মামুনের গবেষণা নিয়ে বিশেষজ্ঞদের কথা

আবদুল্লাহ সে সময় গবেষণার এমন কোনো বিষয় খুঁজছিল, যা তাকে অনুপ্রাণিত করবে। আমার পিএইচডি গবেষণার বিষয় ছিল ব্রেইন কম্পিউটার ইন্টারফেস। সে কথা তাকে জানাতেই সে বেশ উত্তেজিত হয়ে উঠেছিল। এরপর আমরা বেশ কয়েকবার আলোচনায় বসেছি। বিসিআই নিয়ে ঠিক কী ধরনের কাজ করা যেতে পারে, তা ঠিক করেছি। শিল্পমনা আবদুল্লাহকে বলেছিলাম একটি বিসিআই নকশা করতে। আমার এখনো মনে আছে, বাংলা ভাষায় কাজ করার উপযোগী একটি বিসিআইয়ের নকশা করতে সে খুব পরিশ্রম করেছিল।
ইংরেজি বাদে অন্য কোনো ভাষার জন্য তৈরি বিসিআই থেকে ঠিকঠাক কাজ পেতে হলে ক্যারেক্টার ম্যাট্রিকস বা অক্ষরের বিন্যাস খুব উন্নত মানের হতে হবে। এ ক্ষেত্রে বাংলা ভাষাভাষীদের জন্য আবদুল্লাহর গবেষণা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
ড. জাফর ইশ্চান
রিসার্চ ফেলো, সেন্টার ফর কগনিশন অ্যান্ড ডিসিশন মেকিং
হায়ার স্কুল অব ইকোনমিকস, দ্য ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি, রাশিয়া।
সাবেক শিক্ষক, ইস্তাম্বুল টেকনিক্যাল ইউনিভার্সিটি।
প্রতিবন্ধী মানুষের জন্য বাংলা শব্দ বোঝার বিষয়ে যেহেতু আগে কেউ কোনো গবেষণার কাজ করেনি, তাই মামুনের বাংলা ব্রেইন কম্পিউটার ইন্টারফেসের কাজটা খুবই ভালো ও উপকারী। এটি প্রতিবন্ধী সাধারণ মানুষের জন্য বেশ কাজে লাগবে।
ড. খন্দকার সিদ্দিক-ই রব্বানী
সাম্মানিক অধ্যাপক
বায়োমেডিকেল ফিজিকস অ্যান্ড টেকনোলজি বিভাগ,
ঢাকা বিশ্ববিদ্যালয়।
মস্তিষ্ক থেকে সংকেত নিয়ে ইমোটিভ যন্ত্র দিয়ে কিছু লেখার কাজ বিভিন্ন জায়গায় হচ্ছে। একেকটা অনুভূতির প্রকাশ আর কিছু লেখা। একটা একটা করে শব্দ তৈরি হয়। সেই শব্দগুলো হলো অনুভূতির প্রকাশ। সেই শব্দগুলো লেখা হবে বাংলায়। এই কাজটি করেছেন এস এম আবদুল্লাহ আল মামুন। বাংলার বিষয়টা এ রকম কাজে নতুন।
ড. খলিলুর রহমান
সহযোগী অধ্যাপক, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়।