি যা হওয়ার তা-ই! এভাবে অর্ধেক ফিল্ম নষ্ট হতো।
২.
ফিল্ম কেনার ঝামেলা চুকিয়ে মেমোরি কার্ডওয়ালা ডিজিটাল ক্যামেরা কিনে মামা তাঁর স্ট্যাটাসকে এক ধাপ ওপরে তুলে নিলেন। ফিল্মের হিসাব না থাকায় ইচ্ছামতো ছবি তুলতে লাগলেন। এর মধ্যে মামা ঝুঁকলেন ফেসবুকে। প্রতিদিন অন্তত একটি ফটো আপলোড করার উত্সাহে নিজের ছবি তোলার তাগিদ আগের চেয়ে বেড়ে গেল। তবু আমার ওপর আস্থা হারালেন না। অল্পদিনে কিছু বান্ধবীও জুটিয়ে ফেললেন। তাঁদের পাঠানো বার্তা কাউকে দেখাতেন না। কিন্তু ছবি তোলার সময় মামার অঙ্গভঙ্গিতে যে তাঁদের নির্দেশনার প্রভাব থাকত, তা বেশ বোঝা যেত। অবস্থা এমন হলো, দুজন জরুরি কোনো কাজে বের হয়েছি; হঠাৎ আমাকে থামিয়ে বললেন, ‘দ্যাখ! সিনারিটা কী সুইট! এইখানে একটা ছবি না থাকলে কি চলে? নে, একটা ছবি তুলে দে।’ তাঁর সেই কাঙ্ক্ষিত ছবি পেতে যে কতক্ষণ লাগে, তার ঠিক নেই। দেখা যেত, কোনোটাতে ঘাড় বাঁকা হয়েছে, কোনোটাতে চোখ ছোট। মামার বাতিক দেখে মাঝেমধ্যে আমার ধৈর্যের বাঁধ ভাঙার উপক্রম হতো।
৩.
মামা তাঁর পুরোনো মুঠোফোন পাল্টে যেদিন সেলফি-সুবিধাযুক্ত মোবাইল ফোন কিনলেন, আশ্চর্যজনকভাবে সেদিন থেকে তিনিও বদলে গেলেন। তাঁর ছবি তোলার গতি ও সংখ্যা আগের চেয়ে বাড়ল। ফেসবুককে তটস্থ করে তুললেন মুহুর্মুহু ছবি আপলোড আর প্রোফাইল পিকচার পরিবর্তনের মাধ্যমে। তবে এবার ফুরাল আমার প্রয়োজন। নিজের ছবি নিজে তুলতে পারলে অন্যের দ্বারস্থ কে হতে চায়? আফসোস একটাই, সেলফি আমাকে ফটোগ্রাফার হতে দিল না। উল্টো মামাকে ‘সেলফিশ’ বানিয়ে দিল!
সোহেল নওরোজ
সহকারী নিবন্ধক
বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনা।
সেরা লেখক/আলোকচিত্রী পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।