মায়াময় ছায়াময় তরুপল্লব
প্রকৃতির কাছাকাছি না গেলে ভালোভাবে চেনা যায় না ফুল, পাখি বা প্রকৃতি। নতুন প্রজন্মকে নিবিড়ভাবে সেই প্রকৃতির সান্নিধ্যেই নিতে চেয়েছিলেন কয়েকজন প্রকৃতিপ্রমী লেখক ও গবেষক। যাঁদের হাত ধরেই পরবর্তীকালে যাত্রা করে ‘তরুপল্লব’। প্রকৃতি পাঠে মনোযোগীদের সংগঠনটি তাই বলে, সবুজে–শ্যামলে বাঁচুক প্রাণ।
সবুজে–শ্যামলে বাঁচার প্রত্যয়েই দিনে দিনে বৃক্ষপ্রেমী মানুষেরা যুক্ত হয়েছেন তরুপল্লবের সঙ্গে। বরেণ্য নিসর্গপ্রেমী প্রয়াত অধ্যাপক দ্বিজেন শর্মা যে সংগঠনের স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে ২০০৮ সালের ৫ ডিসেম্বর থেকে তিনি যেটি এগিয়ে নিয়েছেন অনেকটা পথ, ‘গাছ দেখা, গাছ চেনা’ অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু হওয়া সেই সংগঠন জড়িয়েছে নানা কার্যক্রমে। সে যাত্রায় গত ডিসেম্বরে এক যুগ পূর্ণ করল তরুপল্লব। যুগপূর্তি উপলক্ষে সংগঠনটি প্রকাশ করেছে ‘বিশ্ব ভরা প্রাণ’ নামে একটি বিশেষ সংকলন। প্রতিষ্ঠার গল্পটুকু সেই সংকলন থেকেই জানা। ২৪০ পৃষ্ঠার সেই প্রকাশনায় কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষকসহ নানা পেশার প্রকৃতিপ্রেমীদের কলমে জানা গেল তরুপল্লব নিয়ে স্মৃতিচারণা, বিচিত্র অভিজ্ঞতার কথা।
গাছ দেখা, গাছ চেনা অনুষ্ঠানের মাধ্যমে শুরু হওয়া তরুপল্লব এখন বিভিন্ন নার্সারিতে যাঁরা গাছের চারা তৈরি করেন, তাঁদের দেশীয় ভালো গাছের চারা বেশি পরিমাণে তৈরি করতে অনুপ্রাণিত করতে কর্মশালা আয়োজন করে, ‘প্রকৃতিপত্র’ নামে তাদের রয়েছে প্রকাশনা, আয়োজন করে বৃক্ষরোপণ কর্মসূচির, রঙিন উদ্যান তৈরিতে অবদানও কম নয়, প্রতিবছর প্রকৃত মাধবী ফুল চেনানোর জন্য রাজধানীর রমনা পার্কে মাধবীবরণ অনুষ্ঠানের মতো ব্যতিক্রমী আয়োজনও আছে তরুপল্লবের। দেশের নিসর্গীদের সম্মান জানানোর কাজটিও ভোলেনি তরুপল্লব, ২০১৮ সাল থেকে ‘তরুপল্লব দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার’ প্রবর্তন করেছে সংগঠনটি।
তরুপল্লবের সভাপতি ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘আগামী প্রজন্ম যেন প্রকৃতির মাঝে জীবনের পরিচর্যা করে সত্য ও সুন্দরের সাধক হয়, সেই চেষ্টাই করছে তরুপল্লব। বৃক্ষনিধনের কত কত ঘটনা ঘটে আমাদের দেশে। পরিবেশ নিয়ে আমাদের সচেতনতা কম, মানুষের মধ্যে আরও সচেতনতা বাড়াতে হবে। তরুপল্লবের সঙ্গে যুক্ত থেকে প্রকৃতির জন্য আমার দায়িত্ব পালন করছি।’
১২ বছর পেরিয়ে নানাবিধ কাজ করে আসা তরুপল্লব নিয়ে বিস্তৃত পরিকল্পনা আছে সংগঠনের সদস্যদের। সংগঠনটির সাধারণ সম্পাদক মোকারম হোসেন যেমনটি বলছিলেন, ‘তরুপল্লবের কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দিতে আমরা জেলায় জেলায় কমিটি গঠনের কাজ করছি। আমরা মানুষকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে প্রকৃতি পাঠ করাতে চাই। এ নিয়ে স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনাও আছে আমাদের।’
প্রকৃতি নিয়ে এত ভাবনা যে সংগঠনের, তার সঙ্গে তো প্রকৃতিপ্রেমীদের নিবিড় সখ্য গড়ে উঠবেই। সেই প্রতিধ্বনিই যেন যুগপূর্তির প্রকাশনায় লুৎফর রহমান রিটনের ছড়ায় পাওয়া গেল, ‘সবুজ দেখবি যদি আয় আয় আয়/ চিরহরিৎ-এর দেশ প্রিয় বাংলায়।/ অপরূপ সবুজের গাঢ় উৎসব/ মায়াময় ছায়াময় তরুপল্লব।’ সত্যিই তরুপল্লব যেন সবুজে মায়াময় ছায়াময়।