মারডকের ওয়াটারগেট
মার্কিন খ্যাতনামা অনুসন্ধানী প্রতিবেদক কার্ল বার্নস্টাইন ও বব উডওয়ার্ড ওয়াশিংটন পোস্ট-এ থাকতে ওয়াটারগেট কেলেঙ্কারি নিয়ে বেশির ভাগ প্রতিবেদন লিখেছিলেন। সেই বার্নস্টাইন নিউজউইক পত্রিকার জন্য কলম ধরেছেন নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর কেলেঙ্কারি নিয়ে। চলতি বিশ্বের পাঠকদের জন্য তাঁর লেখাটি তুলে দেওয়া হলোটেলিফোনে আড়ি পাতা কেলেঙ্কারি মিডিয়া মোগল রুপার্ট মারডকের সাম্রাজ্যকে কাঁপিয়ে দিয়েছে। তবে এ ঘটনায় ওয়াকিবহাল মহল বিস্মিত নয়। তারা বলছে, এতে শুধু তাঁরাই বিস্মিত হবেন, যাঁরা ইংরেজি ভাষাভাষী দুনিয়ার সাংবাদিকতার ওপর মারডক সাম্রাজ্যের ভীতিকর প্রভাব সম্পর্কে ইচ্ছা করেই চোখ বুজে আছেন। আটলান্টিকের উভয় পারে সাংবাদিকতা ও রাজনীতির ওপর মারডক সংস্কৃতি যে বৃহত্তর ক্ষতি করে আসছিল, সেদিকে গা না করে সাধারণ মানুষের মতো বহু বিদগ্ধজনও তাঁর পত্রপত্রিকার চটুলতায় আমোদিত হয়েছেন। নিউজ অব দ্য ওয়ার্ল্ড কেলেঙ্কারির ঘটনাপ্রবাহের পরিসর চমকে দেওয়ার মতো। হাজার হাজার ব্যক্তির ফোন হ্যাক করা হয়েছে, অর্থাৎ কিনা তাঁদের ফোনে আড়ি পাতা হয়েছে। ধরে নেওয়া হয়েছে, মারডকের মালিকানাধীন রোববারের জনপ্রিয় ট্যাবলয়েড পত্রিকা নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরাই এ কাজ করেছেন। যাঁদের ফোন হ্যাক করা হয়েছে, তাঁদের মধ্যে ছিলেন প্রিন্স উইলিয়াম ও নামী অভিনেতা হিউ গ্র্যান্ট থেকে শুরু করে হত্যাকাণ্ডের শিকার মানুষের শোকাহত পরিবার। ইরাক ও আফগানিস্তানে হতাহত সেনার পরিবারও আড়ি পাতার হাত থেকে রক্ষা পায়নি। গ্রেপ্তার করা হয়েছে সাবেক সম্পাদক অ্যান্ডি কুলসনকে, যিনি একসময় বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মিডিয়া প্রধান ছিলেন। দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার হয়েছেন পত্রিকাটির সাবেক রাজপরিবার-বিষয়ক সম্পাদক ক্লাইভ গুডম্যান। তারপর আছে ৭ জুলাইয়ের নাটকীয় ঘোষণা যে, তিন দিন পরই প্রকাশনা বন্ধ হয়ে যাবে পত্রিকাটির। শত শত কর্মীর বেকারত্ব; ক্যাবল নিউজ কোম্পানি বিস্কাইবির পুরো নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনা ঝুঁকির মধ্যে পড়ে যাওয়া; ঘুষ, আড়ি পাতা ও অন্যান্য নানা ধরনের বেআইনি কাজ; স্কটল্যান্ড ইয়ার্ডের কাজে বাগড়া দিতে লাখ লাখ ই-মেইল মুছে ফেলার অন্যায় তো আছেই—ঘটনা বলে শেষ করা যাবে না।আর এসব কিছুই একজন ব্যক্তি আর মিডিয়া সাম্রাজ্যকে ঘিরে, যুক্তরাজ্যে রাজনৈতিক প্রভাবের ব্যাপারে যাঁদের প্রতিদ্বন্দ্বী বলে কেউ নেই। এই প্রভাব বিশেষ করে (তবে একমাত্র নয়) রক্ষণশীল দলের ওপর। ১৯৬০-এর দশকের হ্যারল্ড উইলসনের আমল ও সত্তরের দশক থেকে প্রায় সব প্রধানমন্ত্রীরই অভিবাদন পেয়েছেন মারডক। গত ১৬ জুন কেনসিংটন গার্ডেনে অনুষ্ঠিত যুক্তরাজ্যের রাজনীতি, গণমাধ্যম ও সামাজিক অভিজাত ব্যক্তিবর্গের সম্মানে মারডকের বার্ষিক গ্রীষ্মকালীন পার্টিতে সস্ত্রীক যোগ দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও বেশ কয়েকজন মন্ত্রী। ছিলেন বিরোধী দল লেবার নেতা এড মিলিব্যান্ডও।মারডকের সাবেক ও বর্তমান অনেক সহযোগী এবং তাঁর জীবনী-লেখকেরা বলেছেন, মিডিয়া মোগলের দীর্ঘদিনের লালিত একটি স্বপ্ন হচ্ছে, আটলান্টিকের অপর তীরে যুক্তরাষ্ট্রেও এ রকম রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাবের অধিকারী হওয়া। দীর্ঘদিন তাঁর এ কাজে সহযোগী ছিল নিউইয়র্ক পোস্ট পত্রিকা। লাভজনক না হলেও খ্যাতি বাড়ানোর জন্য কাগজটিকে কাজে লাগিয়েছেন মারডক। কেবল মার্কিন সাংবাদিকতা নয়, সাংস্কৃতিক অঙ্গনেও ব্যাপক পরিবর্তনে ভূমিকা রাখে এ পত্রিকাটি। নিউইয়র্ক পোস্ট-এর ছয় নম্বর পাতাটি খবর ছাপার ক্ষেত্র যথার্থতা, সত্যতা কিংবা পরিপ্রেক্ষিত নিয়ে একেবারেই উদাসীন। আগে মার্কিন সাংবাদিকেরা ছাপার চিন্তা পর্যন্ত করতে পারতেন না—এমন সব গুঞ্জন আর কানকথাভিত্তিক খবরের ঘাঁটি হয়ে ওঠে ‘পেজ সিক্স’। তবে আমজনতা কেচ্ছা পছন্দ করে বলে প্রচুর পাঠকপ্রিয়তা পায় পেজ সিক্স। এটি গণমাধ্যমের পরচর্চাকরণের মডেলে পরিণত হয়। ১৯৯০-এর দশকে টেলিভিশনেও একই ধরনের কাজ করেন মারডক তাঁর ‘এ কারেন্ট অ্যাফেয়ার’ অনুষ্ঠান দিয়ে। অবশ্য আজকের আরও অনেক নিম্নমানের অনুষ্ঠানের তুলনায় সেটা তেমন কিছু ছিল না।এরপর এল অন্যায্য ও ভারসাম্যহীন রাজনৈতিক পক্ষপাতে ভরা ফক্স নিউজ চ্যানেলের ‘খবর’। আবারও নিম্নমানের সাংবাদিকতায় নিজের প্রতিভা প্রমাণ করলেন মারডক। ফক্স নিউজ চ্যানেলটিও এমন ভিত্তির ওপর গড়া, যার সঙ্গে সাংবাদিকতার সর্বোত্তম ঐতিহ্য, প্রকৃত রিপোর্টিং, মূল্যবোধ ও দায়িত্বশীল সাংবাদিকতার সম্পর্ক সামান্যই বা একেবারেই নেই। সাংবাদিকতার মৌলিক আদর্শের জায়গায় মারডকের নীতি স্থান দিয়েছে পরচর্চা, সুড়সুড়ি দেওয়া ও বানানো বিতর্ককে। ২০০৭ সালে মারডকের বুদ্ধি, ইচ্ছাশক্তি ও অর্থের কাছে আত্মসমর্পণ করে যুক্তরাষ্ট্রের দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর আত্মকলহে বিপর্যস্ত মালিক পরিবারটি। এতে ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমস-এর মতো প্রভাব-প্রতিপত্তিওয়ালা একটি প্রথম শ্রেণীর মার্কিন সংবাদপত্রের মালিক হওয়ার ইচ্ছা পূরণ হয় মারডকের। গত অর্ধ শতকে নিউ ইয়র্ক পোস্ট, ফক্স নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নাল-এর মধ্যবর্তী সময়ে মার্কিন রাজনীতি ও সংবাদমাধ্যমে মারডকের চেয়ে বেশি প্রভাব দেখা গেছে, এমন ব্যক্তিত্ব খুঁজে পাওয়া ভার।কিন্তু সেই রুপার্ট মারডকের বিশাল সাম্রাজ্য এখন এক ভূমিকম্পে টলে উঠেছে। কেউ বলতে পারছেন না, কখন এ ঝাঁকুনি বন্ধ হবে। আমি যেসব ব্রিটিশ সাংবাদিক ও রাজনীতিকের সঙ্গে কথা বলেছি, তাঁরা সবাই একবাক্যে বলেছেন, নিউজ অব দ্য ওয়ার্ল্ড বন্ধ ঘোষণা ও ব্রিটিশ সরকারের তদন্তের ঘোষণা ভূমিকম্পের শুরু মাত্র, শেষ নয়। এখনো দারুণ প্রভাবশালী এ মোগলের ‘উচিত শিক্ষার’ হাত থেকে নিজেদের রক্ষায় এসব রাজনীতিক ও সাংবাদিক কথা বলেছেন নাম না প্রকাশের শর্তে।মারডকের অধীনে কাজ করা এক সাবেক সম্পাদক বললেন, তাঁর মিডিয়া সাম্রাজ্যের ব্রিটিশ অঙ্গ নিউজ ইন্টারন্যাশনাল সব সময় মাফিয়া ধাঁচের মুখ বন্ধ রাখার নীতির ভিত্তিতে কাজ করত। নীতিটা এ রকম, ‘এ পরিবারের বাইরে কাউকে কোনো কিছু বলবে না। তোমার দেখাশোনার দায়িত্ব আমাদের।’ কিন্তু লোকজন এখন চাকরি হারাচ্ছেন। তাঁদের বলির পাঁঠা করা হচ্ছে। এ অবস্থায় তাঁরা কেউ না-কেউ মুখ খুলবেন।নিউজ অব দ্য ওয়ার্ল্ড সব সময় রুপার্ট মারডকের কাছে ছিল ‘আদুরে সন্তান’-এর মতো। এটি ছিল ইংরেজিভাষী বিশ্বে সবচেয়ে বড় পত্রিকাগুলোর অন্যতম। পত্রিকাটি ছাপা হতো ২৬ লাখ।মারডকের সাবেক একজন শীর্ষ নির্বাহী ও এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী বলেন, ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড বড় মাত্রায় ফোনে আড়ি পেতেছে। মারডকই নিউজরুমের এ সংস্কৃতি উদ্ভাবন ও প্রতিষ্ঠা করেছেন। আপনি যা রোপণ করবেন, সে ফলই পাবেন।’তিনি আরও বলেন, মারডক যে সংস্কৃতির উদ্ভাবন করেছেন, তিনি এখন সে সংস্কৃতিরই শিকার। এটি যৌক্তিক সমাপ্তি। মারডক এবং তাঁর শীর্ষপর্যায়ের কর্মকর্তারা আইন ভেঙে ফোনে আড়ি পাতার ব্যাপারে উৎসাহিত করেছেন। তাঁরা বিষয়টি না দেখার ভান করেছেন। সবাই জানেন, একটি সংবাদপত্রের নীতি ঠিক করেন প্রকাশক বা সম্পাদক। নিত্যনৈমিত্তিক আইন ভঙ্গ, পুলিশকে ঘুষ দিয়ে খবর বের করা বা হ্যাকার ও গোয়েন্দাদের কাছ থেকে খবর কেনা সাধারণ সাংবাদিকদের কাজ নয়। সংবাদপত্রের সর্বোচ্চ কর্তৃপক্ষের আশীর্বাদ ছাড়া তা হয় না। আর কাছের লোকজনই বলছেন, এ কথাটি সর্বতোভাবে সত্য মারডকের সাম্রাজ্যের ক্ষেত্রে।শেষ পর্যন্ত কি স্বয়ং মারডকের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হবে? উত্তরটি সম্ভবত ‘না’। মারডক জোরের সঙ্গেই বলে আসছেন, ফোনে আড়ি পাতা ও ঘুষ দেওয়া সম্পর্কে তিনি কিছুই জানেন না, যদিও এটা বিশ্বাস করা কঠিন যে এ ধরনের অপ্রচলিত সংবাদ সংগ্রহের কৌশল ব্যবহার করায় মারডকের সবুজ সংকেত ছিল না। তদন্তকারীরা ইতিমধ্যেই অনেক তথ্য-উপাত্ত জড়ো করেছেন, যা নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর পরিকল্পিত আইন ভঙ্গের অভিযোগের সত্যতাই প্রমাণ করে। ভাষান্তর: দাউদ ইসলাম(ঈষৎ সংক্ষেপিত)