মা রোজই মজার সব খাবার তৈরি করে খাওয়াচ্ছেন। মা দিবসে নিজেই রান্না করে মাকে চমকে দিতে পারেন। আগামী রোববার মা দিবস। শুক্র-শনি দুটো দিন তো সময় পাচ্ছেনই প্রস্তুতি সেরে নেওয়ার। একবেলার খাবার তৈরি করে মাকে নিয়ে ইচ্ছামতো আড্ডা জমান খাবার টেবিলে। ফল ও সবজির সালাদউপকরণ: শসা জুলিয়ান বা লম্বা লম্বা করে কাটা সিকি কাপ, গাজর কিউব করে কাটা সিকি কাপ, ফুলকপি ছোট করে কাটা সিকি কাপ, সেদ্ধ আলু কিউব করে কাটা আধা কাপ, লাল ও সবুজ ক্যাপসিকাম ছোট করে কাটা আধা কাপ। আপেল, আম, তরমুজ, আঙ্গুর ইত্যাদি ফল কিউব করে কাটা সিকি কাপ করে (ইচ্ছামতো ফল দেওয়া যায়), পেঁয়াজপাতা, পুদিনাপাতা, গোলমরিচ গুঁড়া, লবণ, চিনি স্বাদমতো।প্রণালি: ফুলকপি ও গাজর আধা সেদ্ধ করে রাখতে হবে। সব ফল ও সবজিতে লবণ, লেবুর রস ও চিনি মাখিয়ে রেফ্রিজারেটরে রাখতে হবে।ক্রিম ডেসিংয়ের উপকরণ: পানি ঝরানো টকদই আধা কাপ, ফ্রেঞ্চ ড্রেসিং ২ টেবিল-চামচ, সরিষা বাটা ২ চা-চামচ, গারলিক সস ১ টেবিল-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, জলপাই তেল ১ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, লেবুর রস ১ টেবিল-চামচ, মধু ২ টেবিল-চামচ।প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে ঠান্ডা সালাদের ওপর ঢেলে পরিবেশন করতে হবে। চাইলে একটি ছোট কাপে নিয়ে সালাদের পাশে রেখে পরিবেশন করা যায়।মধু দই ব্রুলেউপকরণ: পানি ঝরানো টকদই ১ কাপ, ফ্রেশ ক্রিম আধা কাপ, মধু ২ টেবিল-চামচ, আইসিং সুগার ২ টেবিল-চামচ, লেমন রাইন্ড বা লেবুর খোসা কুচি ১ চা-চামচ, ব্রাউন সুগার ২ টেবিল-চামচ, কমলার রস পরিমাণমতো।প্রণালি: বাটিতে ক্রিম, আইসিং সুগার, কমলার রস খুব ভালো করে বিট করে টকদই ও লেবুর খোসা কুচি দিয়ে আরও কিছুক্ষণ বিট করে ছোট ছোট কাপে ঢেলে ২ ঘণ্টা ফ্রিজে রাখতে হবে। ফ্রিজ থেকে বের করে ওপরে ব্রাউন সুগার ছিটিয়ে প্রিহিটেড ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপে ওপরে হিট দিয়ে ২-৩ মিনিট রাখতে হবে। ব্রাউন সুগার গলে গেলে ওভেন থেকে বের করে ঠান্ডা করে আবার ফ্রিজে রাখতে হবে। ঠান্ডা ঠান্ডা পরিবেশন।টমেটোর দোলমাউপকরণ ১: মুরগির মাংস ছোট করে কাটা আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি ১ চা-চামচ, আদা বাটা সিকি চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, টমেটো সস ২ টেবিল-চামচ, ওয়েস্টার সস ১ টেবিল-চামচ, গরম মশলার গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, তেল ২ টেবিল-চামচ, লবণ স্বাদমতো।প্রণালি: আদা, রসুন, মরিচ গুঁড়া ও ওয়েস্টার সস দিয়ে মাংস মাখিয়ে ২০ মিনিট রাখতে হবে। ওভেন প্রুফ বাটিতে তেল, পেঁয়াজ দিয়ে ওভেনে হাই পাওয়ারে ২ মিনিট রাখতে হবে। বের করে তাতে মাখানো মুরগি দিয়ে ওভেনে ২ মিনিট রান্না করতে হবে। এবার বের করে লবণ, টমেটো সস, গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে দিয়ে আবার ১ মিনিট ওভেনে রান্না করতে হবে।উপকরণ ২: বড় পাকা টমেটো ৪টি, পনির কুচি আধা কাপ, পেঁয়াজ কিমা ২ টেবিল চামচ, আদা বাটা আধা চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, গরম মশলার গুঁড়া আধা চা-চামচ, টমেটো সস ২ টেবিল-চামচ, তেল ২ টেবিল-চামচ, ঘি ১ টেবিল-চামচ, কাঁচা মরিচ ৪টি।প্রণালি: টমেটোর মুখ কেটে ভেতর থেকে শাঁস বের করে টমেটোর গায়ে তেল লাগিয়ে নিতে হবে। টমেটোতে মাংসের পুর ভরে পনির কুচি দিতে হবে। একটি ছড়ানো ওভেন প্রুফ পাত্রে তেল, ঘি, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ঢাকনা বন্ধ করে ২ মিনিট ওভেনে রাখতে হবে। বের করে মরিচ গুঁড়া, গরম মশলার গুঁড়া, টমেটো সস, লবণ দিয়ে আবার ১ মিনিট রান্না করতে হবে। এই পাত্রে আধা কাপ গরম পানি দিয়ে টমেটোগুলো সুন্দর করে রাখতে হবে যেন কাটা দিকটা ওপরের দিকে থাকে। কাঁচা মরিচ দিয়ে ঢাকনা বন্ধ করে হাই পাওয়ারে ১ মিনিট রান্না করতে হবে। নামিয়ে প্লেটে ঢেলে পরিবেশন। চকলেট লেয়ার কেকউপকরণ: ময়দা দেড় কাপ, ডিম ৪টি, চিনি দেড় কাপের একটু কম, মাখন ১০০ গ্রাম, সয়াবিন তেল আধা কাপ, বেকিং পাউডার ১ চা-চামচ, গুঁড়া দুধ ২ টেবিল-চামচ, ভ্যানিলা সিকি চা-চামচ, চকোলেট দেড় প্যাকেট, মাখন ২ টেবিল-চামচ, কোকো পাউডার ২ টেবিল-চামচ। সব উপকরণ সিকি কাপ পানি দিয়ে গুলিয়ে নিতে হবে।প্রণালি: ডিমের সাদা অংশ ফেটিয়ে ফেনা তুলে তাতে চিনি মেশাতে হবে। তারপর কুসুম মেশাতে হবে। এতে ময়দা, গুঁড়া দুধ, বেকিং পাউডার ঢেলে দিয়ে মেশাতে হবে। মাখন ও তেল একত্রে গলিয়ে ডিমের মিশ্রণে মেশাতে হবে। এতে ভ্যানিলা দিতে হবে। তৈরি মিশ্রণ তিন ভাগে ভাগ করে এক ভাগের সঙ্গে কোকো পাউডার মিশিয়ে নিতে হবে। এবার এক ভাগ মিশ্রণ ওভেন প্রুফ পাত্রে বসিয়ে তার ওপর কোকো পাউডারের মিশ্রণ বসাতে হবে। এর ওপর আরেক ভাগ মিশ্রণ দিয়ে মাইক্রোওয়েভে ১০০ ডিগ্রি সেলসিয়াসে ৬ মিনিট বেক করতে হবে। বের করে চকলেট গলিয়ে কেকের ওপর ঢেলে পছন্দমতো সাজিয়ে পরিবেশন।পুরভরা সুগন্ধি ভাতউপকরণ ১: পোলাও চালের ভাত ২ কাপ, মাখন ৫০ গ্রাম, মোজারেলা পনির কুচি করা সিকি কাপ, ঢাকাই পনির কুচি করা আধা কাপ, ডিম ফেটানো ২টি, সয়াসস ১ টেবিল-চামচ, ওয়েস্টার সস ১ টেবিল-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ।প্রণালি: গরম ভাতের সঙ্গে সব উপকরণ মিলিয়ে রাখতে হবে।উপকরণ ২: হাড়ছাড়া মুরগির মাংস ছোট করে কাটা আধা কাপ, বাটন মাশরুম অর্ধেক করে কাটা সিকি কাপ, খোসা ছাড়ানো মাঝারি আকারের চিংড়ি আধা কাপ, ক্যাপসিকাম কুচি আধা কাপ, পেঁয়াজপাতা কুচি ১ আটি, পুদিনাপাতা কুচি ১ আটি, কাঁচা মরিচ কুচি ১ টেবিল-চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, টমেটো কুচি আধা কাপ, টমেটো সস ২ টেবিল-চামচ, সয়াসস ১ টেবিল-চামচ, ওয়েস্টার সস ২ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, তেল ৩ টেবিল-চামচ, আদা বাটা আধা চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, ক্রিম চিজ আধা কাপ, ব্রেডক্রাম ১ কাপ, মাখন ৫০ গ্রাম, গাজর পাতলা করে কাটা সিকি কাপ, বরবটি সিকি কাপ, মটরশুটি সিকি কাপ, ফুলকপি সিকি কাপ।প্রণালি: মুরগি ও চিংড়ি ১ টেবিল-চামচ করে ওয়েস্টার সস, সয়াসস, আদা, রসুন বাটা দিয়ে মাখিয়ে ২০-২৫ মিনিট রাখতে হবে। প্যানে তেল গরম করে মাখানো মুরগি ও চিংড়ি দিয়ে কিছুক্ষণ ভেজে পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে ভাজতে হবে। সব সবজি ও মাশরুম ১ টেবিল-চামচ ওয়েস্টার সস, টমেটো সস দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তাতে ক্যাপসিকাম, টমেটো, গোলমরিচ গুঁড়া, লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। চুলা থেকে নামিয়ে পুদিনাপাতা, পেঁয়াজপাতা, পনির দিতে হবে। ৬ ইঞ্চি গোলাকার বেকিং প্যানে ৫০ গ্রাম মাখন পুরু করে লাগিয়ে ব্রেড ক্রাম দিয়ে হালকা চেপে নিচে এবং চারদিকে বসিয়ে করে কিছুক্ষণ ফ্রিজে রাখতে হবে। ফ্রিজ থেকে প্যান বের করে অর্ধেক ভাতের মিশ্রণ নিচে এবং চারদিকে বসিয়ে নিতে হবে। এর মধ্যে মুরগি, চিংড়ির মিশ্রণ সবটুকু দিয়ে ওপরে বাকি ভাত দিয়ে চেপে চেপে মাইক্রোওয়েভ ওভেনের কম্বিনেশন ২-তে দিয়ে ১৫-২০ মিনিট বেক করতে হবে। নামিয়ে কেটে পরিবেশন।