মায়ের সঙ্গে সিনেমা বানানো হলো না

কাল ৯ মে রোববার, মা দিবস। মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে বিভিন্ন দেশে মে মাসের দ্বিতীয় রোববার দিনটি পালিত হয়। করোনার দ্বিতীয় ঢেউয়ের দুঃসময়ে এল দিনটি। করোনায় যাঁরা মাকে হারিয়েছেন, এমন তিনজন তাঁদের মায়ের কথা স্মরণ করেছেন। এখানে প্রয়াত অভিনেত্রী সারাহ বেগম কবরীকে নিয়ে লিখেছেন তাঁর ছেলে শাকের চিশতী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা কবরীর সঙ্গে নিজের সমাবর্তন অনুষ্ঠানে ছেলে শাকের চিশতী
সংগৃহীত

লেখাটা যখন লিখছি, তখনো আমার ভেতরটা কান্নায় ভেঙে যাচ্ছে। প্রচণ্ড কষ্ট ও হতাশা ভেতরটা কুরে কুরে খাচ্ছে। মা যখন আইসিইউতে, তখন বলেছিলেন, সুস্থ হয়ে তিনি ঘরে ফিরবেন। সেই কথা তিনি রাখতে পারলেন না। এই ভেবে কিছুটা রাগও হচ্ছে মায়ের ওপর। আমার পুরো পৃথিবীটা যে এলোমেলো হয়ে গেল, জীবন সম্পর্কে আমার মূল্যায়নও বদলে গেল। সবকিছু এত ক্ষণস্থায়ী কেন!

মায়ের বড় কোনো অসুখ ছিল না। কিন্তু এই অতিমারি সব বদলে দিল। কত স্বপ্ন ছিল আমাদের, ছিল পরিকল্পনা। ভেবেছিলাম, করোনাভাইরাসের এই দুঃসময় যখন শেষ হবে, পৃথিবী যখন আগের মতো সুস্থ হয়ে যাবে, তখন সব ইচ্ছা পূরণ হবে। মায়ের সঙ্গে একটা পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানাব। মা চেয়েছিলেন, আমার প্রথম ফিচার ফিল্মে তিনি অভিনয় করবেন, চেয়েছিলেন আমার কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও কাজ করবেন। তিনিই তো আমাকে চলচ্চিত্র নিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন। আমার জীবনের আক্ষেপ থেকে যাবে, মায়ের সঙ্গে একটা সিনেমা বানাতে পারলাম না।

প্রথম যেদিন তাঁর মধ্যে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিল, নিশ্চিত হতে দ্রুত নমুনা পরীক্ষা করালাম। করোনা পজিটিভ এলে হাসপাতালে নিয়ে গেলাম। ভর্তির ব্যবস্থা হলো। প্রতিটি মুহূর্ত তাঁর স্বাস্থ্যের খোঁজ নিচ্ছিলাম। আপনজনকে মানুষ যখন চোখের সামনে কষ্ট পেতে দেখে, তখন এসব সামাজিক দূরত্বের কথা হয়তো ভুলে যায়। মাকে কষ্ট পেতে দেখে আমারও তা–ই হলো।

কিন্তু অদৃশ্য ভাইরাস থেকে মাকে মুক্ত করতে পারলাম না। হাসপাতাল থেকে যখন মায়ের মৃত্যুর সংবাদ আসে, মনে হচ্ছিল, কেউ কোনো নির্মম রসিকতা করছে! দুই সপ্তাহ আগেও যে মানুষটা সুস্থ-সবল ছিলেন, তিনি কীভাবে আমাদের ছেড়ে যেতে পারেন। মা নেই—এই সত্যটা আমি এখনো মানতে পারি না। সত্যটা মনে হলেই ভেতরটায় যেন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়, কিন্তু লাভার বদলে ঝরে অশ্রু। এই শূন্যতা কোনো দিনও পূরণ হবে না। জীবনে কোনো দিন নিজেকে এতটা একা মনে হয়নি।

গত জানুয়ারিতে আমিও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলাম। ভেবেছিলাম, শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, আবার আক্রান্ত হওয়ার আশঙ্কা কম। কিন্তু আবারও আক্রান্ত হলাম। মায়ের শেষ বিদায়ের সময়টা জুড়েই জ্বর অনুভব করছিলাম, কাশিও ছিল। মাকে যখন চিরদিনের জন্য রেখে এলাম, তারপর আমার মনোবল ভেঙে পড়ল, ভেঙে পড়ল শরীরও। অক্সিজেন স্যাচুরেশন দ্রুতই নামতে শুরু করল, কিছু বুঝে ওঠার আগেই নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বিছানায়। হাসপাতালে প্রতিদিন অনুভব করতে থাকলাম, কিছুদিন আগে মাকে যেসব যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছিল, আমি নিজেও তার মধ্য দিয়ে যাচ্ছি।

এখন বাড়িতে আমি। মায়ের মৃত্যুর পর বাড়িতে প্রতিটি মুহূর্তে তাঁর অনুপস্থিতি অনুভব করি, বাড়িটা আগের মতো মনে হয় না। অতীতের স্মৃতিগুলো একদিকে বেঁচে থাকার প্রেরণা জোগায়; ঠিক তারপরই মনে পড়ে, মায়ের সঙ্গে এমন সুন্দর মুহূর্ত আর কাটানোর সুযোগ হবে না।

মা সব সময় বড় কিছু করার স্বপ্ন দেখতেন। তাঁর চারপাশের মানুষদেরও উৎসাহ দিতেন বড় কিছু করার। তিনি নিজের জীবনে যা পাননি, আমাদের তা দেওয়ার চেষ্টা করেছেন। যেমন আমার বিদেশে পড়তে যাওয়া। তবে বিদেশে গিয়েও কখনো মনে হয়নি, মা আমার থেকে অনেক দূরে আছেন, তাঁর ছায়ায় আমি নেই।

জন্মদিন ও ঈদের দিনের মতো বিশেষ দিনগুলোর স্মৃতি আমার কাছে সবচেয়ে মধুর। ঈদের আগের রাতেই মা রান্নার প্রস্তুতি নিতেন, আমরা মসজিদ থেকে ফিরেই যেন পছন্দের খাবারটা টেবিলে পাই, তারই প্রস্তুতি। শুধু আমার মা দেখেই বলছি না, আমাদের কাছের মানুষেরাও একমত হবেন, আমার মায়ের রান্নার হাত ছিল অসাধারণ। প্রতিটি ঈদেই নামাজ শেষে এসেই দেখতাম, মায়ের তৈরি করা নানা পদের খাবার টেবিলে সাজানো। এই রান্না আর সবাইকে খাওয়ানোর ঝক্কি শেষ করেই বসে যেতেন গল্প করতে। দিন কয়েক পরই ঈদ, আমি মেনেই নিতে পারছি না, এই ঈদে মা আমাদের সঙ্গে থাকবেন না।

করোনা পজিটিভ হওয়ার পর আমি নিউমোনিয়ায় আক্রান্ত হই। এখন অনেকটা সেরে উঠছি। তবু মনে পড়ছে, মা কীভাবে আমার অসুস্থতার সময়টায় সেবা করতেন। আসলে মা ছিলেন আমাদের মাথার ওপর ছাতার মতো, যাঁর উপস্থিতি প্রতিটি মুহূর্তেই অনুভব করতে হয়, করছি, চিরদিন করে যাব।

ইংরেজি থেকে অনূদিত