মোহাম্মদপুরের টাউন হল বাজারের সামনের রাস্তাটা বহুরূপী। সকালে যখন স্কুলের সময়, তখন এই রাস্তার কাছে যেকোনো কাছিমই হার মানবে। ঘড়ির দিকে তাকিয়ে বিরক্তিতে দুই দিকে মাথা ঝাঁকিয়ে রিকশা, সিএনজি, গাড়ি থেকে নেমে পড়ছেন অভিভাবকেরা, সন্ত্তানসমেত। তারপর দ্রুত পা চালিয়ে পৌঁছে যাচ্ছেন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল, গ্রিন হেরাল্ড, সেন্ট পলস অথবা সেন্ট যোসেফ স্কুলে। সময় এখানে যন্ত্রযানের সঙ্গে থমকে দাঁড়ায়। হাঁটাপথে থাকে গতি।একটু পরেই, যখন অফিসযাত্রী ও স্কুলের শিক্ষার্থীরা পৌঁছে গেছে গন্তব্যে, তখন এই রাস্তাটা ধু-ধু করে। এ সময় যন্ত্রযানগুলো যেকোনো গতিতেই পার হয়ে যেতে পারে টাউন হল বাজার। দুপুরে আবার কাছিম, বিকেলে আবার খরগোশ। রাস্তাটি এভাবেই তার দিনলিপি লিখছে।এই রাস্তায়ই টাউন হল বাজারের উল্টো দিকে কয়েকটি মোটর ওয়ার্কশপ। তারই একটিতে বসে থাকেন মামুন। ওঁর চোখ থাকে গাড়ির দিকে। মামুন গাড়ির কারিগর। মূলত, গাড়ির বিদ্যুৎ লাইনের ঝুট-ঝামেলা মেটাতে তিনি ওস্তাদ। টাউন হলের সামনের রাস্তাটা যথেষ্ট প্রশস্ত। কিন্তু রাস্তার দুই ধারেই গাড়ি পার্ক করে রাখলে তা সংকীর্ণ মনে হয়। যারা এই প্রশস্ত রাস্তাটিকে সরু করছে, তাদের অনেকেই মামুনের খদ্দের। গাড়ি চালাতে চালাতে হঠাৎ তারা আবিষ্কার করে যে হর্ন বাজছে না, কিংবা ইন্ডিকেটর কাজ করছে না। অথবা ব্রেক লাইটটি সমস্যা করছে—তখন মামুনই ভরসা। দ্রুত হাতে মামুন গাড়ির বিদ্যুৎলাইন ঠিক করে দেন। কখনো বেজে ওঠে মুঠোফোন। বাড়ি গিয়ে কাজ করে আসার অনুরোধ জানায় কেউ কেউ। মামুন তখন ভাবতে বসেন, এখানে বসে থাকলে আয় বেশি হবে, নাকি বাড়িতে গিয়ে কাজ করে এলে...সমীকরণ মিলে গেলে যেকোনো একটি সিদ্ধান্ত নেন। যদি বাইরে যেতেই হয়, তাহলে মালিককে বলে যান, ‘কোনো গাড়ি আইলে মোবাইলে ফোন কইরেন।’একটি ছোট্ট গাড়ির হর্ন ঠিক করে সোজা হয়ে দাঁড়ালেন মামুন। মুখে কাজ শেষ করার তৃপ্তি।‘কত দিন এই কাজ করছেন?’ প্রশ্ন করি।‘এই তো, আড়াই বছর।’‘এই কাজ করে মজা পান?’‘মজা না পাইলে কি করতাম? আমি তো গাড়ির চেসিসে ইলেকট্রিকের কাজ করি। কাজটা ভালো লাগে বইলাই করি।’‘দিনে কতগুলো গাড়ি আসে?’‘হিসাব নাই। পাঁচ-ছয়টাও আসে, আবার কোনো কোনো দিন বেশিও আসে।’‘আপনি থাকেন কোথায়?’‘এই মোহাম্মদপুরেই। তাজমহল রোডে।’‘বয়স কত আপনার?’‘তেইশ।’ ‘সপ্তাহে কত দিন কাজ?’‘সাত দিনই। শুক্রবারেও কাজ থাকে। গাড়ি তো আর ছুটির দিন দেইখ্যা নষ্ট হইব কি হইব না তা ঠিক করে না।’‘সারা দিন কাজ করলে চলে? কোথাও ঘুরতে যান না?’‘ঘুরতেটুরতে যাই। কিছুদিন আগেও গেছিলাম।’কিছুদিন আগে কোথায় ঘুরতে গিয়েছিলেন তা মনে করতে পারলেন না মামুন।‘সিনেমা দেখেন?’‘হ্যাঁ, সিনেমা দেখি। এই তো, কিছুদিন আগে একটা হিন্দি ফিল্ম দেখছি।’‘কোন সিনেমা?’এবার সিনেমার নামটাও মনে করতে পারেন না মামুন। শুধু বলেন, ভালো সিনেমা।তার মানে, গাড়ি সারানোর কাজ ছাড়া আর কোনো কাজে তিনি আনন্দ পান না। মামুনের পোশাকে তাঁর রুচিবোধটাও ফুটে উঠেছে। গাড়ির কারখানায় মবিল-তেল-জলে একাকার হওয়া মিস্ত্রির মতো চেহারা ওঁর নয়। কাজও যখন করেন, তখন শরীরে কালি-ঝুলি লাগতে দেন না। নিখুঁত পারিপাট্যের দিকে নজর আছে ছেলেটার।‘বিয়ে করেছেন?’‘নাহ!’‘খাওয়াদাওয়া করেন কোথায়?’‘বাড়িতেই করি। বাড়িতে সবাই আছে। মা বাবা ভাই বোন...।’‘এই কাজই করবেন সারা জীবন?’‘এইটা ছাড়ব না। তবে সাথে সাইড বিজনেস করব।’কোন ‘সাইড বিজনেস’ করবেন, জিজ্ঞেস করলেও কিছু ঠিক করে উঠতে পারেন না মামুন। আসলে গাড়ির বিদ্যুৎলাইন তাঁকে সম্মোহিত করেছে। এটা ছেড়ে আর কিছু ভাবার অবকাশ নেই তাঁর।টাউন হল বাজারের রাস্তা আবার কাছিম। স্কুল ছুটির সময় হয়েছে। মামুনের দৃষ্টি তখন আবার রাস্তায়। চলন্ত গাড়িগুলোর দিকে তাকিয়ে থাকেন মামুন। বরাবর এই সময়টিতে গাড়ির অপেক্ষায় থাকেন তিনি। নিপুণ হাতে সেই গাড়ি ঠিক করে শান্তি পান তিনি।