আব্বা যেদিন সিরাজ মামাকে ‘অকর্মা’ বলে ঘোষণা করলেন, সেদিন আমি ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম। কারণ, আমার চোখে মামা সর্বদাই ব্যস্ত। সকালবেলা বাইসাইকেল নিয়ে বের হতেন, ফিরতেন রাতে। পাড়ার যেকোনো অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন সিরাজ মামা। মামা যখন স্টেজে দাঁড়িয়ে গলা কাঁপিয়ে ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি করতেন, তখন সবার চোখ ছানাবড়া হয়ে যেত। আর আশপাশের দশ পাড়ায় এমন কোনো খেলোয়াড় ছিল না, যে ফুটবল মাঠে মামাকে কাটিয়ে গোল দেয়।কখনো কখনো মামার সাইকেলের পেছনে সওয়ার হতাম আমি। মামা আমাকে নদীতে ঢেউ গোনা শেখাতেন। কখনো বরইগাছ খুঁজে বের করে দিতেন টুনটুনির বাসা। কোনো কোনো দিন খোলা মাঠে শুয়ে তারার দিকে তাকিয়ে মামা শোনাতেন ডালিমকুমারের পক্ষীরাজের গল্প, আবার কখনো কখনো শুধুই সাইকেল নিয়ে ঘুরে বেড়ানো। তাই আমার আট বছর বয়সী চোখ মনে করত, মামা বুঝি কমিকসের বই থেকে উঠে আসা কোনো অবিশ্বাস্য চরিত্র।অথচ সেই মামাকেই আমার বাবা ‘অকর্মা’ উপাধি দিলেন। দ্বিতীয়বার বিএ পরীক্ষায় ফেল করায় মামার শাস্তি ঘোষণা করা হলো, তাঁকে বিদেশে চলে যেতে হবে। মামা মাথা নিচু করে সব মেনে নিলেন। খুব দ্রুতই সব ব্যবস্থা হয়ে গেল। মামার উদাস চোখ কেউ খেয়াল করল না। কিংবা খেয়াল করতে চাইল না। বিদেশে যাওয়ার আগের দিন শেষবারের মতো সাইকেল নিয়ে বের হলাম আমি আর মামা। সারা শহর ঘুরলাম, শেষে একটা গ্যারেজে সাইকেলটা বিক্রি করে দিলেন মামা। তারপর সেই টাকায় আমাকে খুব দামি একটা ফুটবল কিনে দিলেন। নতুন বল পাওয়ার আনন্দে আত্মহারা আমিও মামার চোখের কোনায় নেমে আসা জলটুকু খেয়াল করিনি। স্পর্শ করিনি তার দুঃখটুকু...।পুনশ্চ: এরপর কেটে গেছে অনেক দিন। মামা এখন অনেক করিৎকর্মা হয়েছেন। বিদেশ থেকে ফিরে সাইকেলের বদলে মামা এখন মোটরসাইকেল চালান। কিন্তু সেই মোটরসাইকেলের নিচে পিষ্ট হয়ে গেছে নদীর ঢেউ, টুনটুনির বাসা, ডালিমকুমারের পক্ষীরাজ। তাই মাঝেমধ্যে যখন মামার মোটরসাইকেলের পেছনে সওয়ার হই, তখন মনে হয় আমি বোধ হয় বাইসাইকেল চড়া মামাকেই বেশি ভালোবাসতাম।আদনান শাহরিয়ারবালিয়াপুকুর, রাজশাহী