পাঠকের প্রশ্ন: আইন
মায়ের সম্পত্তি কি বাবার দ্বিতীয় স্ত্রী পাবেন
পাঠকের প্রশ্ন বিভাগে আইনগত সমস্যা নিয়ে নানা রকমের প্রশ্ন পাঠিয়েছেন পাঠকেরা। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা নির্বাচিত প্রশ্নের উত্তর দিয়েছেন এবার।
প্রশ্ন: আমার মা ২০১৩ সালে মারা যান। বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন ২০১৪ সালে। চলতি বছর কোভিড–১৯–এ আক্রান্ত হয়ে আমার বাবা মারা গেছেন। আমার মায়ের নামের সম্পত্তিতে কি আমার বাবার দ্বিতীয় স্ত্রী অংশীদার হবেন?
নাম প্রকাশে অনিচ্ছুক
উত্তর: মৃত স্ত্রীর যদি সন্তান থাকে, তবে স্বামী পাবেন এক–চতুর্থাংশ। সুতরাং আপনার মায়ের মৃত্যুর পর আপনার বাবা এক–চতুর্থাংশ সম্পত্তির মালিকানা পেয়েছেন। এই সম্পত্তি তাঁকে দেওয়ার পর বাকি সম্পত্তি আপনাদের মধ্যে বাঁটোয়ারা হওয়ার কথা।
এখন আপনার বাবার মৃত্যুর পর তাঁর দ্বিতীয় স্ত্রী শুধু আপনার বাবার সব সম্পত্তির (আপনার মায়ের থেকে প্রাপ্ত সম্পত্তিসহ) অংশীদার হবেন। এ ক্ষেত্রে আপনার সৎমায়ের ঘরে আপনার বাবার যদি কোনো সন্তান থাকে, তাহলে সে আপনার বাবার সম্পত্তি থেকে আট ভাগের এক ভাগ (১/৮) সম্পত্তি পাবে।
যদি তাঁদের কোনো সন্তান না থাকে, তাহলে আপনার সৎমা আপনার বাবার সম্পত্তির সিকি (এক–চতুর্থাংশ) ভাগ পাবে। বাকি সম্পত্তি অন্য উত্তরাধিকারেরা পাবে। কাজেই প্রত্যক্ষভাবে আপনার মায়ের সম্পত্তিতে তাঁর কোনো অধিকার নেই।
পাঠকের প্রশ্ন, বিশেষজ্ঞের উত্তর
আইন, ডায়েট এবং মন–সংক্রান্ত যে কোনো প্রশ্ন পাঠক পাঠাতে পারেন। প্রশ্ন পাঠানো যাবে ই–মেইলে, ডাকে এবং প্র অধুনার ফেসবুক পেজের ইনবক্সে। ই–মেইল ঠিকানা: [email protected] (সাবজেক্ট হিসেবে লিখুন ‘পাঠকের প্রশ্ন’)
ডাক ঠিকানা: প্র অধুনা, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০–২১ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।
(খামের ওপর লিখুন ‘পাঠকের প্রশ্ন’) ফেসবুক পেজ: fb.com/Adhuna.PA