মামি-ভাগনের লড়াই আবার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সংসদ নির্বাচনে প্রার্থী কে হবেন—এ নিয়ে বান্দরবান জেলা বিএনপিতে নতুন করে শুরু হয়েছে মামি-ভাগনের লড়াই। পাশাপাশি সক্রিয় হয়ে উঠছে তৃতীয় একটি পক্ষ। এভাবে কোন্দল চলতে থাকলে তা আগামী নির্বাচনে ক্ষমতাসীন দলকেই সুবিধা করে দেবে বলে দলের স্থানীয় নেতা-কর্মীরা মনে করছেন।দলীয় সূত্রে জানা যায়, বোমাং রাজপরিবারের মামি-ভাগনে সম্পর্কের দুই প্রভাবশালী সদস্যের সংসদ সদস্য প্রার্থী হওয়ার আকাঙ্ক্ষা থেকে দেড় দশক আগে জেলা বিএনপিতে বিভক্তি দেখা দেয়। এর জের ধরে সেই সময় থেকে প্রতিটি জাতীয় নির্বাচনে বান্দরবানে বিএনপির প্রার্থী পরাজিত হয়ে আসছেন। ২০০৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ভাগনে সাচিং প্রু জেরী। ওই সময় নিষ্ক্রিয় ছিলেন মামি মাম্যাচিং। নির্বাচিত হন আওয়ামী লীগের বীর বাহাদুর। নির্বাচনে ভরাডুবির পর মামি-ভাগনের মধ্যে বিরোধিতা থেমে গেছে বলে মনে করা হলেও বর্তমানে তা নতুন করে শুরু হয়েছে। এতে হতাশ হয়ে পড়েছেন স্থানীয় নেতা-কর্মীরা। জানা যায়, মাম্যাচিং ও সাচিং প্রু জেরীর পক্ষ ছাড়াও জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মহতুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুসার নেতৃত্বে আরেকটি পক্ষ সক্রিয় হয়ে উঠেছে। যদিও পক্ষটির জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে তেমন প্রভাব নেই। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, আগামী নির্বাচনে মামি-ভাগনে দুজনই সংসদ সদস্য প্রার্থী হতে আগ্রহী। ভাগনে জেরী জেলা কমিটির সভাপতি হিসেবে বিভিন্ন এলাকা সফরের মাধ্যমে সাংগঠনিক কাজ চালিয়ে যাচ্ছেন। মামি মাম্যাচিংও সম্প্রতি মাঠে নেমেছেন। বিভিন্ন স্থানে দলের সম্মেলন উপলক্ষে যোগ দিয়ে নিজের পক্ষে জনমত গঠনের চেষ্টা করছেন তিনি। উভয় পক্ষের সমর্থকেরা মনে করছেন, আগামী নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যেই তাঁরা মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। এ অবস্থায় শেষ পর্যন্ত কে হবেন প্রার্থী—এ নিয়ে দুজনের মধ্যে শুরু হয়েছে স্নায়ুযুদ্ধ। এ প্রসঙ্গে মাম্যাচিং বলেন, ‘এখন নির্বাচনের বিষয় নয়, দলের জন্যই কাজ করছি। একজন সক্রিয় রাজনীতিক হিসেবে আমি অবশ্যই সংসদ সদস্য প্রার্থী হতে চাইব। কিন্তু এ ব্যাপারে চূড়ান্তভাবে কেন্দ্রের সিদ্ধান্তই মেনে নেব।’ এদিকে মাম্যাচিংয়ের অনুসারী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, জেরীর লোকজন সম্প্রতি লামা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মেলনে বাধা দিয়েছেন। গত ২২ ডিসেম্বর জেলা শহরে তাঁতী দলের মানববন্ধন কর্মসূচিতেও মাম্যাচিংয়ের উপস্থিতির কথা জানতে পেরে জেরীর লোকজন ব্যানার কেড়ে নিয়েছেন। জেরীর অনুসারী লামা উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র আমির হোসেন স্বেচ্ছাসেবক দলের সম্মেলনে বাধা দেওয়ার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘স্বেচ্ছাসেবক দলের উপজেলা সম্মেলন সম্পর্কে আমরা কিছু জানি না। শুনেছি, কিছু দলছুট লোকজন নিয়ে সম্মেলনের নামে মাম্যাচিং লামা সফর করেছেন।’ দলের ভেতর এমন কোন্দলে হতাশা প্রকাশ করে রোয়াংছড়ি উপজেলা বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মানুষ এখন পরিবর্তন চায়। ২০০৮ সালের নির্বাচনের পর স্থানীয় বিএনপিতে ঐক্যের সূচনা দেখে এলাকার মানুষ বিএনপির ওপর আস্থাশীল হয়ে উঠেছিল। কিন্তু এখন যে অবস্থা, তাতে ১৮ দলের দাবি অনুযায়ী নির্বাচন হলেও বিএনপির ভবিষ্যৎ অন্ধকার।’ তাঁর মতে, মাম্যাচিং নির্বাচনী প্রচারণা নয়, সবাইকে নিয়ে দলের জন্য একসঙ্গে কাজ করতে চান। কিন্তু কেউ আলাদাভাবে কাজ করলে তাঁর কিছু করার নেই। জানতে চাইলে সাচিং প্রু জেরী বলেন, ‘আমি জেলা সভাপতি হিসেবে জেলার সাংগঠনিক কাজ করে যাচ্ছি।’ কেন্দ্র থেকে তাঁকেই সংসদ সদস্য প্রার্থী করা হবে উল্লেখ করে জেরী বলেন, ‘এটা নিশ্চিত যে, আমি ছাড়া কাউকে প্রার্থী করা হবে না। বিএনপি ক্ষমতায় গেলে মামির নারী সাংসদ হওয়ার সুযোগ রয়েছে।’