মায়ের জন্য চমক!

ড়ি ফিরেই খুব নুডলস খেতে মন চাইছে। মা-ও মাত্র ফিরলেন অফিস থেকে। মাকে বলতে ইচ্ছা করল না। মেয়ে নিজেই চলে গেল রান্নাঘরে। গিয়ে দেখে, চুলায় সেদ্ধ হচ্ছে নুডলস। মা পেঁয়াজ কাটছেন। তিন মিনিটেই প্লেটে হাজির হবে মায়ের হাতের মজাদার নুডলস। মেয়ের বিস্ময় আকাশে—মা, তুমি বুঝলে কী করে আমার নুডলস খেতে এত মন চাইছে! মুচকি হাসিতেই মায়ের উত্তর।এর বিপরীত ঘটনাও কি ঘটে? এমন কোনো দিন থাকে, যেটা শুধু মায়ের জন্যই? সেদিন মা যা পছন্দ করেন শুধু তা-ই করা হবে, মা যা ভালোবাসেন তা-ই রান্না হবে। আর এর বিন্দুবিসর্গও আগে থেকে জানানো হবে না তাঁকে। পুরোটাই চমক!মাকে চমকে দেওয়া, সে কি সহজ কাজ! মা তো সবই জানেন, সবই বোঝেন। মা নিজের কাঁধে তুলে নেন পরিবারের অন্যদের ভালো রাখার দায়িত্ব। কিন্তু মাকে ভালো রাখার জন্য সন্তানেরাও কিছু কাজ করতে পারেন।আর মাকে খুশি করাই নাকি সবচেয়ে সহজ। একটু শুধু সময় দিলেই হলো। কথা হয় উদ্যোক্তা নাসিরা মানসুরের সঙ্গে। তিনি বলেন, ‘আমার পরিচিত এক মেয়ে শনিবার দিনটা রাখত তার মায়ের জন্য। এদিন সে মাকে নিয়ে বেড়াতে যেত, মায়ের সঙ্গে গল্প করত ও তাঁর কাজে সাহায্য করত। সেই মা যে কত উচ্ছ্বাস নিয়ে আমাদের সেসব গল্প শোনাতেন। নিজে মা হিসেবে বলতে পারি, সন্তান যদি একটু পাশে বসে থাকে, তাহলেই মায়ের শান্তি।’
বাজার থেকে হুট করে কোনো কিছু কিনে আনা নয়, বরং উপহার দিতে চাইলে একটু ভেবেচিন্তে মায়ের জন্য কিছু তৈরি করে দেওয়াই ভালো। নাসিরা মানসুরের মেয়ে একবার তাঁকে শুকনো বীজ দিয়ে তৈরি করে দিয়েছিল লকেট, তাতে তাঁর নামের আদ্যক্ষর ‘এন’ লেখা। সেই উপহার সবাইকে দেখিয়েছিলেন তিনি।
ছোটরা তো কিছু না কিছু বানিয়ে দিতে পারে, এঁকে দিতে পারে।
আর বড় যাঁরা, ব্যস্ত যাঁরা, তাঁরা একটু সময় রাখুন মায়ের জন্য। একদিন নাহয় বাড়ির সব কাজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। সেদিন মায়ের অবসর। মায়ের পছন্দের রান্না করে তাঁকে তাক লাগিয়ে দিতে পারেন।
মায়ের পুরোনো বান্ধবীকে বাড়িতে দাওয়াত দিতে পারেন। অনেক দিন হয়তো তাঁর সঙ্গে দেখা হয় না। বন্ধুকে পেয়ে মা যাতে সব চিন্তা বাদ দিয়ে তাঁর সঙ্গেই সময় কাটাতে পারেন, সেই ব্যবস্থাও করে রাখুন। মায়ের অন্য কাজগুলো যাতে ঠিকঠাক হয়ে যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে আপনাকেই।
মায়ের সঙ্গে একটা দিন বেরিয়ে পড়তে পারেন।
সকালেই নাহয় বলেই দিলেন, মা আজকের দিনটা শুধু তোমার আর আমার। ভালো একটা সিনেমা দেখে মাকে নিয়ে একটু কেনাকাটা করে সেদিনটা নাহয় বাইরে খেয়েই বাড়ি ফিরলেন।